প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৬:২৩ পিএম আপডেট: ২৭.১০.২০২৬ ৭:১০ পিএম
সংগৃহীত ছবি দীর্ঘ অপেক্ষার পর ব্যক্তিগত স্বীকৃতি পাওয়ার আনন্দটা কেমন, তা ভালো করেই জানেন বিরাট কোহলি। তাই হ্যারি কেইনের সাফল্যে উচ্ছ্বসিত ভারতীয় এই ক্রিকেট তারকা। ইংলিশ স্ট্রাইকারকে বন্ধু সম্বোধন করে অভিনন্দন জানিয়েছেন তিনি। কেইনের দীর্ঘদিনের পরিশ্রম, নিষ্ঠা ও ধারাবাহিকতার প্রশংসা করে কোহলি বলেছেন, এই সম্মান তার প্রাপ্য।
ক্যারিয়ারে অসংখ্য গোল করেও দীর্ঘদিন বড় কোনো শিরোপার দেখা পাননি কেইন। তবে ২০২৩ সালে টটেনহাম হটস্পার ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর তার ক্যারিয়ারে আসে নতুন অধ্যায়। দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ইংল্যান্ডের এই তারকা।
কেইনের সাফল্যের এই যাত্রায় কোহলি খুঁজে পেয়েছেন নিজের ক্যারিয়ারের সঙ্গে মিলে যাওয়া এক অনুভূতি। ক্রিকেটের প্রায় সব বড় অর্জনের স্বাদ পেলেও দীর্ঘ অপেক্ষার পর আইপিএলের শিরোপা জয়ের আনন্দ পেয়েছেন ভারতীয় এই ব্যাটার। ফলে দীর্ঘদিনের পরিশ্রমের পর স্বীকৃতি পাওয়ার গুরুত্ব তার কাছে আলাদা।
সামাজিক যোগাযোগমাধ্যমে কেইনকে উদ্দেশ করে দেওয়া বার্তায় কোহলি লেখেন, ‘হ্যারি, বন্ধু, বছরের পর বছর সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে নিজের দৃঢ়তা, কঠোর পরিশ্রম আর সততার পরিচয় দিয়ে তুমি যেভাবে এগিয়ে গেছ, এই পুরস্কারের প্রতিটি সম্মানই তোমার প্রাপ্য। তোমার জন্য আমি সত্যিই আনন্দিত।’
কেইন ও তার পরিবারের জন্য শুভকামনা জানিয়ে কোহলি আরও লেখেন, ‘ঈশ্বর তোমাকে ও তোমার পরিবারকে আশীর্বাদ করুন। এই দীর্ঘ পথচলা ও অর্জন নিয়ে তোমার পরিবার নিশ্চয়ই ভীষণ গর্বিত। তুমিও নিশ্চয়ই নিজের এই যাত্রা নিয়ে গর্বিত। সব সময় তোমার জন্য রইল আমার শুভকামনা। অভিনন্দন!’
ফুটবল ও ক্রিকেট— দুই ভিন্ন জগতের তারকা হলেও কোহলি ও কেইনের মধ্যে পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক দীর্ঘদিনের। ২০১৯ সালে লর্ডসে প্রথমবার তাদের দেখা হয়েছিল। সরাসরি সাক্ষাতের আগেও একে অপরের পারফরম্যান্সের প্রশংসা করেছেন তাঁরা।
সময়ের সঙ্গে সেই পারস্পরিক শ্রদ্ধা বন্ধুত্বে রূপ নিয়েছে। কেইনের সাফল্যে কোহলির এই অভিনন্দনবার্তা দুই ক্রীড়াতারকার সেই সম্পর্ককেই আবার সামনে নিয়ে এসেছে।
দীর্ঘদিনের অপেক্ষা, ধারাবাহিক পারফরম্যান্স ও কঠোর পরিশ্রমের পর কাঙ্ক্ষিত স্বীকৃতি পাওয়া যে কতটা আবেগের, কোহলির বার্তায় উঠে এসেছে সেই উপলব্ধিই। বন্ধুর সাফল্যে আনন্দ প্রকাশের পাশাপাশি কেইনের অর্জনকে যথাযথ সম্মান জানিয়েছেন ভারতের এই তারকা ক্রিকেটার।
সময়ের আলো/এসকে