
ঢাকার পল্লবী থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা আইনের মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া ও লেফটেন্যান্ট গুলশান আরার সাত দিনের রিমান্ড চেয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১২ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের পরিদর্শক শেখ বশির আহমেদ এ রিমান্ড আবেদন করেন।
পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালতে রিমান্ড আবেদনের শুনানি হবে। দেবাশীষ বড়ুয়া ও গুলশান আরাকে আদালতে হাজির করা হয়েছে। তাঁদের ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়েছে। শুনানির সময় তাদের এজলাসে তোলা হবে।
রিমান্ড আবেদনে অভিযোগ করা হয়েছে, আসামিরা নিজ বাসায় অবস্থান করে ‘বাংলাদেশ আওয়ামী লীগ সাপোর্টারস আলফা’ ও ‘বিবিএম ট্রান্সপারেন্সি’ নামে সরকারবিরোধী হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত থেকে তহবিল সংগ্রহ এবং সহিংসতায় উসকানিমূলক ডিজিটাল কনটেন্ট তৈরি করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছেন।
আবেদনে আরও বলা হয়, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ‘ইউনিটি কেয়ার’ ও ‘পাবলিক পার্লামেন্ট’ প্ল্যাটফর্মের মাধ্যমে তারা সাবেক সেনাপ্রধান (অব.) আজিজ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং পলাতক শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে আওয়ামী লীগের পুনর্বাসন ও রাষ্ট্রবিরোধী অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত। ‘কালআজকাল.কম’ নামে পেজ তৈরি করে সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টির মতো কনটেন্ট প্রচার এবং ফেসবুক আইডির মাধ্যমে রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনার অভিযোগও আনা হয়েছে।
রিমান্ড আবেদনে কাজী গুলশান আরার বিরুদ্ধে আরও অভিযোগ করা হয়, ২০২৪ সালের ২৭ নভেম্বর নির্বাচনের প্রাক্কালে দেড় শতাধিক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার সঙ্গে গণভবনে গিয়ে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি প্রকাশ্যে একাত্মতা ও আনুগত্য প্রকাশ করেন। এ ছাড়া আসামিদের সহযোগীরা ১০১ জনকে নিয়ে ‘সেনা পরিষদ’ নামে একটি কমিটি প্রতিষ্ঠা করেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
আবেদনে দাবি করা হয়েছে, সংগঠনটির কার্যক্রমের উদ্দেশ্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে দাঙ্গা-হাঙ্গামা ও বিশৃঙ্খলা সৃষ্টি করা, দেশের সার্বভৌমত্ব নস্যাৎ করা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আইনিভাবে প্রতিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণা ও অবজ্ঞা ছড়ানো।
এর আগে রোববার (১১ অক্টোবর) রাতে ঢাকার দুটি এলাকা থেকে দেবাশীষ বড়ুয়া ও গুলশান আরাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তাদের বিরুদ্ধে ডিবির পল্লবী জোনাল টিমের পরিদর্শক আলী আকবর মামলাটি দায়ের করেন।