বসের কাছে বেতন বাড়ানোর কথা বলবেন যেভাবে

সময়ের আলো ডেস্ক

ফিচার

চাকরিতে কয়েক বছর পার হয়েছে। এর মধ্যে বেড়েছে দায়িত্ব, কাজের পরিধি ও অভিজ্ঞতা। কিন্তু সেই অনুপাতে বেতন বাড়েনি। এমন পরিস্থিতিতে

2026-11-24T11:17:55+00:00
2026-11-24T11:20:42+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
ফিচার
বসের কাছে বেতন বাড়ানোর কথা বলবেন যেভাবে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১১:১৭ এএম  আপডেট: ২৪.১১.২০২৬ ১১:২০ এএম
পেশাদার আচরণ বজায় রেখে বেতন বাড়ানোর কথা বলতে হবে। ছবি : সংগৃহীত
পেশাদার আচরণ বজায় রেখে বেতন বাড়ানোর কথা বলতে হবে। ছবি : সংগৃহীত
চাকরিতে কয়েক বছর পার হয়েছে। এর মধ্যে বেড়েছে দায়িত্ব, কাজের পরিধি ও অভিজ্ঞতা। কিন্তু সেই অনুপাতে বেতন বাড়েনি। এমন পরিস্থিতিতে অনেকেই বেতন বাড়ানোর বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলতে চান। তবে কীভাবে বিষয়টি তুলবেন, তা নিয়ে দ্বিধায় ভোগেন অনেকে। এ ক্ষেত্রে প্রয়োজন সঠিক প্রস্তুতি, উপযুক্ত সময় নির্বাচন এবং যুক্তিসংগতভাবে নিজের প্রত্যাশা তুলে ধরা।

নিজের কাজ ও অর্জনের তালিকা তৈরি করুন

বেতন বাড়ানোর বিষয়ে আলোচনার আগে গত ছয় মাস বা এক বছরে নিজের কাজের মূল্যায়ন করুন। নিয়মিত দায়িত্বের বাইরে নতুন কোনো কাজের দায়িত্ব নিয়েছেন কি না, কোনো প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছেন কি না কিংবা প্রতিষ্ঠানের সময় ও ব্যয় সাশ্রয়ে অবদান রেখেছেন কি না, সেগুলো চিহ্নিত করুন।

নতুন কর্মীদের প্রশিক্ষণ দেওয়া, কাজের গতি বাড়ানো কিংবা আগের তুলনায় বেশি প্রতিবেদন তৈরি করার মতো অর্জনও তুলে ধরতে পারেন। সম্ভব হলে কাজের ফলাফল সংখ্যার মাধ্যমে উপস্থাপন করুন। যেমন, আগে মাসে পাঁচটি প্রতিবেদন তৈরি করলেও এখন করছেন আটটি।

শুধু বেশি পরিশ্রম করার কথা বলার চেয়ে কাজের সুনির্দিষ্ট উদাহরণ ও অর্জন তুলে ধরলে বসের কাছে নিজের অবস্থান ব্যাখ্যা করা সহজ হবে।


বাজারে নিজের পদের বেতন সম্পর্কে জানুন

একই ধরনের পদে অন্য প্রতিষ্ঠানগুলো কত বেতন দিচ্ছে, সে সম্পর্কে আগে থেকেই ধারণা রাখুন। চাকরির বিজ্ঞাপন, বেতনবিষয়ক ওয়েবসাইট এবং পেশাগত পরিচিতদের কাছ থেকে এ তথ্য সংগ্রহ করতে পারেন।

তবে, শুধু পদের নামের সঙ্গে তুলনা করলেই হবে না। কাজের অভিজ্ঞতা, দায়িত্বের পরিধি, প্রতিষ্ঠানের আকার এবং অন্যান্য সুযোগ-সুবিধাও বিবেচনায় নিতে হবে।

বাংলাদেশের অনেক চাকরির বিজ্ঞাপনে বেতনের পরিমাণ উল্লেখ থাকে না। সে ক্ষেত্রে একই পেশায় কর্মরত পরিচিতদের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য বেতন সম্পর্কে ধারণা নিতে পারেন। এতে নিজের জন্য একটি বাস্তবসম্মত বেতন প্রত্যাশা নির্ধারণ করা সহজ হবে।

আলোচনার জন্য উপযুক্ত সময় বেছে নিন

বস যখন জরুরি কাজে ব্যস্ত, প্রতিষ্ঠান কোনো সংকটের মধ্য দিয়ে যাচ্ছে কিংবা গুরুত্বপূর্ণ প্রকল্পের সময়সীমা ঘনিয়ে এসেছে, তখন বেতন বাড়ানোর প্রসঙ্গ না তোলাই ভালো। বরং কোনো গুরুত্বপূর্ণ কাজ সফলভাবে শেষ করার পর অথবা বার্ষিক কর্মমূল্যায়নের সময় বিষয়টি নিয়ে কথা বলতে পারেন। প্রতিষ্ঠানে বেতন পর্যালোচনার নির্দিষ্ট সময় থাকলে তার আগেই আলোচনা শুরু করা ভালো।

হঠাৎ বসের কক্ষে গিয়ে বেতন বাড়ানোর কথা না বলে আগে থেকে সময় চেয়ে নিন। বলতে পারেন, ‘আমার কাজের দায়িত্ব ও বেতন নিয়ে আপনার সঙ্গে একটু আলোচনা করতে চাই। এ সপ্তাহে কি কিছুটা সময় দিতে পারবেন?’ এতে উভয় পক্ষই আলোচনার জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন।


