ছবি : সংগৃহীত টানা ছয় কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর দেশের শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির প্রবণতা এবং ব্যাংক ও বিদ্যুৎ খাতের শেয়ারের দর কমায় সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক কমেছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে প্রায় ২৫ শতাংশ। তবে দরপতনের মধ্যেও বস্ত্র খাতের শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ ছিল বেশি।
দিন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮ দশমিক ৪১ পয়েন্ট বা শূন্য দশমিক ১৫ শতাংশ কমে ৫ হাজার ৫৫৭ দশমিক ১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে মোট ৯২০ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ২৪ দশমিক ৫ শতাংশ।
সোমবার ডিএসইতে ১৩২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৯১টির। অর্থাৎ দাম বাড়ার তুলনায় কমেছে বেশি প্রতিষ্ঠানের শেয়ারের। টানা ছয় কার্যদিবস সূচক বাড়ার পর এদিন বাজারে এই মূল্য সংশোধন দেখা যায়।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ৩ নভেম্বরের সর্বনিম্ন অবস্থান থেকে এখনও ২৭৩ পয়েন্ট বা ৫ দশমিক ২ শতাংশ ওপরে রয়েছে ডিএসইএক্স। সাম্প্রতিক উত্থানে লেনদেনের গতিও বেড়েছে। সর্বশেষ ৫ কার্যদিবসে গড়ে প্রতিদিন ৯২৯ কোটি টাকা লেনদেন হয়েছে, যা উত্থানের প্রথম ৫ কার্যদিবসের গড় লেনদেনের তুলনায় ৭১ শতাংশ বেশি। প্রথম ৫ কার্যদিবসে দৈনিক গড় লেনদেন ছিল ৫৪২ কোটি টাকা।
বিদেশিদের শেয়ার বিক্রি অব্যাহত : সোমবারের লেনদেনে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির প্রবণতা অব্যাহত ছিল। প্রাইম ব্যাংক সিকিউরিটিজের বিনিয়োগকারীভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী এদিন বিদেশি বিনিয়োগকারীরা নিট ৫ কোটি ২৫ লাখ টাকার শেয়ার বিক্রি করেছেন। তাদের মোট লেনদেনে অংশ ছিল ১ দশমিক ৫৪ শতাংশ। এদিন বিদেশিরা মোট কেনার তুলনায় বেশি শেয়ার বিক্রি করেন। সর্বশেষ ৫ কার্যদিবসের হিসাবেও বিদেশি বিনিয়োগকারীদের নিট বিক্রির চাপ দেখা গেছে। ১৭ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ৫ কার্যদিবসে বিদেশিরা নিট ৪৮ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার বিক্রি করেছেন।
তবে একই সময়ে খুচরা বিনিয়োগকারীরা নিট ৭৮ কোটি ১১ লাখ টাকার শেয়ার কিনেছেন। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও এদিন নিট ১০ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার কিনেছেন। অন্যদিকে ডিলাররা নিট ১৯ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার বিক্রি করেছেন। অন্যান্য শ্রেণির বিনিয়োগকারীরা নিট ১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার কিনেছেন। এদিন মোট লেনদেনের ৮৮ দশমিক ৫ শতাংশই হয়েছে খুচরা বিনিয়োগকারীদের মাধ্যমে। টাকার অঙ্কে তাদের লেনদেনের পরিমাণ ছিল ৮১৪ কোটি ৯২ লাখ টাকা।
বস্ত্র খাতে লেনদেনের আধিক্য : বাজারে দরপতনের মধ্যেও ব্যতিক্রমী অবস্থানে ছিল বস্ত্র খাত। এদিন ডিএসইর মোট লেনদেনের ২৪ শতাংশ হয়েছে এ খাতের শেয়ারে। খাতটির ২৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, বিপরীতে কমেছে ১৯টির। বস্ত্র খাতে বেশি লেনদেনের মধ্যে সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ৮ শতাংশ, হোয়া ওয়েল টেক্সটাইলের ৮ দশমিক ৪ শতাংশ, এফইকেডিআইএলের ৪ দশমিক ৬ শতাংশ এবং মালেক স্পিনিংয়ের ৩ দশমিক ৮ শতাংশ। তবে মালেক স্পিনিংয়ের শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অন্যদিকে মতিন স্পিনিংয়ের ভাইস চেয়ারম্যান ১৩ কোটি ৫০ লাখ টাকায় প্রতিষ্ঠানটির ১০ লাখ ২৪ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
এদিন বেক্সিমকো লিমিটেডের শেয়ারের দাম বেড়েছে ৫ দশমিক ৮ শতাংশ। তবে ব্যাংক ও বিদ্যুৎ খাতের শেয়ারের দামে দুর্বলতা দেখা গেছে।
বাজারে সামনে যেসব বিষয় গুরুত্বপূর্ণ
বাজারসংশ্লিষ্টদের পর্যবেক্ষণে সামনে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর মধ্যে রয়েছে ডিএসইএক্সের ৫ হাজার ৫৬০ পয়েন্টের অবস্থান ধরে রাখার সক্ষমতা, দরপতনের দিনে লেনদেনের পরিমাণ এবং আগামী ৩০ নভেম্বরের এমএসসিআই সূচকের পুনর্বিন্যাস (রিব্যালান্সিং)। এমএসসিআই সূচকে ছয়টি প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তির বিষয়টিও বাজারে নজর কাড়ছে।
এ ছাড়া বস্ত্র খাতে অতিরিক্ত লেনদেন কেন্দ্রীভূত হওয়া, বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির প্রবণতা, তৈরি পোশাক খাতের অস্থিরতা এবং রাজনৈতিক ঝুঁকিকে সতর্কতার বিষয় হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে বস্ত্র খাতের কিছু শেয়ারের মূল্য-আয় অনুপাত ১৫০ গুণের বেশি হওয়ায় এ খাতে বিনিয়োগের ঝুঁকির বিষয়টিও সামনে এসেছে।
অন্যদিকে বাজারের মূল্যায়ন এখনও আকর্ষণীয় অবস্থানে রয়েছে বলে মনে করছে প্রাইম ব্যাংক সিকিউরিটিজ। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী গত ১৯ নভেম্বর পর্যন্ত বাজারের মূল্য-আয় অনুপাত (পিই রেশিও) ছিল ৮ দশমিক ২ গুণ। এ ছাড়া চলতি বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত নতুন ঋণপত্র (এলসি) খোলার পরিমাণ ২৪ দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রতিষ্ঠানটির মতে, এটি অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরার ইঙ্গিত দিচ্ছে।
সময়ের আলো/প্রিন্ট/এসএকে