প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৬:১০ পিএম
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীতসংবিধান সংশোধন সংক্রান্ত কমিটির কার্যক্রমে বিরোধী দল না আসলেও কোনো জটিলতা বাড়বে না জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, সংবিধান সংশোধন প্রক্রিয়া পার্লামেন্টে যখন উঠবে সেই সময় উনারা (বিরোধী দল) সংসদে থাকবেন। এ কারণে সংবিধান সংশোধন নিয়ে কোনো জটিলতার বাড়বে না।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপার মিনগ্রাম স্কুল মাঠে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
প্রবাসে বাংলাদেশী বন্দীদের খোঁজখবর নিতে হাইকমিশন ও দূতাবাসের কোনো অবহেলা আছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যদি কোনো কর্মকর্তার বিষয়ে এ ধরনের কোনো অভিযোগ আসে, তাহলে সেটি তদন্ত করে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ঢালাওভাবে এ ধরনের অভিযোগ করা ঠিক না। বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাসগুলো প্রবাসীদের জন্য নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।
সৌদিতে দুই বাংলাদেশীর শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনায় আইনমন্ত্রী বলেন, এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। সৌদি সরকার কোন আইনের ভিত্তিতে আমাদের দুই নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছেন, কাগজপত্র না দেখে সে ব্যাপারে মন্তব্য করা সমীচীন হবে না। কাজেই, সৌদি সরকারের ওই সিদ্ধান্তের যৌক্তিকতা, বৈধতা ও ভিয়েনা কনভেনশনের বিষয়গুলো পর্যালোচনা না করে এ বিষয়ে মন্তব্য করা উচিত হবে না।
এর আগে উপজেলার আবাইপুর ইউনিয়নের মিনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আইনমন্ত্রী। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীসহ উপজেলা শিক্ষা বিভাগ, বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/এনএন