প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৩:২৮ পিএম
সংগৃহীত ছবিকুমিল্লার নাঙ্গলকোটে একটি হোটেলে তরকারির ঝোল নিয়ে বিরোধের জেরে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলায় এজাহারনামীয় নয়জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) উপজেলার ভোলাইন বাজারে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার অভিযোগও পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোলাইন বাজারের ভাই ভাই হোটেলের মালিক হারুন রশীদের ছেলে মো. শিবলু ও হোটেলটির কর্মচারী মো. ফারুকের মধ্যে কাজের গাফিলতি নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজন জড়িয়ে পড়েন। পরে আদ্রা উত্তর ইউনিয়নের আদ্রা গ্রামের শিবলুর পক্ষের লোকজন এবং আদ্রা দক্ষিণ ইউনিয়নের ভোলাইন গ্রামের ফারুকের পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে বাজার এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশ ও অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে অভিযান চালিয়ে নয়জনকে গ্রেফতার করা হয়।
ভোলাইন বাজার কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, হোটেলের মালিকের ছেলে শিবলু ও কর্মচারী ফারুকের মধ্যে কাজের গাফিলতি নিয়ে তর্কবিতর্কের সূত্রপাত হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে দুই ইউনিয়নের দুটি গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কয়েকজন আহত হন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মামলার বাদী নাঙ্গলকোট থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, এ ঘটনায় নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম বলেন, হোটেলের মালিকের ছেলে ও কর্মচারীর মধ্যে তরকারির ঝোল নিয়ে তর্কবিতর্কের জেরে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অতিরিক্ত পুলিশ সদস্যদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। গ্রেপ্তার নয়জনকে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।
সময়ের আলো/এনএন