সন্ধ্যা হলেই বকুল গাছে চড়ুই পাখির মেলা

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

নানা প্রান্ত থেকে ঝাঁকে ঝাঁকে ছুটে আসে চড়ুই পাখির দল। এসময় বকুল গাছটি হয়ে ওঠে হাজারো পাখির রাতের ঠিকানা। পাখির

2026-10-28T17:16:36+00:00
2026-10-28T17:16:36+00:00
 
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
সন্ধ্যা হলেই বকুল গাছে চড়ুই পাখির মেলা
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:১৬ পিএম 
পাখিদের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিন বকুল গাছের নিচে ভিড় করেন উৎসুক জনতা। ছবি : সময়ের আলো
নানা প্রান্ত থেকে ঝাঁকে ঝাঁকে ছুটে আসে চড়ুই পাখির দল। এসময় বকুল গাছটি হয়ে ওঠে হাজারো পাখির রাতের ঠিকানা। পাখির কারণে তখন ঢেকে যায় গাছের প্রতিটি ডালপালা। দূর থেকে মনে হয়, গাছে পাতার চেয়ে যেন চড়ুইয়ের সংখ্যাই বেশি। সন্ধ্যা হলেই পাখির কিচিরমিচিরে মুখর হয়ে ওঠে চারপাশের পরিবেশ। পাখিদের এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিন বকুল গাছের নিচে ভিড় করেন উৎসুক জনতা। 

জামালপুর পৌরশহরের টিউবয়েলপাড় এলাকার ব্যস্ততম জামালপুর-টাংগাইল ও জামালপুর সরিষাবাড়ী সংযোগ সড়কের ঠিক মাঝখানে ছোট্ট একটি বকুল গাছ। আর সেখানেই প্রতিদিন সন্ধ্যায় বসে চড়ুই পাখির মেলা। সড়কে যানজটের কারণে দিনের বেলায় চড়ুই পাখির কোলাহলের দৃশ্য খুব একটা চোখে পড়ে না। দিনের বেলায় এরা ছুটে বেড়ায় খাবারের সন্ধানে, কেউ উড়ে যায় দূরের কোনো গাছের দিকে, কিন্তু সূর্য ডুবতেই বদলে যায় বকুল গাছের দৃশ্যপট। 

স্থানীয়রা জানান, প্রতিদিন ভোরে পাখিগুলো খাবারের সন্ধানে বিভিন্ন দিকে উড়ে চলে যায়। সারাদিন শহর ও আশপাশের এলাকায় ঘুরে খাবার সংগ্রহের পর সূর্যাস্তের সময় আবারও তারা ফিরে আসে এই গাছে। সারারাত এখানেই কাটে তাদের। রাত পেরিয়ে ভোর হলে আবারও শুরু হয় উড়ে যাওয়ার পালা। গত তিন বছর ধরে পাখিগুলো এই গাছেই রাত কাটাচ্ছে। গাছটিতে কয়েক হাজারেরও বেশি চড়ুই পাখি বসবাস করে আসছে।

সরেজমিনে দেখা যায়,আকারে ছোট বকুল গাছটিতে সন্ধ্যার পর দেখা মেলে হাজারো চড়ুই পাখির। এসময় এর প্রায় প্রতিটি শাখা-প্রশাখা চড়ুই পাখিতে ভরে যায়। পাশাপাশি আর গাদাগাদি করে বসে থাকে পাখিগুলো। তাদের ছোটাছুটিতে গাছের সরু ডালগুলো তখন অনবরত নড়তে থাকে। পাখিদের অবিরাম কিচিরমিচির ডাকে আশপাশের পরিবেশও হয়ে ওঠে প্রাণবন্ত।

স্থানীয় বাসিন্দা মাসুদ রানা বলেন,সন্ধ্যা হলে শহরের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা দেখতে আসে পাখিগুলোকে। প্রবল ঝড় বৃষ্টির মধ্যেও পাখিগুলো গাছেই থাকে,অন্য কোথাও যায় না। তিনি বলেন, এই গাছে তিন হাজারের বেশি পাখি রয়েছে। সন্ধ্যায় পাখিগুলো গাছে আসে,আবার ভোরে খাবারের সন্ধানে বিভিন্ন দিকে উড়ে চলে যায়।

জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিম বলেন, নতুন নতুন আবাসস্থল নির্মাণে মানুষ গাছপালা কেটে সাবাড় করে ফেলছে। এতে করে পাখিদের আবাসস্থল ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই পাখির আবাসস্থল ও খাবারের জায়গা নষ্ট না করে তাদের নিরাপদে বসবাসের সুযোগ করে দিতে হবে। পাখিগুলোকে পর্যাপ্ত সুরক্ষা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

পাখি সুরক্ষায় কাজ করা সামাজিক সংগঠন ‘বিহঙ্গ’ এর সাধারণ সম্পাদক মো. মাহাবুবুর রহমান বলেন, চড়ুই পাখি সাধারণত দলবদ্ধভাবে গাছপালা ও মানুষের বসতবাড়ির আশপাশে থাকে। একসঙ্গে অনেক চড়ুই থাকলেও ডিম দেওয়ার আগে প্রতিটি জোড়া আলাদা বাসা তৈরি করে। সেখানেই তারা ডিম দেয় ও বাচ্চা ফোটায়। বাচ্চা ফুটলে মা-বাবা চড়ুই খাবার সংগ্রহ করে এনে তাদের খাওয়ায়। কয়েক সপ্তাহের মধ্যেই আবার সেই বাসা ছেড়ে তারা অন্যত্র চলে যায়।

সময়ের আলো/এনএন
  বিষয়:   সন্ধ্যা  বকুল গাছ  চড়ুই পাখির মেলা  জামালপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: