আক্ষেপ নেই আশরাফুলের

ক্রীড়া প্রতিবেদক

খেলা

জাতীয় দলের ব্যাটিং ব্যর্থতার দায়ে এবার কোচিং প্যানেলে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট

2026-10-26T05:06:50+00:00
2026-10-26T05:06:50+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
খেলা
আক্ষেপ নেই আশরাফুলের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:০৬ এএম 
ছবি : সংগৃহীত
জাতীয় দলের ব্যাটিং ব্যর্থতার দায়ে এবার কোচিং প্যানেলে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যাটিং কোচের দায়িত্বে থাকছেন না মোহাম্মদ আশরাফুল। তার জায়গায় অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন হাই পারফরম্যান্স (এইচপি) দলের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন। মিরপুর টেস্ট শুরুর মাত্র চার দিন আগে এমন সিদ্ধান্তের খবর পেয়েছেন আশরাফুল। তবে দায়িত্ব হারানো নিয়ে কোনো আক্ষেপ নেই সাবেক এই অধিনায়কের। বরং বিসিবির সিদ্ধান্তকে বোর্ডের এখতিয়ার বলেই মেনে নিয়েছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সামনে রেখে নিয়মিতই জাতীয় দলের ব্যাটারদের নিয়ে কাজ করছিলেন আশরাফুল। শনিবারও কখনো মুশফিকুর রহিমের সঙ্গে, কখনো মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তদের ব্যাটিং নিয়ে কাজ করতে দেখা গেছে তাকে। কিন্তু অনুশীলন শেষে বাসায় ফেরার পর জানতে পারেন, জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে।

রোববার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি নিশ্চিত করেন আশরাফুল। তিনি বলেন, ‘আসলে গতকালকে (শনিবার) মাগরিবের পরে জানতে পেরেছি যে ন্যাশনাল টিমের ব্যাটিং কোচ থেকে রেস্ট দেওয়া হয়েছে এবং বাকি যে তিন মাস সময় আছে সেটা যখন অ্যাসাইনমেন্ট থাকবে তখন জানানো হবে।’ হঠাৎ দায়িত্ব হারালেও সিদ্ধান্তটি নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেননি তিনি। কোচদের চুক্তির ধরন অনুযায়ী, বোর্ড চাইলে তাদের অন্য দায়িত্বেও নিয়োজিত করতে পারে বলে মনে করেন আশরাফুল।

তার ভাষায়, ‘আমরা যারা কোচ আছি, আমাদের কন্ট্রাক্টটা এরকমই হয় যে, আপনার ক্রিকেট বোর্ড যদি মনে করেন আমাকে অন্য কোথাও কাজ করাবেন, সেটা তাদের এখতিয়ারে আছে। তো দ্যাটস ইট।’ গত বছরের নভেম্বরে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন আশরাফুল। তবে দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সিরিজে বাংলাদেশের ব্যাটিংয়ের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে সাম্প্রতিক কয়েকটি সিরিজে ব্যাটারদের ব্যর্থতা দলের পাশাপাশি কোচিং প্যানেলকেও সমালোচনার মুখে ফেলেছে।

গত জুন-জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে একটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছিল বাংলাদেশ। সেই সফরে একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজে হারের পর দলের ব্যাটিং নিয়ে সমালোচনা হয়। এরপর অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে জয় পায় বাংলাদেশ। সেই জয়ে বড় ভূমিকা ছিল প্রথম ইনিংসে করা ৪২৬ রানের। তবে দ্বিতীয় টেস্টেই আবার ব্যাটিং বিপর্যয়ে পড়ে দল। দুই ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল যথাক্রমে ৬৪ ও ৯৫ রান।


সর্বশেষ সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজেও ব্যাট হাতে হতাশ করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে হারের পাশাপাশি কোনো ম্যাচেই প্রত্যাশা অনুযায়ী ব্যাটিং করতে পারেনি তাওহীদ হৃদয়ের নেতৃত্বাধীন দল। জিম্বাবুয়ের বিপক্ষে ২৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। পরে আফগানিস্তানের বিপক্ষে আগে ব্যাট করে অলআউট হয় মাত্র ১৬০ রানে। টানা এসব ব্যর্থতার পরই আশরাফুলকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল বিসিবি।

আশরাফুলকে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলেও বিসিবির সঙ্গে তার কাজের সম্পর্ক শেষ হচ্ছে না। বোর্ডের বিবৃতিতে জানানো হয়েছে, নতুন কোনো ভূমিকায় কাজ চালিয়ে যাবেন সাবেক এই অধিনায়ক। আগামী তিন মাসের চুক্তির বাকি সময়ে প্রয়োজন অনুযায়ী তাকে অন্য দায়িত্বে নিয়োজিত করা হতে পারে। এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজে আপাতত স্থায়ী ব্যাটিং কোচ নিয়োগ দিচ্ছে না বিসিবি। অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে এইচপি দলের প্রধান কোচ সালাউদ্দিনকে। স্থায়ী ব্যাটিং কোচ খোঁজার প্রক্রিয়া পরে শুরু করবে বোর্ড। নতুন কাউকে নিয়োগ দেওয়া পর্যন্ত জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব সামলাবেন সালাউদ্দিন।


সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   আক্ষেপ  আশরাফুল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: