প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৪১ এএম
ছবি : সংগৃহীত জাতীয় সামার অ্যাথলেটিকসের শেষ দিনে ট্র্যাকে গতির ঝলক দেখিয়েছেন শিরিন আক্তার ও ইমরানুর রহমান। নারী ২০০ মিটারে নিজের গড়া রেকর্ড নতুন করে লিখেছেন শিরিন। আর পুরুষদের একই ইভেন্টে সেরা হয়ে স্বর্ণপদক জিতেছেন দেশের দ্রুততম স্প্রিন্টারদের একজন ইমরানুর। তবে তার স্বর্ণের দিনে অক্ষত থেকেছে ২৭ বছর আগের জাতীয় রেকর্ড।
নারী ২০০ মিটারে বাংলাদেশ নৌবাহিনীর শিরিন আক্তার সময় নিয়েছেন ২৪.৩৫ সেকেন্ড। ২০২৪ সালে নিজের গড়া ২৪.৬৮ সেকেন্ডের রেকর্ডটি ভেঙে নতুন কীর্তি গড়েন তিনি। শিরিনের সঙ্গে বাকিদের ব্যবধানও ছিল চোখে পড়ার মতো। দ্বিতীয় হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর শরীফা খাতুনের চেয়ে ১.২৪ সেকেন্ড এগিয়ে থেকে দৌড় শেষ করেন এই স্প্রিন্টার। শরীফার সময় ২৫.১১ সেকেন্ড। ২৫.৩৩ সেকেন্ড নিয়ে তৃতীয় হয়েছেন সেনাবাহিনীর মোসাম্মত বর্ষা খাতুন।
নারীদের ইভেন্টের আগে পুরুষদের ২০০ মিটারে সবার আগে ফিনিশিং লাইন স্পর্শ করেন ইমরানুর রহমান। তার সময় ২১.১৮ সেকেন্ড। তবে স্বর্ণ জিতেও জাতীয় রেকর্ডের খুব কাছে গিয়ে থামতে হয়েছে তাকে। ১৯৯৯ সালে মাহবুব আলমের গড়া ২১.১৫ সেকেন্ডের রেকর্ডের চেয়ে মাত্র ০.০৩ সেকেন্ড বেশি সময় নিয়েছেন ইমরানুর।
রেকর্ডটি ভাঙতে না পারলেও এ নিয়ে হতাশ নন এই অ্যাথলেট। কারণ ২০০ মিটার তার মূল ইভেন্ট নয়। ৬০ ও ১০০ মিটারের স্প্রিন্টার হিসেবে পরিচিত ইমরানুর আসন্ন সাফ গেমসের প্রস্তুতির অংশ হিসেবেই ২০০ মিটারে অংশ নিয়েছেন। গত বছরের আগস্টে সামার অ্যাথলেটিকসের এই দূরত্বে দৌড়েছিলেন তিনি।
দৌড় শেষে ইমরানুর বলেন, ‘কেমন করি, সেটা দেখার জন্য এবং অনুশীলনের অংশ হিসেবেই এই ইভেন্টে অংশ নিয়েছি। একটু সাধারণ ও আনন্দের ছলে দৌড়েছি। আমি মূলত ১০০ ও ৬০ মিটারে পারদর্শী, ২০০ মিটারের অনুশীলন করি না। তবে আলহামদুলিল্লাহ, ভালো লেগেছে। ফলাফলে আমি সন্তুষ্ট। আগামী বছর নিয়মিত অনুশীলন করতে পারলে ইনশাআল্লাহ আরও ভালো করতে পারব।’
পুরুষদের ২০০ মিটারে রৌপ্যপদক জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর শান্ত কর্মকার। তার সময় ২১.৬৩ সেকেন্ড। ২১.৭৭ সেকেন্ডে দৌড় শেষ করে ব্রোঞ্জ পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর মোহাম্মদ রাকিবুল হাসান। জাতীয় সামার অ্যাথলেটিকসের শেষ দিনে শিরিনের রেকর্ড আর ইমরানুরের স্বর্ণ— দুই পারফরম্যান্সই দেশের স্প্রিন্টে নতুন করে আলোচনার উপলক্ষ তৈরি করেছে।
সময়ের আলো/প্রিন্ট/এসএকে