ড্যারেন স্যামি। ছবি : সংগৃহীতঅস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্য, ক্রিকেটারদের ধারাবাহিক পারফরম্যান্স আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন— সবমিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামার কথা বাংলাদেশের। তবে প্রতিপক্ষও প্রস্তুত নিজেদের লক্ষ্য পূরণে। ক্যারিবীয়দের প্রধান কোচ ড্যারেন স্যামি জানিয়ে দিয়েছেন, বাংলাদেশকে সমীহ করলেও সিরিজে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না তার দল। পাঁচ দিনের ক্রিকেটে ব্যাট-বলের জমজমাট লড়াইয়ের প্রত্যাশা করছেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ঢাকায়। এই ম্যাচকে সামনে রেখে প্রস্তুতিও চালিয়ে যাচ্ছে ক্যারিবীয়রা। সোমবার সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এসে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সের প্রশংসা করেছেন প্রধান কোচ স্যামি। একই সঙ্গে জানিয়েছেন, নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করেই সিরিজে সাফল্য পেতে চান তারা।
সিরিজটিকে কীভাবে দেখছেন, এমন প্রশ্নের জবাবে স্যামি বলেন, ‘অন্য যেকোনো সিরিজের মতো করেই দেখছি। আমরা অবশ্যই জানি, বাংলাদেশ সম্প্রতি বেশ ভালো ক্রিকেট খেলছে। আমরাও এই বছরে ভালো ক্রিকেট খেলেছি। এবার যখন টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করি, আমরা বাস্তববাদী হয়ে চিন্তা করেছিলাম। প্রতিপক্ষকে সম্মান করেই সিরিজে মাঠে নামব। আমাদের নিজেদের প্ল্যান থাকবে। আশা করছি মাঠে নেমে নিজেদের কাজটা মাঠেই করে দেখাতে পারব।’
বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সও নজরে রেখেছেন ক্যারিবীয় কোচ। অস্ট্রেলিয়ার মাটিতে ভালো খেলা এবং ক্রিকেটারদের ধারাবাহিক পারফরম্যান্সকে গুরুত্ব দিচ্ছেন তিনি। তবে নিজেদের দলের খেলোয়াড়রাও ভালো করছেন বলে সিরিজ নিয়ে আশাবাদী স্যামি। তার প্রত্যাশা, দুদলই নিজেদের সেরাটা দিয়ে লড়বে।
স্যামি বলেন, ‘বাংলাদেশ অনেক ভালো খেলছে। অস্ট্রেলিয়াতে গিয়ে ভালো খেলেছে। তাদের ছেলেরা পারফর্মও করে যাচ্ছে। আমাদের অনেক ছেলেও এবার ভালো করছে। তাই সিরিজ নিয়ে আমি বেশ আশাবাদী। পাঁচ দিনে ভালো ব্যাট-বলের লড়াই আশা করছি। দুদলই চাইবে জিততে। আশা করছি ওয়েস্ট ইন্ডিজ যেন জিততে পারবে।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। সে কারণে সিরিজটি স্বাগতিকদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তবে ওয়েস্ট ইন্ডিজেরও রয়েছে নিজস্ব লক্ষ্য। স্যামির মতে, সফলতার সংজ্ঞা একেক দলের কাছে একেক রকম হতে পারে। তাই অন্যদের লক্ষ্য নিয়ে ভাবার চেয়ে নিজেদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাওয়াতেই গুরুত্ব দিচ্ছে তার দল।
এ প্রসঙ্গে ক্যারিবীয় কোচ বলেন, ‘দুদলের জন্যই এটি বড় সিরিজ। সবাই টেস্ট ক্রিকেট জেতার জন্যই খেলে। আমাদেরও একটা লক্ষ্য ছিল। সেই লক্ষ্যে পৌঁছাতে বেশ ভালো জায়গাতে আমরা আছি। সফলতা আমাদের কাছে কী, সেসব নিয়ে আমরা অনেক আলাপ করি। অন্যদের বিষয়টা ভিন্ন হতে পারে। তবে আমরা নিজেদের ব্যাপারটা জানি। ছোট ছোট স্টেপ নিয়ে আমরা নিজেদের সেই জায়গায় নিয়ে যেতে চাই। বাংলাদেশের লক্ষ্য জানতে হলে তাদের প্রধান কোচকে জিগ্যেস করতে হবে (হাসি)।’
বাংলাদেশের ফাইনালে খেলার সম্ভাবনা থাকলেও ওয়েস্ট ইন্ডিজ নিজেদের অবস্থান ও লক্ষ্য নিয়েই বেশি মনোযোগী। স্যামির কথায়, এই সিরিজ তাদের কাছে নিছক আরেকটি দ্বিপক্ষীয় লড়াই নয়; বরং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ ধাপ।
সিরিজের গুরুত্ব বোঝাতে গিয়ে স্যামি আরও বলেন, ‘(হাসি) আমি হাসলেও এই সিরিজকে আমরা অনেক গুরুত্ব সহকারে নিচ্ছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগেই আমাদের প্ল্যান ছিল বাংলাদেশ সিরিজ শেষে টেবিলে আমরা নিজেদের এই জায়গায় দেখতে চাই। আমরা সেই লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি রয়েছি। এ জন্য এই সিরিজকে খুব গুরুত্ব দিচ্ছি।’
বাংলাদেশের জন্য যেমন ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াই, ওয়েস্ট ইন্ডিজের জন্যও তেমন নিজেদের লক্ষ্য পূরণের পরীক্ষা। দুদলেরই জয়ের তাগিদ থাকায় মিরপুরে আসন্ন টেস্ট সিরিজে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটের প্রত্যাশা তৈরি হয়েছে।
সময়ের আলো/জেডআই