রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি মোছার চেষ্টার ঘটনায় করা মামলায় ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ এর সদস্যসচিব আ ন ম আয়াসসহ ৪ জনের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা কর্মকর্তা শাহবাগ থানার এসআই আব্দুল গাফফার হিমেল আসামিদের আদালতে হাজির করে এ রিমান্ড আবেদন করেন।
অপর আসামিরা হলেন— সাকিবুল হাসান (১৯), সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)।
প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম জানান, ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে রিমান্ড বিষয়ে শুনানি হবে।
এদিকে, চার আসামিকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়েছে। শুনানিকালে তাদের এজলাসে তোলার কথা জানিয়েছেন হাজতখানার ইনচার্জ এসআই মোরশেদ আলম।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মোছার চেষ্টার ঘটনায় শাহবাগ থানার এসআই জিয়াউল হক মামলা করেন। ধারা অনুযায়ী, অপরাধমূলক ষড়যন্ত্র করা, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি করা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার বিষয়টিকে অন্তর্ভূক্ত করেছেন মামলার বাদী।
শিল্পকলা একাডেমির সামনে দেয়ালে শনিবার দুপুরে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন একদল তরুণ। এর জেরে উভয়পক্ষের বাগ-বিতণ্ডার মধ্যে আয়াসসহ চারজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
ঘটনাস্থলে এক নারী রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি দিতে দেখা যায়, তখন এক পুলিশ সদস্য তাকে বাধা দেন। এসময় ওই নারী বলেন, তারা ‘ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ’ জানাতে এসেছেন। পুলিশি বাধার মুখে আয়াসের নেতৃত্বে তারা স্লোগানও দেন।
গত ৫ অক্টোবর সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এরপর ফুটপাতের দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও কাজী নজরুল ইসলামসহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের গ্রাফিতি আঁকা হয়।
শুক্রবার ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ নামের একটি ফেসবুক পেইজ থেকে এই সাংস্কৃতিক ব্যক্তিদের ছবি আঁকা নিয়ে প্রশ্ন তোলা হয়। সত্যজিৎ রায় কিংবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ‘পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ব্যক্তিত্ব’ আখ্যা দিয়ে তাদের প্রতিকৃতি আঁকা নিয়ে প্রশ্ন তোলা হয়। শনিবার ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর আয়াসের নেতৃত্বে সেসব প্রতিকৃতি মুছতে যায় একদল লোক।