প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৬:৪৮ পিএম
ছবি : সময়ের আলোসাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কোমপুর এলাকা থেকে হেরোইন তৈরির কাজে ব্যবহৃত কাঁচামাল সন্দেহে ‘জে অ্যান্ড বি মার্টিনি’ লেখা চার বোতল মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরীক্ষাগারে পরীক্ষা শেষে এসব দ্রব্য হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় বলে জানা গেছে। জব্দ করা চার বোতলের আনুমানিক মূল্য ৭৮ লাখ টাকা। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সাতক্ষীরার শ্যামনগরের নীলডুমুরে অবস্থিত বিজিবির ১৭ ব্যাটালিয়নের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ।
বিজিবি জানায়, গত শুক্রবার রাত ১০টার দিকে ব্যাটালিয়নের আওতাধীন দেবহাটা উপজেলার শাখরা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার সাহাবুর রহমানের নেতৃত্বে একটি টহল দল কালিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কোমপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ‘জে অ্যান্ড বি মার্টিনি’ লেখা চার বোতল মাদকদ্রব্য জব্দ করা হয়।
পরবর্তী সময়ে জব্দ করা দ্রব্যগুলো পরীক্ষার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে পাঠানো হয়। পরীক্ষাগারের প্রতিবেদন অনুযায়ী, এগুলো হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। পরীক্ষার ফলাফল পাওয়ার পর মঙ্গলবার সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানায় বিজিবি।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, বোতলগুলোর গায়ে মোট ১৫ লাখ ভারতীয় রুপি মূল্য লেখা ছিল। বাংলাদেশি মুদ্রায় প্রতি বোতলের মূল্য ১৯ লাখ ৫০ হাজার টাকা হিসেবে চার বোতলের মোট জব্দমূল্য দাঁড়িয়েছে ৭৮ লাখ টাকা।
সীমান্ত এলাকায় বিভিন্ন সময়ে মাদকদ্রব্য জব্দ করা হলেও হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে শনাক্ত হওয়া এ ধরনের দ্রব্য আটকের ঘটনা এবারই প্রথম বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সময়ের আলো/এসএকে