প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
সংগৃহীত ছবিভারতের ১৬ বছর বয়সি এক কিশোরের বাঁ চোখের ওপরের অংশে দাঁত গজানোর বিরল ঘটনা ঘটেছে। চিকিৎসকদের মতে, চোখের কোটরে দাঁত গজানোর এমন ঘটনা আগে দেখা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বাঁ চোখের ওপর ব্যথাহীন ফোলা নিয়ে হাসপাতালে যায় ওই কিশোর। কয়েক দিন পর তার ভ্রু ও ওপরের চোখের পাতার মাঝামাঝি ত্বক ভেদ করে শক্ত, সাদা দুটি অংশ বেরিয়ে আসে।
পরীক্ষা-নিরীক্ষা ও সিটি স্ক্যানের মাধ্যমে চিকিৎসকরা নিশ্চিত হন, কিশোরটির চোখের কোটরের ওপরের অংশে একটি পূর্ণাঙ্গ দাঁত রয়েছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, মুখের স্বাভাবিক অবস্থানের বাইরে দাঁত গজানোর এ অবস্থাকে বলা হয় ‘একটোপিক টুথ’। এর আগে নাকের ভেতরে ও মুখের তালুতে এ ধরনের দাঁত গজানোর ঘটনা দেখা গেছে। তবে চোখের কোটরে দাঁত গজানোর ঘটনা এটিই প্রথম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, কিশোরটির মুখে বা মাথায় আঘাত পাওয়ার কোনো ইতিহাস নেই। তার কোনো জিনগত রোগের তথ্যও পাওয়া যায়নি। সিটি স্ক্যানে মাথার খুলির অন্য কোথাও দাঁতের অস্তিত্ব শনাক্ত হয়নি। অস্বাভাবিক এ অবস্থার কারণ জানতে চিকিৎসকরা এখনো অনুসন্ধান করছেন।
অস্ত্রোপচারের মাধ্যমে দাঁতটি সফলভাবে অপসারণ করেছেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের পর ফোলাভাব কমে এসেছে এবং ভবিষ্যতে জটিলতার ঝুঁকিও হ্রাস পেয়েছে বলে জানিয়েছেন তারা।
বিরল এ চিকিৎসা ঘটনার বিস্তারিত বিবরণ আমেরিকান একাডেমি অব অপথ্যালমোলজির একটি চিকিৎসাবিষয়ক সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
সময়ের আলো/ইউএমএইচ