হৃদরোগের ঝুঁকি কমাতে চা কতটা উপকারী?

সময়ের আলো ডেস্ক

ফিচার

সকালে ঘুম থেকে উঠে কিংবা দিনের বিভিন্ন সময়ে চা পান করেন অনেকেই। চা শুধু ক্লান্তি দূর করতে বা মন ভালো

2026-10-29T14:04:15+00:00
2026-10-29T14:08:52+00:00
 
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
ফিচার
হৃদরোগের ঝুঁকি কমাতে চা কতটা উপকারী?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ২:০৪ পিএম  আপডেট: ২৯.১০.২০২৬ ২:০৮ পিএম
চা শুধু ক্লান্তি দূর করতে বা মন ভালো রাখতেই সাহায্য করে না, হৃদযন্ত্রের সুস্থতার সঙ্গেও এর সম্পর্ক রয়েছে। ছবি : সংগৃহীত
সকালে ঘুম থেকে উঠে কিংবা দিনের বিভিন্ন সময়ে চা পান করেন অনেকেই। চা শুধু ক্লান্তি দূর করতে বা মন ভালো রাখতেই সাহায্য করে না, হৃদযন্ত্রের সুস্থতার সঙ্গেও এর সম্পর্ক রয়েছে। নতুন এক গবেষণায় দেখা গেছে, নিয়মিত চা পানকারীদের হৃদরোগ ও রক্তনালিসংক্রান্ত সমস্যার ঝুঁকি চা পান না করা ব্যক্তিদের তুলনায় ১১ শতাংশ কম হতে পারে। তবে চা পানের ধরন, তাপমাত্রা ও পরিমাণের ওপর এর প্রভাব নির্ভর করতে পারে।

চীনের ৪ লাখ ৮৫ হাজার ৯৩৪ জন প্রাপ্তবয়স্ককে নিয়ে নয় বছর ধরে গবেষণাটি পরিচালনা করা হয়। এতে দেখা গেছে, কুসুম গরম ও মাঝারি গাঢ় কালো চা হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। ধূমপান না করা ও নিয়মিত ব্যায়ামের মতো স্বাস্থ্যকর অভ্যাসের পাশাপাশি যারা চা পান করেন, তাদের হৃদরোগের ঝুঁকি সবচেয়ে কম ছিল। ধূমপায়ীদের ক্ষেত্রেও চা কিছুটা সুরক্ষা দিতে পারে বলে গবেষণায় ধারণা পাওয়া গেছে।

ডার্টমাউথ হিচকক মেডিকেল সেন্টারের হৃদযন্ত্র ও রক্তনালিবিষয়ক কেন্দ্রের ক্লিনিক্যাল পুষ্টিবিদ জিন কোপল্যান্ড বলেন, ‘ধূমপান না করার মতো উপকার চা পান থেকে পাওয়া যায় না। তবে, ধূমপায়ীদের ক্ষেত্রেও কিছু উপকার দেখা যেতে পারে। চায়ের কার্যকারিতা সম্পর্কে বিষয়টি গুরুত্বপূর্ণ তথ্য দেয়।’


মাঝারি গাঢ় চায়ে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট

চা ক্যাটেচিনের ভালো উৎস। এটি একধরনের ফ্ল্যাভোনয়েড, যার অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহরোধী বৈশিষ্ট্য রয়েছে। এসব উপাদান রক্তপ্রবাহ উন্নত করতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে। স্মৃতিশক্তি হ্রাসের ঝুঁকির সঙ্গেও এসব উপাদানের সম্পর্ক রয়েছে।

পুষ্টিবিদ জিন কোপল্যান্ডের মতে, চা পাতার অ্যান্টিঅক্সিডেন্ট পানিতে মিশতে দুই থেকে তিন মিনিট চা ভিজিয়ে রাখাই যথেষ্ট। বেশি সময় ভিজিয়ে রাখলে উপকার বাড়ে না; বরং চায়ের স্বাদ তেতো হতে পারে এবং ক্যাটেচিনের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।


কালো চা কি সবুজ চায়ের চেয়ে বেশি উপকারী?

