সংসদে জনগণের সমস্যার সমাধান হয়নি বলে আবারও রাজপথে আমরা : নাসীরুদ্দীন

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগ তুলে সরকারের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির

2026-10-26T17:40:28+00:00
2026-10-26T17:52:17+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
রাজনীতি
সংসদে জনগণের সমস্যার সমাধান হয়নি বলে আবারও রাজপথে আমরা : নাসীরুদ্দীন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৪০ পিএম  আপডেট: ২৬.১০.২০২৬ ৫:৫২ পিএম
সংগৃহীত ছবি
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগ তুলে সরকারের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, জনগণের সমস্যা নিয়ে সংসদে কথা বলেও সমাধান পাওয়া যায়নি। এ কারণে আবারও রাজপথে নামতে হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীর মুগদায় ৩০ অক্টোবরের বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, সরকার গ্যাসের ফি নিলেও গ্রাহকেরা নিয়মিত গ্যাস পাচ্ছেন না। এতে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন। তিনি বলেন, শেখ হাসিনার সরকারের সময় জনগণ কষ্ট পাওয়ায় তাঁকে ক্ষমতা থেকে বিদায় করা হয়েছিল। অথচ বর্তমান সরকারের আমলেও মানুষ কষ্টে থাকলেও এর বিরুদ্ধে কথা বলার সুযোগ নেই— এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সরকারদলীয় লোকজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে এনসিপির এই নেতা বলেন, অটোরিকশা ও দোকান থেকে চাঁদা আদায় করা হচ্ছে। তাঁর অভিযোগ, আগে ছাত্রলীগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছিল, এখন ছাত্রদলের লোকজন একই কর্মকাণ্ডে জড়াচ্ছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যের সমালোচনা করে নাসীরুদ্দীন তাঁকে ‘নতুন বেনজীর’ বলে আখ্যা দেন। তিনি অভিযোগ করেন, সরকার নির্দেশ দিলে ক্রসফায়ার চালানোর বিষয়ে আইজিপির বক্তব্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। এ বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, এ ধরনের বক্তব্যের কারণে পুলিশের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসার আশঙ্কা রয়েছে।


এ সময় সাবেক প্রতিমন্ত্রী ইশরাকসহ বিভিন্ন স্থানে সরকারদলীয় লোকজনের অস্ত্র হাতে নামার অভিযোগও করেন নাসীরুদ্দীন। তাঁর ভাষ্য, এ পরিস্থিতিতে সাধারণ মানুষের পক্ষে ডাকাত, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়ছে।

৩০ অক্টোবরের বিক্ষোভ সমাবেশের উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, জনগণের সমস্যাগুলো সংসদে উত্থাপন করতে সরকার বলেছিল। কিন্তু সেখানে এসব সমস্যার সমাধান না হওয়ায় তাঁদের আবার রাজপথে কর্মসূচি পালন করতে হচ্ছে।

গণমাধ্যমের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তিনি অভিযোগ করেন, গণমাধ্যমের ওপর চাপ ও নির্যাতনের পরিবেশ তৈরি হয়েছে। আমার দেশ পত্রিকার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা উল্লেখ করে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রশ্ন তোলেন তিনি।

চাঁদাবাজি বন্ধে সংশ্লিষ্টদের সতর্ক করে নাসীরুদ্দীন বলেন, জনগণের ক্ষোভ বাড়তে থাকলে মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে পারে।

লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে ৩০ অক্টোবরের বিক্ষোভ সমাবেশে অংশ নিতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

সময়ের আলো/এসকে
  বিষয়:   সংসদ  জনগণের সমস্যা  সমাধান  রাজপথ  নাসীরুদ্দীন পাটওয়ারী 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: