ডা. সারাবান তহুরা
গ্রাফিক : সময়ের আলো মানবদেহের গলার নিচের দিকে শ্বাসনালির সামনে থাকা প্রজাপতি আকারের ছোট গ্রন্থিটিই হচ্ছে থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড হরমোনটা কিন্তু থাইরয়েড গ্রন্থি তৈরি করে না। মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি থেকে আসা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা টিএসএইচ নিয়ন্ত্রণ করে। থাইরয়েড গ্রন্থি থেকে আসা টিথ্রি এবং টিফোর হরমোন শরীরের বিপাকীয় হার, পেশির নিয়ন্ত্রণ, মস্তিষ্কের বৃদ্ধি, হাড়ের রক্ষণাবেক্ষণ, হৃদযন্ত্র এবং হজমের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। এ কারণে গর্ভাবস্থায় থাইরয়েড হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ রাখা আবশ্যক যা মা এবং ভ্রমণের স্বাস্থ্যের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।
থাইরয়েড সমস্যা প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে যেকোনো বয়সে হতে পারে, আজকে যে শিশু জন্ম নিয়েছে তারও এই সমস্যা হতে পারে। এই হরমোনের ঘাটতি হলে বলা হয় হাইপোথাইরয়েডিজম, অন্যদিকে আধিক্য হলে বলে হাইপারথাইরয়েডিজম।
গবেষণায় দেখা গেছে বাংলাদেশে গর্ভাবস্থায় থাইরয়েডের সমস্যা প্রায় ১০-৩৫ শতাংশ। এর মধ্যে সাবক্লিনিকাল (১২.১ শতাংশ) এবং ক্লিনিক্যাল হাইপোথাইরয়েড বয়েছে ৪.৪ শতাংশ। অন্যদিকে সাবক্লিনিকাল হাইপারথাইরয়েডিজম (২.২ শতাংশ) এবং ওভার্ট হাইপারথাইরয়েডিজম (১.১ শতাংশ) পাওয়া যায়।
প্রাথমিক কারণগুলো : অটোইমিউন ডিসঅর্ডার, আয়োডিন ঘাটতি ও হরমোনের পরিবর্তন।
ঝুঁকিপূর্ণ যেসব মা : লক্ষণ থাকুক বা না থাকুক প্রসব পূর্ববর্তী চেকআপে থাইরয়েড স্ক্রিনিং করাতে হবে— বয়স্ক গর্ভাবস্থা, পূর্বের গর্ভপাত্র (>২-৩টি), টাইপ (১) ডায়াবেটিস, পারিবারিক ইতিহাস, বন্ধ্যত্ব ইতিহাস, পূর্বের থাইরয়েডের সমস্যা ও অন্যান্য গর্ভাবস্থার জটিলতা।
গর্ভস্থ শিশুর ওপর প্রভাব : গর্ভপাত, অপরিপক্ব জন্ম, কম ওজনের জন্ম, বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধকতা/মেধা বিকাশ কম হওয়া, হৃদযন্ত্রের জটিলতা, জন্মগত ত্রুটি, জন্মগত হাইপোথাইরয়েডিজম ও গর্ভাবস্থায় মৃত্যু।
মায়ের/গর্ভবতীর ওপর প্রভাব : উচ্চ রক্তচাপ, গর্ভফুল বিচ্ছিন্ন হওয়া, খিঁচুনি, রক্তশূন্যতা, সময়ের পূর্বেই প্রসব, হৃদযন্ত্রের জটিলতা, প্রস্রাবের সংক্রমণ, প্রসব-পরবর্তী রক্তক্ষরণ, প্রসব-পরবর্তী বিষণ্নতা, প্রসব-পরবর্তী থাইরয়ডাইটিস (৫ শতাংশ), স্থায়ী হাইপোথাইরয়েড (২০-৪০ শতাংশ) ও পরবর্তীতে বন্ধ্যাত্ব।
রোগ নির্ণয় লক্ষণগুল