গবেষণায় সবুজ চায়ের তুলনায় কালো চায়ের সঙ্গে হৃদযন্ত্রের সুস্থতার সম্পর্ক বেশি ধারাবাহিকভাবে দেখা গেছে। আগের গবেষণাগুলোতেও চিনি ছাড়া কালো বা সবুজ চা কোলেস্টেরল কমাতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে বলে ধারণা পাওয়া গেছে।

ডেট্রয়েটের নিবন্ধিত পুষ্টিবিদ ও অ্যাকাডেমি অব নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিকসের মুখপাত্র গ্রেস ডেরোচা বলেন, ‘কালো চায়ে থিয়াফ্লাভিন নামের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি প্রদাহ এবং শরীরে চর্বি বিপাকের প্রক্রিয়ায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে।’

তবে তার মতে, এ থেকে কালো চা সবুজ চায়ের চেয়ে বেশি উপকারী- এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। দুই ধরনের চায়েই উপকারী উদ্ভিজ্জ উপাদান রয়েছে এবং উভয়ই হৃদযন্ত্রের সুস্থতায় সহায়তা করতে পারে।


অতিরিক্ত গরম চা হতে পারে ক্ষতিকর

চায়ের ধরন, গাঢ়ত্ব ও তাপমাত্রার প্রভাবও গবেষণায় পরীক্ষা করা হয়েছে। এতে দেখা গেছে, অতিরিক্ত গরম চা পান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। এর সঙ্গে রক্তনালির রোগ এবং পাকস্থলী ও খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি বৃদ্ধির সম্পর্কও পাওয়া গেছে।

গবেষণায় কুসুম গরম বা স্বাভাবিক তাপমাত্রার ছয় থেকে আট কাপ চা পানের সঙ্গে হৃদযন্ত্রের উপকারের সম্পর্ক দেখা গেছে। তবে এই পরিমাণ সবার জন্য উপযুক্ত, এমনটি বলা যায় না।

হৃদরোগ বিশেষজ্ঞ আনাম ওয়াহিদের মতে, পরিমিত পরিমাণে সাধারণ চা পান করলে রক্তনালির রোগের ঝুঁকি কম থাকতে পারে। কিন্তু অতিরিক্ত গরম চা ক্ষতিকর হতে পারে এবং বেশি চা পান করলেই যে বেশি উপকার পাওয়া যাবে, তা নয়।

প্রতিদিন কত কাপ চা পান করা যেতে পারে?

গবেষণায় অংশগ্রহণকারীরা নিজেরাই তাদের চা পানের পরিমাণ জানিয়েছিলেন। তাদের ব্যবহৃত কাপের আকারও এক ছিল না। ফলে, হৃদযন্ত্রের জন্য চায়ের সুনির্দিষ্ট উপকারী পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

পুষ্টিবিদ গ্রেস ডেরোচার মতে, অতিরিক্ত চা পান করলে বাড়তি উপকার নাও মিলতে পারে। বরং বেশি ক্যাফেইন গ্রহণের কারণে ঘুমের সমস্যা হতে পারে। আগের কিছু গবেষণায় প্রতিদিন দুই থেকে চার কাপ চা পানকে উপকারী হিসেবে দেখা হয়েছে।

চায়ে চিনি ও দুধ মেশালে অ্যান্টিঅক্সিডেন্টের কার্যকারিতা কমতে পারে। তাই চিনি এড়িয়ে চায়ের স্বাদ বাড়াতে লেবুর রস, পুদিনাপাতা বা দারুচিনি ব্যবহার করা যেতে পারে।

সূত্র : ভেরিওয়েল হেলথ

সময়ের আলো/মহু

  বিষয়:   হৃদরোগ  চা  উপকারিতা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: