প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ছবি : সংগৃহীত বিএনপি বিরিয়ানি ভাগবাটোয়ারার রাজনীতি করে না, বরং রাষ্ট্র পুনর্গঠনের রাজনীতি করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার অভিযোগ, আসন সমঝোতা ও নির্বাচনি সুবিধা না পেয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতের জোটে গেছে। এখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগের দাবি তুলে বিএনপিকে চাপে রাখার চেষ্টা করছে দলটি।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।
পোস্টে তিনি দাবি করেন, পদত্যাগের আগের রাতে তৎকালীন উপদেষ্টা আসিফ মাহমুদ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়ে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আলোচনা করেছিলেন। মাহফুজ আলমও ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে আগ্রহী ছিলেন বলে দাবি করেন তিনি। এ উদ্দেশ্যে তারা বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বাসায় পর্যায়ক্রমে গিয়েছিলেন বলে পোস্টে উল্লেখ করেন রাশেদ খাঁন।
তার ভাষ্য, অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা বিএনপির প্রতীকে নির্বাচনে অংশ নিক, তা দলটি চায়নি। আসিফ মাহমুদ বিএনপির কাছ থেকে সাড়া না পেয়ে এনসিপিতে যোগ দেন বলে দাবি করেন তিনি। অন্যদিকে, বিএনপিতে সুযোগ না পেয়ে মাহফুজ আলম নিজের নৈতিক অবস্থান ধরে রেখেছেন বলে মন্তব্য করে তার প্রশংসা করেন রাশেদ খাঁন।
এনসিপিতে আসিফ মাহমুদের অবস্থান নিয়েও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তার দাবি, গণঅভ্যুত্থানে ভূমিকার কারণে নাহিদ ইসলামের পর আসিফ মাহমুদের দলটিতে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকার কথা থাকলেও অতীতের বিতর্ক এবং এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে তার দোদুল্যমানতার কারণে তিনি এখন দলটির শীর্ষ ছয় নেতার মধ্যে সর্বশেষ অবস্থানে রয়েছেন। এ প্রসঙ্গে তিনি আসিফ মাহমুদকে নিয়ে কটূক্তিও করেন।
আসন সমঝোতা প্রসঙ্গে রাশেদ খাঁন দাবি করেন, বেশি আসন পাওয়ার আশায় এনসিপির শীর্ষ নেতারা সালাহউদ্দিন আহমদের বাসায় গিয়েছিলেন। তবে বিএনপি দলটিকে চারটির বেশি আসন ছাড়তে রাজি হয়নি। তার অভিযোগ, বেশি আসন ও নির্বাচনি খরচের প্রত্যাশায় এনসিপি জামায়াতের জোটে যোগ দিয়েছে। তিনি দলটির রাজনীতিকে ‘সুবিধাবাদী জিন্দাবাদের রাজনীতি’ বলে অভিহিত করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে এনসিপির কর্মসূচিকে ‘সম্পূর্ণ ব্যর্থ’ উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, বিএনপি সরকারের মেয়াদের শেষ দিন পর্যন্ত আন্দোলন করেও দলটি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ নিশ্চিত করতে পারবে না। তার মতে, দীর্ঘদিনের সংগ্রাম, মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সালাহউদ্দিন আহমদ বর্তমান অবস্থানে এসেছেন।
পোস্টের শেষাংশে রাশেদ খাঁন জামায়াত ও এনসিপির সংসদ সদস্যদের সঙ্গে সালাহউদ্দিন আহমদের তুলনা করেন। তার দাবি, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি তুলে বিএনপিকে চাপে রেখে আসন বা অন্য সুবিধা আদায়ের চেষ্টা করছে জামায়াত ও এনসিপি। তবে বিএনপি এ ধরনের ভাগবাটোয়ারার রাজনীতি করে না; দলটি রাষ্ট্র পুনর্গঠনে কাজ করে বলে মন্তব্য করেন তিনি।
সময়ের আলো/জেডি