যে কাজ একসময় ছিল স্বপ্নপূরণের মাধ্যম, সেটিই একপর্যায়ে হয়ে উঠতে পারে একঘেয়ে ও মানসিক চাপের কারণ। ছবি : সংগৃহীত কর্মজীবনে এমন সময় আসতে পারে, যখন বর্তমান চাকরি বা পেশার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। যে কাজ একসময় ছিল স্বপ্নপূরণের মাধ্যম, সেটিই একপর্যায়ে হয়ে উঠতে পারে একঘেয়ে ও মানসিক চাপের কারণ। জেনে নেওয়া যাক, যে ৬ লক্ষণ দেখে বুঝতে পারবেন আপনার চাকরি বা পেশা বদলানোর সময় হয়েছে।
কাজের প্রতি আগ্রহ ও উদ্দীপনা হারিয়ে ফেলা
কর্মজীবনের শুরুতে যে কাজ আপনাকে উৎসাহ দিত, সময়ের সঙ্গে সেটির প্রতি আগ্রহ কমে যেতে পারে। কাজের গতি কমে যাওয়া কিংবা নতুন কিছু শেখার আগ্রহ হারিয়ে ফেলার পেছনে নানা কারণ থাকতে পারে। প্রথমে সেগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা করুন। এরপরও বর্তমান কাজের প্রতি অনীহা না কাটলে নতুন পেশার কথা ভাবতে পারেন।
নির্ধারিত লক্ষ্য অর্জন করে ফেলা
কর্মজীবনে প্রত্যেকেরই কিছু লক্ষ্য থাকে। একসময় সেই লক্ষ্য পূরণ হয়ে গেলে নতুন চ্যালেঞ্জের প্রয়োজন অনুভব হতে পারে। বর্তমান কর্মস্থলে শেখার বা অর্জনের আর কিছু নেই বলে মনে হলে এবং সামনে এগিয়ে যাওয়ার ইচ্ছা থাকলে নতুন সুযোগ খোঁজার সময় এসেছে।
নিয়মিত কাজ এড়িয়ে চলার চেষ্টা
কাজের প্রতি অনীহা তৈরি হলে অনেকেই দায়িত্ব পালনের বদলে নানা অজুহাত খুঁজতে থাকেন। কর্মক্ষেত্রে এমন আচরণ বারবার ঘটলে বুঝতে হবে, বর্তমান কাজ নিয়ে আপনি সন্তুষ্ট নন। সে ক্ষেত্রে নিজের আগ্রহ ও দক্ষতার সঙ্গে মানানসই পেশা খুঁজে দেখা যেতে পারে।
কাজের কারণে নিয়মিত ক্লান্তি ও অবসাদ অনুভব করা
কাজ শেষে ক্লান্তি স্বাভাবিক। তবে প্রতিদিন কর্মস্থলে যাওয়ার কথা ভেবেই যদি অস্বস্তি বা মানসিক অবসাদ তৈরি হয়, তাহলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। দীর্ঘদিন এমন পরিস্থিতি চলতে থাকলে কর্মজীবন ও ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই সমস্যার কারণ বুঝে প্রয়োজনীয় পরিবর্তনের কথা ভাবুন।
কাজের কারণে নৈতিকতা বিসর্জন দেওয়া
কোনো পেশা বা কর্মক্ষেত্রে যদি নিয়মিত মিথ্যা বলা কিংবা অনৈতিক কাজে যুক্ত হতে হয়, তাহলে তা ব্যক্তিগত মূল্যবোধের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সাময়িক লাভের আশায় নিজের নীতি ও আদর্শের সঙ্গে আপস করা দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে। এমন পরিস্থিতিতে বিকল্প পেশা বা কর্মস্থল খুঁজে নেওয়া জরুরি।
কর্মক্ষেত্রের পরিবেশ বৈরী হয়ে ওঠা
সহকর্মী বা ঊর্ধ্বতন কর্মকর্তার দুর্ব্যবহার, অপমান কিংবা অসম্মানজনক আচরণ কর্মপরিবেশকে অসহনীয় করে তুলতে পারে। এমন পরিবেশ মানসিক চাপ বাড়ানোর পাশাপাশি আত্মবিশ্বাসেও প্রভাব ফেলে। সমস্যা সমাধানের চেষ্টা করেও পরিস্থিতির উন্নতি না হলে অন্য কর্মস্থলে যাওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
চাকরি বা পেশা বদলানোর সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের চাহিদা, দক্ষতা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি। পরিবর্তন সব সময় নেতিবাচক নয়; সঠিক সময়ে নেওয়া সিদ্ধান্ত নতুন সম্ভাবনার পথ খুলে দিতে পারে। তাই আবেগের বশে নয়, বরং ভেবেচিন্তে পরবর্তী পদক্ষেপ নেওয়াই বুদ্ধিমানের কাজ।
সূত্র: হার্ভার্ড বিজনেস রিভিউ
সময়ের আলো/মহু