প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮:২০ পিএম

চট্টগ্রাম বন্দর। ছবি : সময়ের আলো
চট্টগ্রাম বন্দর। ছবি : সময়ের আলোবন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) ছয় মাস পরিচালনার দায়িত্ব পেয়েছে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড। সোমবার (২৩ নভেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাসনা শারমিন মিথির সই করা এক আদেশে এ সিদ্ধান্তের তথ্য জানানো হয়।
সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে সিসিটির হ্যান্ডলিং কার্যক্রম শুরু করতে পারে ওই প্রতিষ্ঠান। এর আগে সাইফ পাওয়ার টেক লিমিটেডের সঙ্গে বন্দরের চুক্তির মেয়াদ ২ নভেম্বর শেষ হলে তিন সপ্তাহ সময় বাড়ানো হয়েছিল। পরে নতুন করে সাইফ পাওয়ারকে হ্যান্ডলিং কাজ পরিচালনার সুযোগ দেয়া হয়নি।
নতুন দায়িত্ব পাওয়া হ্যান্ডলিং অপারেটর এভারেস্ট পোর্ট সার্ভিস লিমিটেডেরে মালিক লক্ষ্মীপুর-১ আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরে আমার প্রতিষ্ঠান কনটেইনার হ্যান্ডলিংয়ে অভিজ্ঞ। সিসিটি আমরা ছয় মাসের জন্য হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেয়েছি। আমরা প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারব বলে আশা করছি।
বন্দর সূত্র জানায়, সিসিটি পরিচালনা নিয়ে দীর্ঘ সময় ধরে বিতর্ক ছিল। এরই মধ্যে দরপত্রের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নেয় বন্দর কর্তৃপক্ষ। এরপর সিসিটি ছয় মাসের জন্য সীমিত দরপত্রে অপারেটর নিয়োগ করতে গত ১৭ নভেম্বর দরপত্র প্রকাশ করা হয়। গত বৃহস্পতিবার দরপত্র খোলার পর দেখা যায়, এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড, বিঅ্যান্ডএম-ওশেনিয়া জেভি, শামীম এন্টারপ্রাইজ (প্রাইভেট) লিমিটেড ও দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড দরপত্র জমা দিয়েছে। এর মধ্যে সর্বনিম্ন দর ছিল এভারেস্ট পোর্ট সার্ভিসেস। ছয় মাসের জন্য প্রতিষ্ঠানটির প্রস্তাব ৩০ কোটি ১৫ লাখ টাকা।
তবে সিসিটি কোন প্রতিষ্ঠান কতদিনের জন্য পেয়েছে তা বন্দর কর্তৃপক্ষের দায়িত্বশীল কর্মকর্তাদের কেউ কথা বলতে রাজি হননি।
সময়ের আলো/আতা