বেতন কত বাড়াতে চান, তা পরিষ্কার করুন

বেতন বাড়ানোর কথা তুললেও অনেকে প্রত্যাশিত অঙ্কটি বলতে সংকোচ বোধ করেন। কিন্তু শুধু বেতন বাড়ানোর অনুরোধ জানালে আপনার প্রত্যাশা স্পষ্ট হয় না। তাই আলোচনার আগে একটি নির্দিষ্ট অঙ্ক বা সম্ভাব্য সীমা ঠিক করে রাখুন। নিজের কাজের অবদান, অভিজ্ঞতা এবং বাজারের প্রচলিত বেতনের ভিত্তিতে প্রস্তাবটি তুলে ধরুন।

কথা বলার সময় আত্মবিশ্বাসী থাকুন। তবে দাবি জানানোর ক্ষেত্রে পেশাদার আচরণ বজায় রাখুন, যাতে আলোচনা কোনোভাবেই বিরোধের দিকে না যায়।

ব্যক্তিগত আর্থিক সমস্যাকে প্রধান যুক্তি করবেন না

বাসাভাড়া, বাজার খরচ কিংবা পরিবারের দায়িত্ব বেড়ে যাওয়ার কারণে আর্থিক চাপ তৈরি হতে পারে। তবে, বেতন বাড়ানোর আলোচনায় এসব বিষয়কে প্রধান যুক্তি হিসেবে উপস্থাপন করা খুব একটা কার্যকর নাও হতে পারে।

কারণ প্রতিষ্ঠান সাধারণত কর্মীর দক্ষতা, দায়িত্ব, কাজের মান ও প্রতিষ্ঠানে তার অবদানের ভিত্তিতে বেতন নির্ধারণ করে। তাই ব্যক্তিগত ব্যয়ের বিষয়টি উল্লেখ করলেও আলোচনার মূল গুরুত্ব দিন নিজের পেশাগত অর্জন ও দায়িত্ব বৃদ্ধির ওপর।


অন্য সহকর্মীর বেতনের সঙ্গে তুলনা নয়

নিজের চেয়ে কম কাজ করেও কোনো সহকর্মী বেশি বেতন পাচ্ছেন- এমন অভিযোগ আলোচনায় না তোলাই ভালো। অন্যের বেতন বা দায়িত্ব সম্পর্কে আপনার কাছে সম্পূর্ণ তথ্য নাও থাকতে পারে। তা ছাড়া, এ ধরনের তুলনা মূল আলোচনা থেকে মনোযোগ সরিয়ে দিতে পারে। বরং নিজের অভিজ্ঞতা, দক্ষতা, দায়িত্ব এবং কাজের ফলাফলের ভিত্তিতে কেন বেতন বাড়ানো প্রয়োজন, তা ব্যাখ্যা করুন।

বস রাজি না হলে করণীয়

প্রথম আলোচনাতেই বেতন বাড়ানোর প্রস্তাব অনুমোদন হবে, এমন নিশ্চয়তা নেই। প্রতিষ্ঠানের বাজেট বা নির্দিষ্ট বেতন কাঠামোর কারণে বস প্রস্তাবে সম্মতি নাও দিতে পারেন। এমন পরিস্থিতিতে হতাশ না হয়ে সিদ্ধান্তের কারণ জানার চেষ্টা করুন। পাশাপাশি ভবিষ্যতে বেতন বাড়ানোর জন্য কোন কোন ক্ষেত্রে দক্ষতা বা কাজের মান উন্নত করা প্রয়োজন, তা জানতে চান।

তাৎক্ষণিকভাবে বেতন বাড়ানো সম্ভব না হলে পদোন্নতি, প্রশিক্ষণ, অতিরিক্ত ছুটি কিংবা অন্যান্য সুযোগ-সুবিধা নিয়েও কথা বলতে পারেন। আলোচনায় যেসব সিদ্ধান্ত বা প্রতিশ্রুতি পাওয়া যাবে, সেগুলো পরে ই-মেইলে সংক্ষেপে লিখে রাখলে পরবর্তী সময়ে কাজে আসবে।

বেতন বাড়াতে চাকরি ছাড়ার হুমকি দেবেন না

বেতন বাড়ানোর জন্য চাকরি ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। বিশেষ করে সত্যিই চাকরি ছাড়ার প্রস্তুতি না থাকলে এমন কথা বলা উচিত নয়।

অন্য কোনো প্রতিষ্ঠান থেকে ভালো বেতনের প্রস্তাব পেয়ে থাকলে সেটি আলোচনায় আনতে পারেন। তবে, এ ক্ষেত্রেও পেশাদার আচরণ বজায় রাখা জরুরি। কারণ, বেতন নিয়ে আলোচনা শেষ হওয়ার পরও বর্তমান প্রতিষ্ঠানে কাজের সম্পর্ক বজায় থাকতে পারে।

সবশেষে মনে রাখতে হবে, বেতন বাড়ানোর অনুরোধ করা কোনো ব্যক্তিগত অনুগ্রহ চাওয়া নয়; বরং নিজের কাজের মূল্যায়ন ও পেশাগত অগ্রগতি নিয়ে যৌক্তিক আলোচনা। যথাযথ প্রস্তুতি, উপযুক্ত সময় এবং কাজের সুনির্দিষ্ট উদাহরণ থাকলে বসের কাছে নিজের প্রত্যাশা তুলে ধরা অনেক সহজ হয়। প্রথমবার কাঙ্ক্ষিত ফল না পেলেও ভবিষ্যতে বেতন বাড়ানোর পথ কী হতে পারে, সে সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়।

সময়ের আলো/মহু
  বিষয়:   বস  বেতন  ক্যারিয়ার  চাকরি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: