দীর্ঘদিন ধরে দুঃখ, মানসিক চাপ ও হতাশা পুষে রাখলে তা স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ছবি : সংগৃহীত জীবনে সুখ-দুঃখ দুটোই স্বাভাবিক। নানা কারণে মানুষ কখনো আনন্দে থাকে, আবার কখনো গভীর বিষণ্নতায় ডুবে যায়। তবে দীর্ঘদিন ধরে দুঃখ, মানসিক চাপ ও হতাশা পুষে রাখলে তা শুধু মনের ওপর নয়, শরীরের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
ঘুমের ব্যাঘাত
দীর্ঘদিন দুঃখ ও মানসিক চাপে থাকলে ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট হতে পারে। কারও ঘুম আসতে দেরি হয়, আবার কারও মাঝরাতে বারবার ঘুম ভেঙে যায়। কেউ কেউ উল্টো স্বাভাবিকের তুলনায় বেশি ঘুমাতে শুরু করেন। এ ধরনের সমস্যা এড়াতে নিয়মিত ঘুমের সময় মেনে চলা জরুরি। ঘুমানোর আগে বই পড়া, গোসল করা কিংবা শিথিল হওয়ার অভ্যাসও উপকারী হতে পারে।
ক্লান্তি ও অবসন্নতা
দীর্ঘস্থায়ী মানসিক কষ্ট শরীর ও মনের শক্তি কমিয়ে দিতে পারে। ফলে, পর্যাপ্ত বিশ্রামের পরও ক্লান্তি ও অবসন্নতা অনুভূত হয়। এ সময় অনেকের খাওয়ার রুচি কমে যায় এবং দৈনন্দিন কাজেও অনীহা তৈরি হয়। এমন পরিস্থিতিতে পুষ্টিকর খাবার খাওয়া, হালকা শরীরচর্চা করা এবং বন্ধু-স্বজনদের সঙ্গে যোগাযোগ বজায় রাখা উপকারী।
দুশ্চিন্তা বেড়ে যাওয়া
দীর্ঘদিন দুঃখে থাকলে ভবিষ্যৎ নিয়ে নানা ধরনের ভয় ও অনিশ্চয়তা তৈরি হতে পারে। প্রিয়জনকে হারানো, আর্থিক সংকট কিংবা সম্পর্কের জটিলতা থেকে এই দুশ্চিন্তা আরও বাড়তে পারে। সাময়িক দুশ্চিন্তা স্বাভাবিক হলেও তা দীর্ঘস্থায়ী হলে স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। এমনকি দৈনন্দিন কাজেও ব্যাঘাত ঘটতে পারে। তাই সমস্যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন।
স্ট্রেস হরমোনের মাত্রা বৃদ্ধি
মানসিক চাপের সময় শরীরে কর্টিসল নামের স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে যেতে পারে। দীর্ঘদিন এই হরমোনের মাত্রা বেশি থাকলে উচ্চ রক্তচাপ, রক্তে শর্করার ভারসাম্যহীনতা, ঘুমের সমস্যা এবং হাড়ের স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ ছাড়া, মাথাব্যথা ও অন্যান্য শারীরিক সমস্যাও দেখা দিতে পারে।
হজমের সমস্যা
মানসিক কষ্টের প্রভাব পড়তে পারে পরিপাকতন্ত্রেও। দুঃখ বা হতাশায় কেউ খাবারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন, আবার কেউ অতিরিক্ত খেতে শুরু করেন। অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে অ্যাসিডিটি ও পেটের অস্বস্তি দেখা দিতে পারে। এ ছাড়া, মানসিক চাপ ইরিটেবল বাওয়েল সিনড্রোমে (আইবিএস) আক্রান্ত ব্যক্তিদের উপসর্গ বাড়িয়ে দিতে পারে।
হৃদ্যন্ত্রের ওপর প্রভাব
অতিরিক্ত মানসিক চাপ ও গভীর শোক কখনো কখনো হৃদ্যন্ত্রের ওপরও প্রভাব ফেলতে পারে। তীব্র মানসিক আঘাতের কারণে বিরল ক্ষেত্রে ‘ব্রোকেন হার্ট সিনড্রোম’ দেখা দিতে পারে। এতে হঠাৎ বুকব্যথা ও শ্বাসকষ্টের মতো উপসর্গ তৈরি হয়, যা অনেকটা হার্ট অ্যাটাকের মতো। এ ছাড়া দীর্ঘদিন ঘুমের ঘাটতি ও মানসিক চাপ হৃদ্রোগের ঝুঁকির সঙ্গেও সম্পর্কিত।
দীর্ঘদিনের দুঃখ ও মানসিক কষ্ট শরীরের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে পারে। তাই কঠিন সময়েও নিয়মিত ঘুম, সুষম খাবার, শরীরচর্চা ও প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ বজায় রাখা জরুরি। মানসিক কষ্ট দীর্ঘস্থায়ী হলে কিংবা স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
সূত্র : ওয়েবএমডি
সময়ের আলো/মহু