
দেশের শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে।
দেশের শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। দেশের শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। ব্যাংক খাতের শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫ হাজার ৫৮৮ পয়েন্টে অবস্থান করছে।
একইসঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে, সূচকের উত্থানের বিপরীতে দিন শেষে দরপতন হয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ডিএসইএক্স ৩০ দশমিক ৮৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৫ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৮৮ দশমিক শূন্য ২ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৭৬ কোটি টাকার শেয়ার ও ইউনিট, যা আগের দিনের তুলনায় ১৬ দশমিক ৯ শতাংশ বেশি। ব্লু-চিপ বা বাছাই করা ভালো কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক বেড়েছে শূন্য দশমিক ৭৩ শতাংশ।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ৩ নভেম্বরের সর্বনিম্ন অবস্থান থেকে ডিএসইএক্স সূচক বেড়েছে ৩০৪ পয়েন্ট বা ৫ দশমিক ৭ শতাংশ। সর্বশেষ পাঁচ কার্যদিবসে গড়ে প্রতিদিন ৯৫৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঊর্ধ্বমুখী ধারার প্রথম পাঁচ কার্যদিবসের তুলনায় এ সময়ে গড় লেনদেন বেড়েছে ৭৬ শতাংশ।
এদিন বাজারের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ব্যাংক খাত। মোট লেনদেনে ব্যাংক খাতের অংশ আগের ১২ শতাংশ থেকে বেড়ে ১৭ শতাংশে দাঁড়িয়েছে। এ খাতে লেনদেন হয়েছে ১৮৬ কোটি ৩০ লাখ টাকার শেয়ার।
ব্যাংক খাতের শেয়ারের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে পূবালী ব্যাংকের। প্রতিষ্ঠানটির শেয়ারদর বেড়েছে ৭ শতাংশ। এছাড়া উত্তরা ব্যাংকের ৩ দশমিক ৭ শতাংশ, ডাচ-বাংলা ব্যাংকের ২ দশমিক ৫ শতাংশ, ইস্টার্ন ব্যাংকের (ইবিএল) ২ দশমিক ৫ শতাংশ এবং প্রাইম ব্যাংকের শেয়ারদর ২ দশমিক ৪ শতাংশ বেড়েছে।
অন্যদিকে, বস্ত্র খাতের শেয়ারে আগের দিনের তুলনায় গতি কিছুটা কমেছে। এদিন মালেক স্পিনিংয়ের শেয়ারদর ২ দশমিক ৫ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ২ দশমিক ৭ শতাংশ এবং হোয়া ওয়েল টেক্সটাইলের ৩ শতাংশ কমেছে।
লেনদেনের দিক থেকে এদিন শীর্ষে ছিল একমি পেস্টিসাইড। কোম্পানিটির ৪৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটির শেয়ারদর বেড়েছে ৭ দশমিক ৩ শতাংশ। তবে, সূচকের উত্থান হলেও বাজারের সার্বিক চিত্রে কিছুটা সতর্কতার ইঙ্গিত রয়েছে।
এদিন ডিএসইতে ১৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত ছিল বাকি প্রতিষ্ঠানগুলোর দর। অর্থাৎ, সূচকের উত্থানে সব প্রতিষ্ঠানের শেয়ারের সমান অংশগ্রহণ ছিল না।
বাজার সংশ্লিষ্টদের নজর এখন ডিএসইএক্সের ৫ হাজার ৬০০ থেকে ৫ হাজার ৬৪০ পয়েন্টের অবস্থানের দিকে। গত সেপ্টেম্বরের শেষ দিকে সূচকটি এ পর্যায়ে সর্বোচ্চ অবস্থানে ছিল। মঙ্গলবার লেনদেনের একপর্যায়ে সূচক ৫ হাজার ৬১২ পয়েন্ট পর্যন্ত উঠলেও শেষ পর্যন্ত কিছুটা নিচে নেমে ৫ হাজার ৫৮৮ পয়েন্টে লেনদেন শেষ করে।
সময়ের আলো/ইউএমএইচ