গ্রাফিক সময়ের আলোসৃজনশীল কাজের প্রতি ভালোবাসা থেকেই উদ্যোক্তা জীবনের যাত্রা শুরু করেন ফারজানা শারমিন। বুবুন নামে একটি অনলাইন পেজ শুরু করেন। নিজের হাতে নতুন কিছু তৈরি করা এবং মানুষের কাছে নান্দনিক পণ্য তুলে দেওয়ার ইচ্ছা ছিল তার। সেই ইচ্ছা থেকেই হ্যান্ডিক্রাফট ও হাতে তৈরি পণ্যের ব্যবসায় যুক্ত হন তিনি। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে স্বতন্ত্র পরিচয় তৈরি করা এবং আত্মনির্ভরশীল হওয়াই ছিল তার মূল লক্ষ্য।
শুরুটা খুব সহজ ছিল না। সীমিত পুঁজি ও নিজের পরিশ্রমকে সম্বল করে ছোট পরিসরে কাজ শুরু করেন ফারজানা। হাতে তৈরি পণ্যের প্রতি আগ্রহ থেকেই তার ব্যবসার ধারণা আসে। তিনি বিশ্বাস করেন, সঠিক মান, আকর্ষণীয় ডিজাইন ও আন্তরিকতা দিয়ে কাজ করলে দেশীয় হ্যান্ডিক্রাফট পণ্যের ভালো বাজার তৈরি করা সম্ভব।
ব্যবসার শুরুর দিকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তাকে। পুঁজি সংগ্রহ, কাঁচামাল কেনা, পণ্যের সঠিক মূল্য নির্ধারণ এবং ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দেওয়া ছিল বড় চ্যালেঞ্জ। হাতে তৈরি প্রতিটি পণ্যে দিতে হয় বিশেষ যত্ন। এ কাজে সময় ও শ্রম দুটোই বেশি লাগে। পাশাপাশি বাজারে প্রতিযোগিতা মোকাবিলা করা এবং নিয়মিত ক্রেতা তৈরি করাও সহজ ছিল না।
তবে প্রতিকূলতা তাকে থামিয়ে রাখতে পারেনি। ধৈর্য, পরিশ্রম ও অভিজ্ঞতার মাধ্যমে ধীরে ধীরে এগিয়ে গেছেন তিনি। প্রতিনিয়ত নতুন কিছু শিখছেন। ক্রেতাদের চাহিদা বোঝা এবং পণ্যের মান ধরে রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন। ফারজানা মনে করেন, ব্যবসায় সফল হতে হলে পণ্যের গুণগত মান ও ক্রেতার সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
সময়ের সঙ্গে তার কাজের অভিজ্ঞতা ও দক্ষতা বেড়েছে। পণ্যের বৈচিত্র্যও বাড়ানোর চেষ্টা করছেন তিনি। বর্তমানে ব্যবসাকে আরও সুসংগঠিতভাবে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে তার। শুধু খুচরা বিক্রির মধ্যে সীমাবদ্ধ না থেকে পাইকারি বিক্রির মাধ্যমেও আরও বেশি ক্রেতার কাছে পৌঁছাতে চান ফারজানা।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, নতুন ডিজাইনের হ্যান্ডিক্রাফট পণ্য তৈরি, অনলাইন বিক্রি বৃদ্ধি এবং বিভিন্ন শোরুম ও গিফট শপের সঙ্গে কাজ করার ইচ্ছা রয়েছে তার। নিজের ব্যবসাকে একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ড হিসেবে গড়ে তোলাই তার স্বপ্ন। একই সঙ্গে হাতে তৈরি পণ্যের মাধ্যমে নারীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চান তিনি।
তবে ব্যবসা সম্প্রসারণের জন্য প্রয়োজন পর্যাপ্ত পুঁজি, সহজ শর্তে ঋণ, প্রশিক্ষণ ও বাজারসংযোগের সুযোগ। উন্নত কাঁচামাল সংগ্রহ, উৎপাদন বৃদ্ধি, নতুন ডিজাইন তৈরি এবং পণ্যের প্রচারে আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তিনি। এসব সুযোগ পেলে ব্যবসাকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়া সম্ভব হবে। তার প্রত্যাশা, নিজের উদ্যোগের পাশাপাশি অন্যদের জন্যও কাজের সুযোগ তৈরি করতে পারবেন।
নতুন উদ্যোক্তাদের উদ্দেশে ফারজানা শারমিন বলেন, ব্যবসা শুরু করার জন্য অনেক বড় পুঁজি কিংবা সবকিছু নিখুঁত হওয়ার অপেক্ষা করা উচিত নয়। নিজের দক্ষতা ও আগ্রহকে কাজে লাগিয়ে ছোট পরিসরেই শুরু করা যায়। প্রথম দিকে ভুল হতে পারে, বাধা আসতে পারে, এমনকি হতাশাও গ্রাস করতে পারে। কিন্তু ধৈর্য ধরে শিখতে হবে এবং কাজের মান বজায় রাখতে হবে।
তিনি আরও মনে করেন, সততা, পরিশ্রম ও ক্রেতার চাহিদা বোঝার মানসিকতা একজন উদ্যোক্তার এগিয়ে যাওয়ার শক্তি। অন্যের সাফল্যের সঙ্গে নিজের তুলনা না করে প্রতিদিন নিজের উন্নতির দিকে মনোযোগ দেওয়া জরুরি।
ফারজানা শারমিনের বিশ্বাস, আত্মবিশ্বাস, নিষ্ঠা ও ধারাবাহিক প্রচেষ্টা থাকলে ছোট উদ্যোগও এক দিন বড় প্রতিষ্ঠানে পরিণত হতে পারে। সেই বিশ্বাসকে সঙ্গী করেই নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছেন তিনি।
সময়ের আলো/আতা