
‘দ্য মাউসট্র্যাপ’-এর মূল আকর্ষণ এর রহস্যময় কাহিনি। ছবি : সংগৃহীত
‘দ্য মাউসট্র্যাপ’-এর মূল আকর্ষণ এর রহস্যময় কাহিনি। ছবি : সংগৃহীত একটি নাটক কত দিন ধরে মঞ্চস্থ হতে পারে? এক বছর, পাঁচ বছর কিংবা বড়জোর এক দশক? কিন্তু এমন একটি মঞ্চনাটক রয়েছে, যার প্রদর্শনী চলছে সাত দশকেরও বেশি সময় ধরে। নাম ‘দ্য মাউসট্র্যাপ’। ব্রিটিশ রহস্যসাহিত্যিক আগাথা ক্রিস্টির লেখা এই নাটক জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও। সময়ের সঙ্গে বদলেছে দর্শক, অভিনয়শিল্পী ও পৃথিবীর চিত্র। করোনাভাইরাস মহামারির সময় সাময়িক বিরতি পড়লেও আবার মঞ্চে ফিরেছে নাটকটি। লন্ডনের ওয়েস্ট এন্ডে এখনো দর্শকদের টানছে এর রহস্যময় গল্প।
কিন্তু কী আছে এই নাটকে, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকদের আগ্রহ ধরে রেখেছে? কীভাবে একটি রহস্যনাটক এত দীর্ঘ সময় ধরে মঞ্চে নিজের অবস্থান ধরে রেখেছে?
ব্রিটেনের রানি মেরি ছিলেন রহস্যকাহিনির অনুরাগী। ১৯৪৭ সালে তার ৮০তম জন্মদিন উপলক্ষে বিবিসি রেডিও একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে রানি কী শুনতে চান, তা জানতে চাওয়া হলে তিনি প্রিয় লেখক আগাথা ক্রিস্টির লেখা একটি নতুন রেডিও নাটকের কথা জানান।
রানির ইচ্ছা পূরণে আগাথা ক্রিস্টির সঙ্গে যোগাযোগ করে বিবিসি। জন্মদিনের উপহার হিসেবে তিনি লিখে ফেলেন প্রায় ৩০ মিনিটের একটি রেডিও নাটক। নাম দেন ‘থ্রি ব্লাইন্ড মাইস’। পরিচিত একটি ইংরেজি ছড়া থেকে নেওয়া হয়েছিল নামটি।
১৯৪৭ সালের ৩০ মে বিবিসি রেডিওতে প্রচারিত হয় নাটকটি। রানি মেরির পাশাপাশি সাধারণ শ্রোতারাও এর রহস্যময় কাহিনি উপভোগ করেন। শ্রোতাদের সাড়া পেয়ে আগাথা ক্রিস্টি গল্পটিকে আরও বিস্তৃত করে মঞ্চনাটক তৈরির পরিকল্পনা করেন।
রেডিও নাটকের কাহিনিতে যুক্ত হয় নতুন চরিত্র ও রহস্যের নানা বাঁক। তবে, মঞ্চে আনার সময় নাম নিয়ে জটিলতা দেখা দেয়। ‘থ্রি ব্লাইন্ড মাইস’ নামে যুক্তরাজ্যের থিয়েটারে আগে থেকেই একটি নাটক নিবন্ধিত ছিল। ফলে, নতুন নাম খুঁজতে হয় লেখককে।
নাটকটির নতুন নাম নিয়ে ভাবনার একপর্যায়ে আগাথা ক্রিস্টির মেয়ে রোসালিন্ডের স্বামী অ্যান্থনি হিকস প্রস্তাব করেন ‘দ্য মাউসট্র্যাপ’ নামটি। নামটি নেওয়া হয়েছিল বিশ্বখ্যাত নাট্যকার উইলিয়াম শেকসপিয়ারের ‘হ্যামলেট’ নাটক থেকে। সেখানে যুবরাজ হ্যামলেট রাজা ও রানির সামনে একটি নাটক মঞ্চস্থ করার ব্যবস্থা করেন। এর মাধ্যমে অপরাধীর প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করে সত্য উদ্ঘাটন করতে চেয়েছিলেন তিনি। মজা করে সেই নাটকের নাম দিয়েছিলেন ‘দ্য মাউসট্র্যাপ’, যার অর্থ ইঁদুর ধরার ফাঁদ।
আগাথা ক্রিস্টির রহস্যনাটকের কাহিনির সঙ্গেও নামটির যথেষ্ট মিল ছিল। এখানেও কয়েকজন মানুষ একটি বাড়ির মধ্যে আটকা পড়ে। তাদের প্রত্যেকের আচরণ ও অতীত ঘিরে তৈরি হয় সন্দেহ। কে সত্য বলছে, কে নিজের পরিচয় আড়াল করছে, তা বোঝা কঠিন হয়ে ওঠে। শেষ পর্যন্ত এই নামই চূড়ান্ত করা হয়।
১৯৫২ সালের ৬ অক্টোবর ইংল্যান্ডের নটিংহামের থিয়েটার রয়্যালে প্রথম মঞ্চস্থ হয় ‘দ্য মাউসট্র্যাপ’। বিভিন্ন শহরে প্রদর্শনীর পর একই বছরের ২৫ নভেম্বর লন্ডনের অ্যাম্বাসেডরস থিয়েটারে শুরু হয় এর প্রদর্শনী। প্রযোজক ছিলেন পিটার সন্ডার্স। লন্ডনের প্রথম প্রদর্শনীতে অভিনয় করেন রিচার্ড অ্যাটেনবরো, তার স্ত্রী শীলা সিমসহ আরও অনেকে। শুরু থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসা পায় নাটকটি। সেই শুরু, এরপর আর থামেনি এর দীর্ঘ মঞ্চযাত্রা।
‘দ্য মাউসট্র্যাপ’-এর মূল আকর্ষণ এর রহস্যময় কাহিনি। গল্পের পটভূমি লন্ডনের বাইরে অবস্থিত পুরোনো বাড়ি মঙ্কসওয়েল ম্যানর। জাইলস ও মলি র্যালস্টন নামের এক নবদম্পতি বাড়িটিকে অতিথিশালা হিসেবে চালু করে। কিন্তু ব্যবসার শুরুতেই তাদের সামনে হাজির হয় অপ্রত্যাশিত বিপদ। বাইরে শুরু হয় প্রচণ্ড তুষারঝড়। চারপাশ বরফে ঢেকে যাওয়ায় বন্ধ হয়ে যায় রাস্তাঘাট। বিচ্ছিন্ন হয়ে পড়ে টেলিফোন সংযোগও। বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগের পথ বন্ধ হয়ে যাওয়ায় বাড়িটির বাসিন্দারা কার্যত বন্দি হয়ে পড়ে।
এমন পরিস্থিতিতে সেখানে আশ্রয় নেন কয়েকজন অতিথি। তাদের মধ্যে রয়েছেন অদ্ভুত আচরণের তরুণ স্থপতি ক্রিস্টোফার রেন, খিটখিটে স্বভাবের মিসেস বয়েল, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা মেজর মেটকাফ, রহস্যময় মিস ক্যাসওয়েল এবং বিদেশি মি. পারাভিচিনি।
এর মধ্যেই স্কি ব্যবহার করে বরফ পেরিয়ে বাড়িতে হাজির হন পুলিশ কর্মকর্তা সার্জেন্ট ট্রটার। তিনি জানান, লন্ডনে এক নারী খুন হয়েছেন। ঘটনাস্থলের কাছে পাওয়া একটি নোটবুকে মঙ্কসওয়েল ম্যানরের ঠিকানা লেখা রয়েছে। সেখানে উল্লেখ আছে ‘থ্রি ব্লাইন্ড মাইস’ ছড়াটিরও। তাহলে কি খুনি এই বাড়ির মধ্যেই লুকিয়ে আছে? অতিথিদের মধ্যে কে অপরাধী, আর কে হতে পারে পরবর্তী শিকার?
একপর্যায়ে বাড়িতে আরও একটি হত্যাকাণ্ড ঘটে। অতিথিরা একে অপরকে সন্দেহ করতে শুরু করেন। প্রত্যেকের অতীত ও আচরণ নিয়ে তৈরি হয় নানা প্রশ্ন। বাইরে তুষারঝড়, ভেতরে খুনির আতঙ্ক- সব মিলিয়ে মঙ্কসওয়েল ম্যানর যেন পরিণত হয় এক মৃত্যুফাঁদে।
গল্পের শেষ দিকে অপেক্ষা করে বড় এক চমক। এই চমকই নাটকটির সবচেয়ে বড় আকর্ষণ। তাই এর রহস্য আগে থেকে জেনে না নিয়ে মঞ্চে বসে পুরো গল্প উপভোগ করাই দর্শকদের জন্য সবচেয়ে ভালো অভিজ্ঞতা।
ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে কোনো সিনেমা বা সিরিজের শেষ চমক গোপন রাখা বেশ কঠিন। গল্পের গুরুত্বপূর্ণ ঘটনা কিংবা অপরাধীর পরিচয় আগেভাগেই প্রকাশ করে দেওয়ার ঘটনাও প্রায়ই ঘটে। কিন্তু ‘দ্য মাউসট্র্যাপ’ এ ক্ষেত্রে তৈরি করেছে এক অনন্য ঐতিহ্য।
প্রতিটি প্রদর্শনী শেষে অভিনেতারা মঞ্চে এসে দর্শকদের অভিবাদন জানান। এ সময় সার্জেন্ট ট্রটার চরিত্রে অভিনয় করা অভিনেতা দর্শকদের কাছে বিশেষ একটি অনুরোধ করেন- নাটকের শেষ রহস্য যেন অন্য কারও কাছে প্রকাশ না করা হয়। উদ্দেশ্য, পরবর্তী সময়ে যারা নাটকটি দেখতে আসবেন, তারাও যেন খুনির পরিচয় ও গল্পের শেষ চমক নিজেরাই আবিষ্কার করতে পারেন।
দীর্ঘদিন ধরে এই অনুরোধ নাটকটির ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে। দর্শকেরাও যেন এর গোপনীয়তা রক্ষার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন। নাটক দেখে বেরিয়ে এসে তারা রহস্যের সমাধান প্রকাশ করেন না। ফলে, নতুন দর্শকেরাও আগের প্রজন্মের মতোই গল্পের শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা ধরে রাখতে পারেন।
এত জনপ্রিয় একটি নাটক নিয়ে সিনেমা নির্মাণের আগ্রহ তৈরি হওয়াই স্বাভাবিক। কিন্তু ‘দ্য মাউসট্র্যাপ’-এর ক্ষেত্রে রয়েছে বিশেষ একটি বাধা।
১৯৫৬ সালে নাটকটির চলচ্চিত্র নির্মাণের স্বত্ব বিক্রির সময় আগাথা ক্রিস্টি একটি শর্ত জুড়ে দেন। সেটি হলো, লন্ডনের ওয়েস্ট এন্ডে নাটকটির প্রদর্শনী বন্ধ হওয়ার অন্তত ৬ মাস পরই কেবল এর চলচ্চিত্র নির্মাণ করা যাবে। অর্থাৎ মঞ্চে নাটকটির প্রদর্শনী চলতে থাকলে এর অনুমোদিত চলচ্চিত্ররূপ তৈরির সুযোগ নেই। যেহেতু সাত দশকের বেশি সময় পরও নাটকটি মঞ্চে চলছে, তাই এখনো এর সরাসরি চলচ্চিত্ররূপ তৈরি হয়নি।
তবে ২০২২ সালে মুক্তি পাওয়া ‘সি হাউ দে রান’ নামের রহস্য-কমেডি চলচ্চিত্রে ‘দ্য মাউসট্র্যাপ’ গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে। ১৯৫০-এর দশকের লন্ডনের থিয়েটারজগৎকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটির গল্পে নাটকটির চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা এবং সংশ্লিষ্ট একটি হত্যাকাণ্ডের ঘটনা রয়েছে। তবে, এটি আগাথা ক্রিস্টির মূল নাটকের চলচ্চিত্ররূপ নয়।
দীর্ঘ সময় ধরে মঞ্চস্থ হওয়ার পাশাপাশি প্রদর্শনীর সংখ্যার দিক থেকেও ‘দ্য মাউসট্র্যাপ’ গড়েছে অনন্য ইতিহাস। ১৯৫২ সালে নটিংহামে যাত্রা শুরুর পর একই বছরের ২৫ নভেম্বর লন্ডনের অ্যাম্বাসেডরস থিয়েটারে এর প্রদর্শনী শুরু হয়। ১৯৭৪ সালে নাটকটি স্থানান্তরিত হয় সেন্ট মার্টিনস থিয়েটারে। এরপর থেকে এই থিয়েটারই হয়ে উঠেছে এর স্থায়ী মঞ্চ।
দীর্ঘ এই সময়ে নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অসংখ্য শিল্পী। বদলেছে অভিনয়শিল্পী, মঞ্চকর্মী ও দর্শক। কয়েক প্রজন্মের মানুষ উপভোগ করেছেন এর রহস্যময় কাহিনি, কিন্তু নাটকটির জনপ্রিয়তা কমেনি।
২০২৫ সালের ১৯ মার্চ ৩০ হাজার প্রদর্শনীর মাইলফলক অতিক্রম করে এটি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি অনুযায়ী, ‘দ্য মাউসট্র্যাপ’ বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা মঞ্চনাটক।
এই দীর্ঘ পথচলায় অভিনয়শিল্পী, নির্দেশক, মঞ্চকর্মী ও প্রযোজনা দলের অসংখ্য মানুষের অবদান রয়েছে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় একটি নাটক সময়ের ব্যবধান পেরিয়ে দর্শকদের কাছে নিজের আবেদন ধরে রেখেছে।
‘দ্য মাউসট্র্যাপ’-এর ইতিহাসে জড়িয়ে আছে আরেকটি মজার ঘটনা। আগাথা ক্রিস্টি তার নাতি ম্যাথিউ প্রিচার্ডকে মাত্র ৯ বছর বয়সে নাটকটির কপিরাইট উপহার দিয়েছিলেন। তখন হয়ত কেউ ভাবেননি, এই উপহার একদিন দীর্ঘমেয়াদি মূল্যবান সম্পদে পরিণত হবে। কিন্তু নাটকটির অভাবনীয় জনপ্রিয়তার কারণে এর স্বত্বও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ম্যাথিউ প্রিচার্ড দীর্ঘ সময় ধরে নাটকটির কপিরাইট থেকে আর্থিক সুবিধা পেয়েছেন।
মজার বিষয় হলো, নাটকটি নিয়ে আগাথা ক্রিস্টি নিজেও শুরুতে এতটা আশাবাদী ছিলেন না। কথিত আছে, একবার তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, নাটকটি কত দিন চলতে পারে। উত্তরে তিনি নাকি বলেছিলেন, বড়জোর ৮ মাস। কিন্তু লেখকের সেই ধারণাকে বহু পেছনে ফেলে দিয়েছে তার সৃষ্টি। আট মাসের পরিবর্তে সাত দশকেরও বেশি সময় ধরে মঞ্চে টিকে আছে ‘দ্য মাউসট্র্যাপ’!
এই সাত দশকে বদলে গেছে পৃথিবী, এসেছে নতুন প্রযুক্তি, বিনোদনের মাধ্যমেও ঘটেছে আমূল পরিবর্তন। তারপরও মঞ্চের আলোয় ‘দ্য মাউসট্র্যাপ’ নিজের জায়গা ধরে রেখেছে। আর কত দিন চলবে এর প্রদর্শনী, তা সময়ই বলে দেবে। তবে একটি ভালো গল্প যে প্রজন্মের পর প্রজন্ম দর্শককে মুগ্ধ করতে পারে, ‘দ্য মাউসট্র্যাপ’ তারই অসাধারণ উদাহরণ।
সময়ের আলো/মহু