হিটলারের ঐতিহাসিক ‘ঈগলস নেস্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জার্মানির দক্ষিণাঞ্চলীয় বাভারিয়া রাজ্যের আল্পস পর্বতমালার চূড়ায় অবস্থিত অ্যাডলফ হিটলারের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ভবন কেলস্টাইন হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিশ্বজুড়ে

2026-10-24T19:44:09+00:00
2026-10-24T19:45:44+00:00
 
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
হিটলারের ঐতিহাসিক ‘ঈগলস নেস্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৭:৪৪ পিএম  আপডেট: ২৪.১০.২০২৬ ৭:৪৫ পিএম
আল্পস পর্বতমালার চূড়ায় অবস্থিত অ্যাডলফ হিটলারের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ভবন কেলস্টাইন হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
জার্মানির দক্ষিণাঞ্চলীয় বাভারিয়া রাজ্যের আল্পস পর্বতমালার চূড়ায় অবস্থিত অ্যাডলফ হিটলারের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ভবন কেলস্টাইন হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিশ্বজুড়ে ‘ঈগলস নেস্ট’ নামে পরিচিত এই ভবন পর্যটকদের অন্যতম আকর্ষণীয় গন্তব্য।

শুক্রবার (২৩ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকর্মীরা। তবে, দুর্গম পাহাড়ি এলাকায় ভবনটির অবস্থান হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে।

পুলিশ জানিয়েছে, শনিবার সকালেও ভবনটিতে আগুন জ্বলছিল। আগুন নিয়ন্ত্রণে কাজ করছিলেন প্রায় ২০০ জরুরি উদ্ধারকর্মী। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে, অগ্নিকাণ্ডের পরপরই এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। আগুন লাগানোর ঘটনায় তার সংশ্লিষ্টতা রয়েছে কী না, তা খতিয়ে দেখতে ফৌজদারি তদন্ত শুরু হয়েছে।

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১ হাজার ৮০০ মিটার বা ৫ হাজার ৯০০ ফুট উচ্চতায় বের্শটেসগাডেন শহরের ওপরে অবস্থিত কেলস্টাইন হাউস। নাৎসি শাসনামলে নির্মিত ভবনটির কাজ শেষ হয় ১৯৩৮ সালে।


দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির স্বৈরশাসক অ্যাডলফ হিটলার ও তার ঘনিষ্ঠ সহযোগীদের কাছে অঞ্চলটি গুরুত্বপূর্ণ ছিল। কাছেই অবস্থিত হিটলারের বাসভবন ‘বার্গহফ’ থেকে ১৯৪১ সালে সোভিয়েত ইউনিয়ন আক্রমণের পরিকল্পনা করা হয়েছিল। এ ছাড়া নাৎসি প্রচারণামূলক চলচ্চিত্রেও এই মনোরম স্থানকে পটভূমি হিসেবে ব্যবহার করা হতো।

১৯৪৫ সালে নাৎসি বাহিনীর পরাজয়ের পরও কেলস্টাইন হাউস অক্ষত ছিল। পরবর্তী সময়ে ভবনটি পাহাড়ি পান্থশালা ও পর্যটনকেন্দ্রে রূপান্তর করা হয়। এর সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, নাৎসি স্বৈরশাসনের ভয়াবহতা স্মরণ করিয়ে দেওয়ার সতর্কবার্তা হিসেবে স্থানটি সংরক্ষণ করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপের ইহুদিদের গণহত্যাসহ কোটি কোটি মানুষের মৃত্যুর জন্য হিটলার ও তার বাহিনী দায়ী ছিল।

জার্মানি ও অস্ট্রিয়ায় হিটলারের স্মৃতিবিজড়িত ভবনগুলোর সংরক্ষণ, অন্য কাজে ব্যবহার কিংবা ভেঙে ফেলা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। এক পক্ষ ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় এসব স্থাপনা সংরক্ষণের পক্ষে। অন্য পক্ষের আশঙ্কা, ভবনগুলো নব্য-নাৎসি ও উগ্র ডানপন্থীদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হতে পারে।

এই বিতর্কের মধ্যে গত জুনে বার্লিনে হিটলারের একটি বাঙ্কার ভেঙে সেখানে আবাসিক ফ্ল্যাট ও অফিস নির্মাণের ঘোষণা দেওয়া হয়। অন্যদিকে, চলতি বছরের জুলাইয়ে অস্ট্রিয়ার ব্রাউনাউ আম ইন শহরে হিটলারের জন্মভবন সংস্কার করে পুলিশ ফাঁড়িতে রূপান্তর করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

সময়ের আলো/মহু
  বিষয়:   হিটলার  ঈগলস নেস্ট  অগ্নিকাণ্ড  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: