প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৬:৩৭ পিএম
ছবি : সময়ের আলোনেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেফতার অপূর্বর এক দিনের রিমান্ড শেষে আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে গত সোমবার তাকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে দুর্গাপুর চৌকি আদালতে অপূর্বকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে দুর্গাপুর পৌর শহরের পুরাতন সিনেমা হলের সামনে থেকে অপূর্বকে গ্রেফতার করা হয়। তিনি পৌর শহরের উকিলপাড়া এলাকার মো. শমসের আলীর ছেলে। পুলিশের দাবি, গ্রেফতার এড়াতে অপূর্ব দিনের বেলায় আত্মগোপনে থাকতেন এবং গভীর রাতে বের হতেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রোববার আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওসি খন্দকার শাকের আহমেদ জানান, জিজ্ঞাসাবাদে অপূর্বর কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। অধিকতর জিজ্ঞাসাবাদের প্রয়োজন হওয়ায় মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশের দাবি, সাংবাদিক আলিফ ফকির হত্যাকাণ্ডের সময় অপূর্ব ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তাঁর হেফাজতে অস্ত্রভর্তি একটি ব্যাগ ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপূর্ব এ বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন বলেও জানিয়েছে পুলিশ।
গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর উপজেলার তেলঞ্জিয়া এলাকার একটি দোকানে চা পান করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির।
এ ঘটনায় পরদিন শুক্রবার নিহত সাংবাদিকের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতনামা আটজনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন।
সময়ের আলো/এসএকে