প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১১:৩৬ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি ইরানের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা চলছে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন, শিগগিরই কিছু একটা ঘটতে যাচ্ছে। বৃহস্পতিবার এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ট্রাম্প বলেন, ‘আমরা ইরানের সঙ্গে আলোচনা করছি না। কোনো না কোনোভাবে খুব শিগগিরই কিছু একটা ঘটবে।’ তাঁর ভাষ্য অনুযায়ী, বেশিরভাগ মানুষ মনে করছেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরই এমন কিছু ঘটতে পারে।
ট্রাম্পের এ বক্তব্যের আগে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলা চালানোর পরিকল্পনা করা হতে পারে। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইল একটি সম্ভাব্য হামলার খসড়া পরিকল্পনা তৈরি করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে হামলা চালানো হলে তা স্বল্পমেয়াদি হলেও অত্যন্ত তীব্র হতে পারে। সম্ভাব্য এ অভিযানে সামরিক স্থাপনার পাশাপাশি ইরানের জ্বালানি অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করার পরিকল্পনা রয়েছে। তবে শেষ পর্যন্ত ট্রাম্প নতুন কোনো সামরিক অভিযানের অনুমোদন দেবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির একাধিক মন্ত্রী ও জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হন।
সময়ের আলো/ইউএমএইচ