প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:৫৬ এএম আপডেট: ২৩.১১.২০২৬ ১২:০২ পিএম
অপরাজিতা ফুলের নীল চা। ছবি : সংগৃহীত শীতের আগমনের সঙ্গে বাড়তে শুরু করেছে সর্দি-কাশি, গলাব্যথা ও অ্যালার্জির সমস্যা। ঋতু পরিবর্তনের প্রভাবে অনেকেই ঠান্ডাজনিত নানা অস্বস্তিতে ভুগছেন। এ সময় সর্দি-কাশির অস্বস্তি কমাতে কিছু ভেষজ চা পান করতে পারেন। আদা, লেমনগ্রাস, অপরাজিতা ফুল কিংবা গোলাপের পাপড়ি দিয়ে তৈরি চা গলাব্যথা ও কাশির অস্বস্তিতে সাময়িক আরাম দিতে পারে।
অপরাজিতা ফুলের নীল চা
উপকরণ
৮-১০টি তাজা বা শুকনো নীল অপরাজিতা ফুল, দেড় কাপ পানি, কয়েক ফোঁটা লেবুর রস ও স্বাদমতো মধু।
প্রস্তুত প্রণালি
প্রথমে পানি ফুটিয়ে তাতে অপরাজিতা ফুল দিয়ে ২-৩ মিনিট অপেক্ষা করুন। পানির রং নীলচে হয়ে এলে ছেঁকে নিন। এরপর কয়েক ফোঁটা লেবুর রস মেশালে নীল রং বদলে বেগনি আভা ধারণ করবে। সবশেষে স্বাদ অনুযায়ী মধু মিশিয়ে পান করুন।
লেমনগ্রাস, আদা ও গ্রিন টি
উপকরণ
১ চা-চামচ গ্রিন টি পাতা, ১টি থেঁতো করা লেমনগ্রাসের ডাঁটা, সামান্য আদা ও দেড় কাপ পানি।
প্রস্তুত প্রণালি
প্রথমে পানি ফুটিয়ে তাতে লেমনগ্রাস ও থেঁতো করা আদা দিন। কিছুক্ষণ কম আঁচে ফুটিয়ে নিন। এরপর গ্রিন টি পাতা দিয়ে ১-২ মিনিট ঢেকে রাখুন। সবশেষে ছেঁকে গরম গরম পান করুন।
গোলাপের পাপড়ি ও এলাচের চা
উপকরণ
একমুঠো তাজা বা শুকনো গোলাপের পাপড়ি, ২টি থেঁতো করা ছোট এলাচ, এক টুকরো দারচিনি, ২ কাপ পানি ও সামান্য চা পাতা (ঐচ্ছিক)।
প্রস্তুত প্রণালি
প্রথমে গরম পানিতে এলাচ ও দারচিনি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন। এরপর গোলাপের পাপড়ি দিয়ে ২-৩ মিনিট ঢেকে রাখুন। চাইলে সামান্য চা পাতা যোগ করতে পারেন। সবশেষে ছেঁকে নিয়ে স্বাদ অনুযায়ী মধু মিশিয়ে পান করুন। এ চায়ে আলাদা করে চিনি দেওয়ার প্রয়োজন নেই।
শীতের দিনে এসব ভেষজ চা পান করলে গরম পানীয় হিসেবে আরাম পাওয়া যেতে পারে। তবে সর্দি-কাশি দীর্ঘস্থায়ী হলে, শ্বাসকষ্ট বা উচ্চ জ্বর দেখা দিলে কিংবা শারীরিক অবস্থার অবনতি হলে ঘরোয়া উপায়ের ওপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
সময়ের আলো/মহু