প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ২:৩৯ পিএম
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ছবি : সংগৃহীত উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চীন সফরে গেছেন। দক্ষিণ কোরিয়ার সরকারি সূত্রের বরাতে দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, নতুন চালু হওয়া ইয়ালু নদীর সেতু পেরিয়ে চীনে প্রবেশ করেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কিমের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর তার জীবিত থাকার প্রমাণ হিসেবে ছবি প্রকাশ করেছিল উত্তর কোরিয়া। এর মধ্যেই তার চীন সফরের খবর সামনে এল।
শনিবার (২৪ অক্টোবর) কিমের এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হচ্ছে। ইয়ালু নদীর ওপর নির্মিত চার লেনের সেতুটির কাজ শেষ হয়েছিল প্রায় ১২ বছর আগে, ২০১৪ সালে। তবে উত্তর কোরিয়ার অংশে সংযোগ সড়ক ও শুল্কসংক্রান্ত অবকাঠামো প্রস্তুত না থাকায় এত দিন এটি চালু করা সম্ভব হয়নি। মাত্র এক সপ্তাহ আগে সেতুটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়।
ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়েছে, দিনের শুরুর দিকে সেতু পেরিয়ে চীনের দানদং শহরে পৌঁছান কিম। চীন উত্তর কোরিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। দেশটির কূটনৈতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সমর্থনের ক্ষেত্রেও বেইজিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে দুই দেশের সম্পর্ক সব সময় একই রকম মসৃণ ছিল না।
এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে চীন সফর করেন কিম। সে সময় বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নেন তিনি। সফরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকও করেন উত্তর কোরিয়ার নেতা।
এরপর চলতি বছরের জুনে রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়ায় যান সি চিন পিং। দুই নেতার পারস্পরিক সফরকে পিয়ংইয়ং ও বেইজিংয়ের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
সূত্র : আল-জাজিরা
সময়ের আলো/জেডি