প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১১:১২ এএম
ছবি : সংগৃহীত উপসাগরে কোনো পরিস্থিতিতেই মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ও খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদোল্লাহি।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি প্রচারিত বক্তব্যে তিনি দাবি করেন, ইরানি বাহিনী মার্কিন নৌবাহিনীকে কার্যত অকার্যকর করে দিয়েছে। ফলে মার্কিন নৌবাহিনী উপসাগরীয় অঞ্চল বা ইরানের জলসীমার আশপাশে আসতে পারছে না বলেও দাবি করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংসের দাবি নিয়েও প্রশ্ন তোলেন আবদোল্লাহি। তিনি বলেন, ‘আপনারা যদি সবকিছু ধ্বংস করেই থাকেন, তাহলে একই বিভ্রান্তিকর দাবি বারবার করার অর্থ কী?’
তিনি আরও বলেন, ‘আপনারা যদি নিশ্চিত হন যে ইরানের সব সামরিক স্থাপনা ও সক্ষমতা ধ্বংস করেছেন, তাহলে আপনাদের জংধরা যুদ্ধজাহাজ, নৌযান ও ভীতু সামরিক বাহিনী হরমুজ প্রণালির কাছে আসার সাহস করে না কেন?’
আবদোল্লাহি বলেন, সংঘাত অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নিজেদের তৈরি করা সংকটে আরও গভীরে নিমজ্জিত করাই ইরানের কৌশল।
সময়ের আলো/জেডি