হাইপোথাইরয়েডিজম : ক্লান্তি, ওজনবৃদ্ধি, শুষ্ক ত্বক, কোষ্ঠকাঠিন্য, বিষণ্নতা, ধীর হৃদস্পন্দন।
হাইপার থাইরয়েডিজম : ওজন হ্রাস, অতিরিক্ত ঘাম, কাঁপুনি, দ্রুত হৃদস্পন্দন, অস্থিরতা, নার্ভাসনেস।
থাইরয়েড সমস্যার কিছু লক্ষণ প্রায়শই গর্ভাবস্থার স্বাভাবিক লক্ষণের সঙ্গে মিলে যায়, তাই নির্ণয় করা কঠিন হয়ে পড়ে। প্রথম ট্রাইমেস্টারেই এই সমস্যাটি বেশি দেখা যায়, অনেক মায়েদেরই মাঝারি বা কোনো লক্ষণই থাকে না। তাই নিয়মিত স্ক্রিনিং করা খুবই জরুরি।
রক্ত পরীক্ষা : টিএসএইচ, এফটিফোর, এফটিথ্রি, অ্যান্টি টিপিও, অ্যান্টিবডি, আয়োডিন মাত্রা ও আল্ট্রাসনোগ্রাম থাইরয়েড গ্রন্থির প্রয়োজনে।
চিকিৎসা :
• বিপাক প্রক্রিয়া সক্রিয় করার জন্য হালকা ব্যয়াম, যোগ ব্যায়াম করা।
• প্রোটিন, ফাইবারযুক্ত স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ।
• মানসিক চাপ কমানো, নিয়মিত ঘুমানো।
• খাদ্য তালিকায় গ্লুটেনজাতীয় খাদ্য— ব্রেড, সিরিয়াল, পাস্তা-নুডুলস; চা-কফি, গ্রিন টি, সয়া মিল্ক বাদ বা কমাতে হবে। ব্রকলি, বাঁধাকপি, ফুলকপি, শালগম, বেগুন, পালংশাক ইত্যাদি খাদ্য তালিকায় কমাতে হবে।
• এইচআরটি
হাইপোথাইরয়েডিজম : লিভোথাইরক্সিন ট্যাবলেট
নির্দেশিত মাত্রা : ১ম তিন মাস : ০.১-২.৫ μgm
২য় তিন মাস : ০.২-৩.০ μgm
৩য় তিন মাস : ০.৩-৩.৫ μgm
• গর্ভাবস্থায় প্রতি ৪-৬ সপ্তাহ পরপর টিএসএইচ এর মাত্রা দেখে ওষুধের ডোজ সমন্বয় করতে হয়।
• থাইরয়েড ওষুধের সঙ্গে আয়রন বা ক্যালসিয়াম এড়িয়ে চলতে হবে, খালি পেটে খেতে হবে।
• থাইরয়েড অ্যান্টিবডি উপস্থিত থাকলে সতর্ক হতে হবে কেননা এ ক্ষেত্রে জটিলতা বেশি।
• প্রসবের পর ওষুধের মাত্রা সাধারণত কমাতে হয়, তাই ৪-৬ সপ্তাহের মধ্যে হরমোন পরীক্ষা করাতে হবে।
হাইপারথাইরয়েডিজম : কার্বিমাজল, মেথিমাজল, প্রোপাইল থায়ো ইউরাসিল।
এ ক্ষেত্রে চিকিৎসা কিছুটা জটিল এবং হরমোন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা প্রয়োজন। আয়োডিনযুক্ত লবণ খাওয়া, রেডিয়েশনমুক্ত থাকা, দ্রুত রোগ নির্ণয় করে চিকিৎসা নেওয়া, শনাক্ত হওয়ার পর নিজ থেকে ওষুধ বন্ধ না করা।
এই পদক্ষেপগুলো মেনে চললে গর্ভবতী মায়েদের থাইরয়েড পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে বলে আশা করা যায়। সেই সঙ্গে লক্ষণ সম্পর্কে সচেতনতা, প্রাথমিক পর্যায়ে নির্ণয়, নিয়মিত পর্যবেক্ষণ, সঠিক ওষুধ বিধি মেনে চলা একান্ত প্রয়োজন। জটিলতা কমাতে গাইনি ও হরমোন বিশেষজ্ঞ অধীনে চিকিৎসা নেওয়া অত্যাবশ্যক।
লেখক : কনসালট্যান্ট (গাইনি অ্যান্ড অবস), আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার।
সময়ের আলো/প্রিন্ট/কেএইচও