‘জ্বালানি খাতে বাড়তি চাপ, ৮ মাসে অতিরিক্ত ব্যয় ৪১২ কোটি ডলার’

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

মধ্যপ্রাচ্যের সংকটের কারণে দেশের জ্বালানি খাতে বাড়তি চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে গত আট মাসে অতিরিক্ত ৪১২ কোটি ডলার ব্যয়

2026-10-19T16:26:25+00:00
2026-10-19T16:26:25+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
অর্থনীতি
‘জ্বালানি খাতে বাড়তি চাপ, ৮ মাসে অতিরিক্ত ব্যয় ৪১২ কোটি ডলার’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৪:২৬ পিএম 
ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যের সংকটের কারণে দেশের জ্বালানি খাতে বাড়তি চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে গত আট মাসে অতিরিক্ত ৪১২ কোটি ডলার ব্যয় করতে হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। সংকটের মধ্যেও মাতারবাড়ীকে জ্বালানি হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর উত্তরায় তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তৈরি পোশাক কারখানায় পরিবেশগত, সামাজিক ও সুশাসনসংক্রান্ত (ইএসজি) কার্যক্রম পর্যবেক্ষণ এবং এ বিষয়ে সক্ষমতা বাড়াতে নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে বিজিএমইএ। সকালে প্ল্যাটফর্মটির উদ্বোধন করা হয়। প্রাথমিকভাবে এতে যুক্ত হয়েছে ৩২৬টি প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, শুধু কম দামের পণ্য দিয়ে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়। আগামী প্রজন্মের স্বার্থে পরিবেশগত মানদণ্ড মেনে চলা জরুরি।

বিনিয়োগ বাড়াতে নীতির ধারাবাহিকতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিনিয়োগের পরিবেশ উন্নত করতে সরকার বিভিন্ন খাতে সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে। করনীতিতে পাঁচ বছরের ধারাবাহিকতা নিশ্চিত করার উদ্যোগও এর অংশ।


অনুষ্ঠানে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, সংগঠনটির সদস্য কারখানাগুলোতে ইএসজি নীতিমালা অনুসরণ বাধ্যতামূলক করতে চান তারা। এ বিষয়ে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সঙ্গে আলোচনা করা হবে। স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের সময় পিছিয়ে দেওয়া হলে এ ধরনের প্রস্তুতিমূলক কাজ এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাসরুর রিয়াজ বলেন, ইউরোপের ৭০ শতাংশ এবং যুক্তরাষ্ট্রের ৭৩ শতাংশ ক্রেতা পরিবেশবান্ধব ব্যবসা ও উদ্যোগের সঙ্গে যুক্ত হতে আগ্রহী। পণ্য উৎপাদনের পুরো প্রক্রিয়ায় কতটা কার্বন নিঃসরণ হচ্ছে, সে বিষয়েও তাঁদের আগ্রহ রয়েছে। ফলে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে ইএসজি অনুসরণ ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ভিয়েতনাম ও ভারতেও এ ধরনের কার্যক্রম শুরু হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের গবেষণা পরিচালক মুন্সী সোলায়মান এবং বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার।

ডেনমার্কের রাষ্ট্রদূত বলেন, এ ধরনের উদ্যোগ উৎপাদন খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে সহায়তা করবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   জ্বালানি  ব্যয়  ডলার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: