
জীবনযাপনে কিছু অভ্যাস পরিবর্তন করেও শরীরের বাড়তি ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ছবি : সংগৃহীত
জীবনযাপনে কিছু অভ্যাস পরিবর্তন করেও শরীরের বাড়তি ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ছবি : সংগৃহীত ওজন কমানোর কথা ভাবলেই প্রথমে আসে কঠোর ডায়েটের প্রসঙ্গ। দ্রুত ফল পেতে কেউ ক্রাশ ডায়েট, কেউ ইন্টারমিটেন্ট ফাস্টিং আবার কেউ কিটো ডায়েট অনুসরণ করেন। অনেকে আবার খাবারের পরিমাণ কমিয়ে দেন কিংবা পছন্দের খাবার পুরোপুরি বাদ দেন। তবে, জীবনযাপনে কিছু অভ্যাস পরিবর্তন করেও শরীরের বাড়তি ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
পুষ্টিবিদদের মতে, ডায়েট মানেই না খেয়ে থাকা কিংবা খাবারের পরিমাণ কমিয়ে দেওয়া নয়। বরং ব্যক্তির বয়স, ওজন, উচ্চতা, লিঙ্গ ও দৈনন্দিন কাজের ধরন অনুযায়ী প্রয়োজনীয় খাবার গ্রহণই সঠিক খাদ্যাভ্যাসের অংশ। সুষম খাবার ও নিয়মিত শারীরিক পরিশ্রম ওজন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ ছাড়া, শুধু খাবারের কারণেই ওজন বাড়ে না। বিভিন্ন শারীরিক সমস্যা, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া ও হরমোনের পরিবর্তনেও ওজন বেড়ে যেতে পারে। তাই ওজন বাড়ার কারণ চিহ্নিত করাও জরুরি।
কঠোর ডায়েটের ঝামেলা ছাড়াই ওজন নিয়ন্ত্রণে রাখতে দৈনন্দিন জীবনে কিছু অভ্যাস গড়ে তুলতে পারেন।
সকালে হালকা ব্যায়াম করুন
সকালে ঘুম থেকে উঠে হাঁটা, জগিং, সাইকেল চালানো কিংবা সিঁড়ি দিয়ে ওঠানামার মতো ব্যায়াম শরীরের ক্যালরি খরচ করতে সাহায্য করে। নিয়মিত কার্ডিও ব্যায়াম করলে শরীরের বাড়তি ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।
যারা খাবারের পরিমাণ খুব বেশি কমাতে চান না, তাদের জন্য নিয়মিত শারীরিক পরিশ্রম বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তবে খালি পেটে ব্যায়াম করলেই বেশি ক্যালরি খরচ হয় বা ওজন দ্রুত কমে- এমন নিশ্চয়তা নেই। নিজের শারীরিক সক্ষমতা অনুযায়ী ব্যায়ামের সময় নির্ধারণ করা উচিত।
পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন
ওজন নিয়ন্ত্রণে ঘুমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিয়মিত রাত জাগা ও পর্যাপ্ত ঘুমের অভাব ক্ষুধা ও বিপাকক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। ফলে, খাবারের প্রতি আকাঙ্ক্ষা বাড়ে এবং ওজন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে। তাই প্রতিদিন রাতে অন্তত সাত থেকে আট ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। পাশাপাশি ঘুমানোর নির্দিষ্ট সময় ঠিক রাখুন।
পর্যাপ্ত পানি পান করুন
শরীর সুস্থ রাখতে পর্যাপ্ত পানি পান করা জরুরি। খাবার গ্রহণের আগে এক গ্লাস পানি পান করলে পেট কিছুটা ভরা অনুভূত হতে পারে। ফলে, অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমতে পারে।
অনেকে খাবারের আগে পানি পান করা নিয়ে দ্বিধায় থাকেন। তবে, সাধারণভাবে খাবারের আগে বা সঙ্গে পানি পান করতে সমস্যা নেই। সারাদিন শরীরের চাহিদা অনুযায়ী পানি পান করার অভ্যাস গড়ে তুলুন।
খাদ্যতালিকায় প্রোটিন রাখুন
ওজন নিয়ন্ত্রণে প্রতিদিনের খাবারে পর্যাপ্ত প্রোটিন থাকা প্রয়োজন। প্রোটিন দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে এবং পেশির শক্তি ধরে রাখতেও ভূমিকা রাখে।
ডিম, মাছ, মাংস, দুধ, ডাল, বাদাম ও বিভিন্ন বীজজাতীয় খাবার প্রোটিনের ভালো উৎস। তবে, শুধু প্রোটিন খেয়ে কার্বোহাইড্রেট বাদ দেওয়া ঠিক নয়। বরং প্রোটিন, শর্করা ও স্বাস্থ্যকর চর্বির সমন্বয়ে সুষম খাবার গ্রহণ করা উচিত।
চিনি ও অতিরিক্ত ক্যালরিযুক্ত খাবার কমান
ওজন নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত চিনি গ্রহণের অভ্যাস কমানো জরুরি। চা-কফি বা দুধে বেশি চিনি ব্যবহার করলে ধীরে ধীরে তা কমিয়ে আনুন।
একইভাবে কোমল পানীয়, মিষ্টিজাতীয় খাবার এবং সিঙাড়া, সমুচার মতো ডুবো তেলে ভাজা খাবার নিয়মিত খাওয়ার অভ্যাস পরিহার করুন। এসব খাবারে অতিরিক্ত ক্যালরি থাকে, যা ওজন বাড়াতে ভূমিকা রাখতে পারে। পুষ্টিকর খাবারের পাশাপাশি ফলমূল ও শাকসবজি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।
প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার খান
ওজন কমানোর জন্য দীর্ঘ সময় না খেয়ে থাকা কিংবা দিনের বেশিরভাগ সময় খাবার এড়িয়ে চলা ঠিক নয়। এতে অতিরিক্ত ক্ষুধা তৈরি হতে পারে এবং পরবর্তী সময়ে বেশি খাওয়ার প্রবণতা দেখা দিতে পারে।
তাই প্রতিদিনের খাবারের সময় মোটামুটি নির্দিষ্ট রাখুন। প্রয়োজন অনুযায়ী সকালের নাশতা, দুপুরের খাবার ও রাতের খাবার গ্রহণ করুন। পাশাপাশি খাবারের পরিমাণ ও পুষ্টিগুণের দিকেও নজর দিন।
সূত্র : ‘গৃহিণীদের পুষ্টি’, মাহফিদা দীনা রুবাইয়া, পুষ্টিবিদ
সময়ের আলো/মহু