প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৯:২৯ পিএম
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার ৭। ছবি : সময়ের আলোগোপালগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এজাহারে ৪০ জনের নাম উল্লেখ এবং ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফুলমিয়া বাদি হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন। পরে লুৎফর শেখ, জিহাদ বিশ্বাস, নাহিদ মোল্লা,স্বাক্ষর শেখ, তানভীর হোসেন, মাহাবুব রহমান ও মিরাজ তালুকদারকে গ্রেফতার করে সন্ধ্যা ৬টার দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, শনিবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন।
এ সময়, সদর উপজেলার রঘুনাথপুর বুড়িমার গাছতলা এলাকায় টহলরত পুলিশের একটি দল ওই মিছিলের মুখোমুখি হলে এবং মিছিলটি থামানোর চেষ্টা করলে মিছিলকারীরা লাঠি-সোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।
এ সময় হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে। এতে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হয়।
গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
সময়ের আলো/আতা