পুরুষের তুলনায় নারীদের বেশি শীত লাগে কেন?

সময়ের আলো ডেস্ক

ফিচার

শীতকালে কম্বল ব্যবহার কিংবা ঘরের তাপমাত্রা কতটা রাখা উচিত, তা নিয়ে নারী-পুরুষের পছন্দে প্রায়ই পার্থক্য দেখা যায়। পুরুষদের কাছে যে

2026-11-22T12:04:09+00:00
2026-11-22T12:06:23+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ফিচার
পুরুষের তুলনায় নারীদের বেশি শীত লাগে কেন?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১২:০৪ পিএম  আপডেট: ২২.১১.২০২৬ ১২:০৬ পিএম
পুরুষদের তুলনায় নারীরা সাধারণত কিছুটা উষ্ণ পরিবেশ পছন্দ করেন। ছবি : সংগৃহীত
শীতকালে কম্বল ব্যবহার কিংবা ঘরের তাপমাত্রা কতটা রাখা উচিত, তা নিয়ে নারী-পুরুষের পছন্দে প্রায়ই পার্থক্য দেখা যায়। পুরুষদের কাছে যে তাপমাত্রা আরামদায়ক, নারীদের কাছে সেটিই অনেক সময় বেশি ঠাণ্ডা মনে হয়। বিভিন্ন গবেষণাতেও দেখা গেছে, পুরুষদের তুলনায় নারীরা সাধারণত কিছুটা উষ্ণ পরিবেশ পছন্দ করেন। 

গবেষকদের মতে, নারী ও পুরুষের শারীরিক গঠন, বিপাকীয় হার এবং হরমোনের পার্থক্য শীত অনুভবের ক্ষেত্রে ভূমিকা রাখে। এসব কারণেই একই পরিবেশে থেকেও নারীদের তুলনামূলক বেশি ঠাণ্ডা লাগতে পারে।

শারীরিক গঠনের পার্থক্য

একই ওজনের নারী ও পুরুষের মধ্যে সাধারণত নারীদের পেশির পরিমাণ কম থাকে। শরীরে তাপ উৎপাদনের অন্যতম উৎস হলো পেশি। তাই পেশির পরিমাণ কম হলে তাপ উৎপাদনের ক্ষমতাও তুলনামূলক কম হতে পারে।


এ ছাড়া, নারীদের ত্বক ও পেশির মধ্যবর্তী স্থানে সাধারণত চর্বির পরিমাণ বেশি থাকে। এতে ত্বক রক্তনালি থেকে কিছুটা দূরে অবস্থান করে এবং ত্বকের তাপমাত্রা কম অনুভূত হতে পারে। নারীদের বিপাকীয় হার বা মেটাবলিক রেটও সাধারণত পুরুষদের তুলনায় কম। ফলে, ঠাণ্ডা পরিবেশে শরীরের তাপ উৎপাদনের ক্ষমতা তুলনামূলক কম হতে পারে। তাপমাত্রা যত কমে, শীত অনুভবের প্রবণতাও তত বাড়তে পারে।

হরমোনের প্রভাব

নারীদের শরীরে থাকা ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন শরীরের অভ্যন্তরীণ ও ত্বকের তাপমাত্রা নিয়ন্ত্রণে প্রভাব ফেলে। ইস্ট্রোজেন হাত-পা ও শরীরের প্রান্তীয় অংশের রক্তনালিকে প্রসারিত করে। এতে শরীরের তাপ আশপাশের পরিবেশে বেশি ছড়িয়ে পড়তে পারে।

অন্যদিকে, প্রোজেস্টেরন ত্বকের রক্তনালি সংকুচিত করতে পারে। ফলে, শরীরের গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ অঙ্গগুলো উষ্ণ রাখতে হাত-পায়ের মতো অংশে রক্তপ্রবাহ কমে যায়। এ কারণে শরীরের বাইরের অংশ তুলনামূলক ঠাণ্ডা অনুভূত হতে পারে।

