সুনামগঞ্জে দুই সেতুর কাজ বন্ধ, এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনের বিএনপির সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল ও তার অনুসারীদের বিরুদ্ধে ঠিকাদারের কাছে এক কোটি

2026-10-28T18:21:56+00:00
2026-10-28T18:21:56+00:00
 
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
সুনামগঞ্জে দুই সেতুর কাজ বন্ধ, এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:২১ পিএম 
ছবি : সংগৃহীত
সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনের বিএনপির সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল ও তার অনুসারীদের বিরুদ্ধে ঠিকাদারের কাছে এক কোটি টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি এবং দুটি সেতুর নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। চাঁদা না পেয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ঠিকাদার শফিকুল ইসলাম। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সংসদ সদস্য নুরুল ইসলাম।

ঠিকাদার শফিকুল ইসলাম মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়েও একই অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। অভিযোগে চাঁদা দাবি, হুমকি, হয়রানি ও সরকারি উন্নয়নকাজে বাধা দেওয়ার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া এবং নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন শফিকুল ইসলাম।

শফিকুল ইসলাম সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট এলাকার বাসিন্দা এবং ইসলাম ট্রেডার্সের স্বত্বাধিকারী। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার মুক্তিরখলা-১ ও সালামপুর সেতুর নির্মাণকাজ করছেন। তার দাবি, প্রায় ৮৭ কোটি টাকা ব্যয়ে সেতু দুটির নির্মাণকাজ বিভিন্ন সময়ে বন্ধ করে দেওয়া হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ২০ অক্টোবর দুই দফায় মুক্তিরখলা-১ সেতুর নির্মাণকাজে বাধা দেওয়া হয়। সর্বশেষ মঙ্গলবার সালামপুর সেতুর কাজও বন্ধ করে দেওয়া হয়। ওই দিন বিকেলে এলাকা দিয়ে ফেরার পথে সংসদ সদস্য নুরুল ইসলাম সেতুটির নির্মাণকাজ নিয়ে প্রশ্ন তোলেন এবং কাজ বন্ধ রাখতে বলেন বলে অভিযোগ করেন ঠিকাদার।

এ সময় সংসদ সদস্যের সঙ্গে থাকা লোকজন কয়েকজন শ্রমিককে মারধর করেন বলেও অভিযোগ উঠেছে। এতে নির্মাণকাজে ব্যবহৃত রোলারের চালক মনির, পে-লোডার চালক কবির আহমদ এবং সাইট ঠিকাদার হোসেন আহমদ আহত হন বলে জানা গেছে।

বুধবার আবারও সেতু দুটি পরিদর্শন করেন সংসদ সদস্য নুরুল ইসলাম। এ সময় নির্মাণকাজে অনিয়মের অভিযোগ তুলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।


স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেওয়া অভিযোগে শফিকুল ইসলাম উল্লেখ করেন, সংসদ সদস্য ও তার অনুসারীরা বিভিন্ন সময়ে তার কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করেছেন। দাবিকৃত টাকা না দেওয়ায় বিভিন্ন ব্যক্তি ও মাধ্যমে তার ওপর চাপ সৃষ্টি, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।

অভিযোগে আরও বলা হয়, গত ২০ অক্টোবর সুনামগঞ্জ পৌর যুবদলের এক নেতা ফোন করে সংসদ সদস্যের সঙ্গে দেখা করে বিষয়টি সমাধানের জন্য তাকে চাপ দেন। এর আগে ৫ অক্টোবর জেলা যুবদলের এক নেতা তাকে ফোনে হুমকি দেন বলেও দাবি করেছেন শফিকুল ইসলাম।

ঠিকাদারের দাবি, গত ১৭ সেপ্টেম্বর সুনামগঞ্জ সার্কিট হাউসের সামনের সড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ১৮ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে ৫১ নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া গত বছরের ২৮ মার্চ জামালগঞ্জ থানার বেহেলী ইউনিয়নের করালজান বিল গ্রুপ (খ) জলমহালের অন্তর্গত কাবিলার বিলের মাছ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তাকে ১৩ নম্বর আসামি করা হয়। এ ঘটনায় তার সিলেটের বাসায় পুলিশও পাঠানো হয় বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি।  

চাঁদা দাবি ও নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ অস্বীকার করে নুরুল ইসলাম বলেন, এসব অভিযোগ অবান্তর। কে চাঁদা দাবি করেছেন এবং কে হুমকি দিয়েছেন, তা ঠিকাদারকে প্রমাণ করতে হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   সুনামগঞ্জ  সেতু  কাজ বন্ধ  বিএনপি  এমপি  চাঁদা দাবি  অভিযোগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: