প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৮:২৮ পিএম
গ্রেফতার শিক্ষক আবু সাঈদ। ছবি : সংগৃহীতঅশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে আবু সাঈদ (৩৬) নামে মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ পৌর শহরের ডাক বাংলোর পেছনে অবস্থিত লালমাটিয়া নুরাণী ক্যাডেট মাদরাসার তিন শিক্ষক ফরিদুল ইসলাম, আবু সাঈদ ও মোহন মিয়া মাদরাসার শিশুশিক্ষার্থী ফাতিহা খাতুনের মায়ের সাথে আন্তরিক সম্পর্ক গড়ে তোলেন। বিভিন্ন সময় তারা ওই শিক্ষার্থীর মায়ের সাথে ভিডিও কলে কথা বলেন। বিভিন্ন সময়ে তারা শিক্ষার্থীর মায়ের কাছে পড়াশুনার বিষয়ে কথা বলার অজুহাতে ভিডিও কল দিতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এক পর্যায়ে তারা আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে ৩ লক্ষ ৮০ হাজার টাকা ও আট আনি সোনার গহনা হাতিয়ে নেন। এরই এক পর্যায়ে গত ২৪ অক্টোবর আবারও তারা আরও ৫২ হাজার টাকা চেয়ে হুমকি দেন। নিরুপায় হয়ে ভুক্তভোগী নারী ৫২ হাজার টাকা নিয়ে তাদের হাতে দিয়ে আপত্তিকর ছবি ডিলিট করতে বলেন। এসময় ওই তিন শিক্ষক তালবাহানা করলে ভুক্তভোগী নারীর স্বজনরা তাদের ধাওয়া করেন। অবস্থা বেগতিক দেখে তারা দৌড়ে পালিয়ে যান।
পরে ভুক্তভোগী নারী থানায় লালমাটিয়া নুরানী ক্যাডেট মাদ্রাসার তিন শিক্ষক ফরিদুল ইসলাম, আবু সাঈদ ও মোহন মিয়ার নামে অভিযোগ দায়ের করলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে আবু সাঈদ নামে শিক্ষককে গ্রেফতার করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম জানান, আটক শিক্ষককে আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযুক্ত অপর দুই শিক্ষককে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
সময়ের আলো/এনএন