প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৪৯ এএম
ছবি : সংগৃহীত জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) রান উৎসব! কোথাও ব্যাট হাতে রেকর্ড গড়ছেন ব্যাটাররা, কোথাও আবার সেঞ্চুরিকে নিয়ে যাচ্ছেন দ্বিশতকের ঘরে। প্রথম তিন রাউন্ডে ভালো শুরু করেও ইনিংস বড় করতে না পারার হতাশায় পুড়েছিলেন জাকির হাসান। চতুর্থ রাউন্ডে এসে সেই আক্ষেপ ঘুচিয়ে দ্বিশতকের দ্বারপ্রান্তে সিলেট অধিনায়ক। অন্যদিকে ঢাকার হয়ে মোহাম্মদ নাঈম শেখ থেমেছেন ট্রিপল সেঞ্চুরি থেকে মাত্র ১৮ রান দূরে। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম দ্বিশতক পেয়েছেন মাহফিজুল ইসলামও। পাশাপাশি রেকর্ড জুটিতে আলো ছড়িয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে নাঈমের ব্যাটে ছিল রানের উৎসব। প্রথম দিনেই দ্বিশতকের সম্ভাবনা জাগানো এই ওপেনার রোববার এগিয়ে যান ট্রিপল সেঞ্চুরির পথে। শেষ পর্যন্ত ৩৬৯ বলে ২১ চার ও ৭ ছক্কায় ২৮২ রান করে থামেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই তার প্রথম দ্বিশতক। চলতি লিগে টানা তৃতীয় সেঞ্চুরিতে এখন পর্যন্ত ১১২.২০ গড়ে তার সংগ্রহ ৫৬১ রান।
নাঈমের সঙ্গে চতুর্থ উইকেটে ৫৩৪ বলে ৩৬৩ রানের ম্যারাথন জুটি গড়েন অঙ্কন। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে চতুর্থ উইকেটে এটিই সর্বোচ্চ জুটির রেকর্ড। ১৪ চার ও ৮ ছক্কায় ২৮৯ বলে ১৬৫ রান করেন অঙ্কন, যা তার ক্যারিয়ারসেরা ইনিংস। এই দুজন ছাড়া ঢাকার আর কেউ ২০ রানও করতে পারেননি। রাজশাহীর লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকি চার উইকেট নিলে ৫২১ রানে অলআউট হয় ঢাকা।
জবাবে সুমন খানের বোলিংয়ে শুরুতেই বিপাকে পড়ে রাজশাহী। মাত্র ১০ রানের মধ্যে তিন উইকেট হারায় তারা। পরে নাঈম আহমেদ ও সাব্বির রহমান ৮০ রানের জুটিতে সামাল দেন চাপ। ৮ চার ও ১ ছক্কায় ৪৪ বলে ফিফটি করেন সাব্বির। দিনের শেষ দিকে তাইবুরের বলে নাঈম এবং আমিনুল ইসলামের বলে সাব্বির ফিরলে আবার চাপে পড়ে রাজশাহী। দিন শেষে তাদের সংগ্রহ ৬ উইকেটে ১০৩ রান। ফলোঅন এড়াতে আরও ২৬৯ রান করতে হবে স্বাগতিকদের।
এদিকে বগুড়ায় চট্টগ্রামের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম দ্বিশতক তুলে নিয়েছেন ময়মনসিংহের ওপেনার মাহফিজুল ইসলাম। ১৫৬ রান নিয়ে দিন শুরু করা ২২ বছর বয়সি ব্যাটার ৩৩৮ বলে পূর্ণ করেন দ্বিশতক। শেষ পর্যন্ত ২১৭ রানে অপরাজিত থাকেন তিনি। চলতি লিগে সাত ইনিংসে তিন সেঞ্চুরি ও দুই ফিফটিতে ১০২.৮৩ গড়ে তার সংগ্রহ ৬১৭ রান। ষষ্ঠ উইকেটে মাহফিজুলের সঙ্গে ১২১ রান যোগ করেন শুভাগত হোম। তার ব্যাট থেকে আসে ১০১ বলে ৭১ রান। পরে ৭ উইকেটে ৪৬৫ রানে ইনিংস ঘোষণা করে ময়মনসিংহ।
জবাবে ভালো শুরু করেও দিন শেষ করতে পারেনি চট্টগ্রাম। উদ্বোধনী জুটিতে ১০৯ রান যোগ করেন মাহমুদুল হাসান জয় ও সাদিকুর রহমান। ৪২ রান করা সাদিকুরকে ফেরান রকিবুল হাসান। দিনের শেষ দিকে ১১৯ বলে ৭৬ রান করা জয়কে থামান ময়মনসিংহ অধিনায়ক। কক্সবাজারে খুলনার বিপক্ষে সিলেট অধিনায়ক জাকির হাসান দিন শেষ করেছেন ১৬০ রানে অপরাজিত।
সময়ের আলো/প্রিন্ট/এসএকে