মাসিক চক্রের বিভিন্ন পর্যায়ে এই হরমোনগুলোর মাত্রা পরিবর্তিত হয়। ফলে, নারীদের শরীরের তাপমাত্রা ও শীত অনুভবের ক্ষেত্রেও তার প্রভাব পড়ে। গবেষণায় দেখা গেছে, হরমোনের প্রভাবে নারীদের হাত, পা ও কানের তাপমাত্রা পুরুষদের তুলনায় প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকতে পারে।

ডিম্বস্ফোটনের পরের সপ্তাহে প্রোজেস্টেরনের মাত্রা বেড়ে যাওয়ায় নারীদের শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে। এ সময় বাইরের কম তাপমাত্রার প্রতি সংবেদনশীলতাও বাড়তে পারে। 


শুধু মানুষের মধ্যেই কি এই পার্থক্য দেখা যায়?

তাপমাত্রা পছন্দের এই পার্থক্য শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিভিন্ন প্রজাতির পাখি ও স্তন্যপায়ী প্রাণীর ওপর গবেষণাতেও একই ধরনের প্রবণতা দেখা গেছে। অনেক প্রজাতির পুরুষ প্রাণী ছায়াযুক্ত ও তুলনামূলক ঠাণ্ডা জায়গায় থাকতে পছন্দ করে। অন্যদিকে, স্ত্রী প্রাণী ও তাদের বাচ্চারা উষ্ণ পরিবেশে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে।

বাদুড়ের মধ্যেও এমন পার্থক্য দেখা যায়। পুরুষ বাদুড় পাহাড়ের উঁচু ও ঠাণ্ডা চূড়ায় বিশ্রাম নিতে পছন্দ করে। বিপরীতে, স্ত্রী বাদুড় তুলনামূলক উষ্ণ উপত্যকায় অবস্থান করে।

বিজ্ঞানীদের ধারণা, স্ত্রী স্তন্যপায়ী প্রাণীদের উষ্ণ পরিবেশ পছন্দ করার প্রবণতা বিবর্তনীয় অভিযোজনের অংশ হতে পারে। কারণ, উষ্ণ পরিবেশে মায়ের সঙ্গে থাকলে যেসব বাচ্চা নিজের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না, তাদের জন্য সুবিধা হয়। 


আদর্শ তাপমাত্রা ঠিক করবেন যেভাবে

নারী ও পুরুষের তাপমাত্রা পছন্দের পার্থক্য সামলাতে কিছু সহজ উপায় রয়েছে। দম্পতিদের জন্য এর একটি সমাধান হতে পারে ‘স্ক্যান্ডিনেভিয়ান স্লিপ মেথড’। এই পদ্ধতিতে একই বিছানায় ঘুমালেও দুজন আলাদা কম্বল ব্যবহার করেন। ফলে, একজনের বেশি গরম লাগলেও অন্যজন নিজের প্রয়োজন অনুযায়ী উষ্ণতা বজায় রাখতে পারেন।

কর্মক্ষেত্রেও ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে নেওয়া যেতে পারে বিশেষ ব্যবস্থা। এ ধরনের ব্যবস্থাকে বলা হয় ‘পার্সোনাল কমফোর্ট সিস্টেম’। এর আওতায় প্রত্যেকে নিজের কাজের জায়গায় প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা নিয়ন্ত্রণের সুযোগ পান। যেমন- ডেস্কে ছোট ফ্যান, গরম রাখার ব্যবস্থা থাকা চেয়ার, কম্বল কিংবা পা গরম রাখার যন্ত্র ব্যবহার করা।

এতে একই ঘরে থাকা অন্যদের তাপমাত্রার ওপর প্রভাব না ফেলেই প্রত্যেকে নিজের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে পারেন। গবেষণায় দেখা গেছে, কর্মক্ষেত্রে এ ধরনের ব্যক্তিগত ব্যবস্থা ব্যবহারে স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টি বাড়ে। পাশাপাশি পুরো অফিসের তাপমাত্রা পরিবর্তনের প্রয়োজন না হওয়ায় জ্বালানি সাশ্রয়েও এটি ভূমিকা রাখতে পারে।

সূত্র : এবিসি নিউজ

সময়ের আলো/মহু
  বিষয়:   শীত  নারী  পুরুষ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: