ঘুম থেকে উঠে চোখ মেলতেই এক কাপ গরম চা কিংবা কফি দিয়ে দিনের শুরু করেন অনেকে। কিন্তু বিছানা ছাড়ার পরপরই ক্যাফেইন গ্রহণ করা কি ক্ষতিকর? এতে কি বাড়তে পারে রক্তচাপ বা হৃদস্পন্দন? কারা নিয়মিত কফি পান করেও নিশ্চিন্ত থাকতে পারেন, আর কাদেরই বা একটু সতর্ক হওয়া প্রয়োজন? বিশেষজ্ঞদের মতে, বিষয়টি অনেকটাই নির্ভর করে আপনি কতটা ক্যাফেইন গ্রহণ করছেন এবং আপনার শরীর সেটিকে কীভাবে গ্রহণ করছে তার ওপর।
চা-কফি খেলেই কেন ঘুম কেটে যায়
ক্যাফেইন শরীরে গিয়ে অ্যাডেনোসিন নামের একটি রাসায়নিকের কার্যক্রম বাধাগ্রস্ত করে। অ্যাডেনোসিন শরীরকে শিথিল ও ঘুমঘুম অনুভূতি দিতে ভূমিকা রাখে। ফলে, ক্যাফেইন গ্রহণের পর সাময়িকভাবে সতর্কতা ও মনোযোগ বাড়ে। এ কারণেই ঘুম থেকে উঠে এক কাপ কফি অনেকের কাছে এতটা কার্যকর মনে হয়।
তবে, ক্যাফেইন গ্রহণের পর সাময়িকভাবে হৃদস্পন্দন ও রক্তচাপ কিছুটা বেড়ে যেতে পারে। সবার ক্ষেত্রে এই প্রতিক্রিয়া অবশ্য এক রকম নয়। এর পেছনে জিনগত বৈশিষ্ট্য, বয়স, নিয়মিত ক্যাফেইন গ্রহণের অভ্যাস, ওষুধ এবং অন্যান্য শারীরিক অবস্থার ভূমিকা থাকতে পারে।
দিনে কতটা ক্যাফেইন নিরাপদ
কার্ডিওলজিস্ট ডা. অংশু কবরা আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, অধিকাংশ সুস্থ প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে দিনে প্রায় ৪০০ মিলিগ্রাম পর্যন্ত ক্যাফেইন সাধারণত নিরাপদ।
তবে, এক কাপ বললেই ক্যাফেইনের পরিমাণ নির্দিষ্ট হয়ে যায় না। কফি, চা বা অন্য কোনো ক্যাফেইনযুক্ত পানীয়ে এর পরিমাণ ভিন্ন হতে পারে। এমনকি একই পানীয়ের কাপের আকার ও তৈরির পদ্ধতির কারণেও ক্যাফেইনের মাত্রায় পার্থক্য হতে পারে।
কফি কি হার্টের জন্য খারাপ
কফি পান করার পর বুক ধড়ফড় করার অভিজ্ঞতা অনেকেরই আছে। তাই অনেকেই ভাবেন, এটা হার্টের কোনো ক্ষতি করছে কী না?
ডা. কবরা জানান, পর্যবেক্ষণভিত্তিক একাধিক গবেষণায় পরিমিত কফি পানের সঙ্গে করোনারি আর্টারি ডিজিজ, স্ট্রোক ও হার্ট ফেইলিউরের ঝুঁকি কম থাকার সম্পর্ক পাওয়া গেছে। তবে এর অর্থ এই নয় যে, কফি কোনো ওষুধ বা হৃদ্রোগ প্রতিরোধের চিকিৎসা। বরং স্বাভাবিক খাদ্যাভ্যাসের অংশ হিসেবে পরিমিত কফি গ্রহণ করা যেতে পারে।
কারা একটু বেশি সতর্ক থাকবেন
কফি পান করার পর যদি বারবার বুক ধড়ফড় করে, বিষয়টি একেবারে উপেক্ষা করা ঠিক নয়। ক্যাফেইন গ্রহণের পর হৃদস্পন্দন অস্বাভাবিক দ্রুত হওয়া, বুক ধড়ফড়, অস্থিরতা বা উদ্বেগ বেড়ে যাওয়া, ঘুমের সমস্যা কিংবা রক্তচাপ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেলে ক্যাফেইনের পরিমাণ কমানো উচিত। বিশেষ করে অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ এবং হার্টের রিদম ডিজঅর্ডার রয়েছে- এমন ব্যক্তিদের ক্যাফেইন গ্রহণে সতর্ক থাকা প্রয়োজন।
শুধু কফি নয়, কাপে কী দিচ্ছেন সেটাও গুরুত্বপূর্ণ
অনেকে কফিকে স্বাস্থ্যকর মনে করলেও তাতে প্রচুর চিনি, ফ্লেভারড সিরাপ বা ভারী ক্রিমার যোগ করেন। অতিরিক্ত চিনি, সিরাপ ও উচ্চ ক্যালরির ক্রিমার দিয়ে তৈরি কফি সাধারণ কফির মতো থাকে না। ডা. কবরা তাই অতিরিক্ত চিনি, ফ্লেভারড সিরাপ ও উচ্চ ক্যালরির ক্রিমার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।
সময়ের আলো/মহু