বউ কথা কও পাখি। ছবি : সংগৃহীত ‘বউ কথা কও, বউ কথা কও’- গাছের ডালে বসে বউ কথা কও পাখির এমন ডাক শুনেছেন নিশ্চয়ই। এই ডাকের পেছনে রয়েছে নানা দেশের বিচিত্র বিশ্বাস ও গল্প। একই পাখির ডাক ঘিরে কীভাবে জন্ম নিয়েছে এত ভিন্ন লোককথা, চলুন জেনে নেওয়া যাক।
লোকমুখে প্রচলিত গল্প অনুযায়ী, এক ব্যক্তির বিয়ে হয়েছিল। কিন্তু তার স্ত্রী কখনো কথা বলতেন না। দিনের পর দিন স্ত্রীর নীরবতায় স্বামীও বুঝতে পারতেন না তার মনের কথা। একসময় তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, যেন পাখি হয়ে স্ত্রীর মনের ভাষা বুঝতে পারেন। তার প্রার্থনা পূরণ হয়। পাখি হয়ে তিনি গাছে গাছে ঘুরে ডাকতে থাকেন- ‘বউ, কথা কও’। সেই থেকেই নাকি পাখিটির নাম বউ কথা কও।
তবে, এই পাখিকে ঘিরে শুধু বাংলাতেই লোককথা প্রচলিত নয়। একই পাখির ডাক পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মানুষের কল্পনায় তৈরি করেছে ভিন্ন ভিন্ন গল্প। কোথাও এটি ভালোবাসার আকুতি, কোথাও দিনের শুরু হওয়ার সংকেত, আবার কোথাও হারিয়ে যাওয়া ভেড়ার খোঁজে এক অতৃপ্ত আত্মার আর্তনাদ।
বউ কথা কও পাখির ইংরেজি নাম ইন্ডিয়ান কুক্কু। এর বৈজ্ঞানিক নাম কিউকিউলাস মাইক্রপটেরাস। কোকিল পরিবারের এই পাখির বিস্তৃতি বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে চীনের উত্তরাঞ্চল এবং রাশিয়া পর্যন্ত।
পাখিটি বেশ লাজুক স্বভাবের। সাধারণত একা থাকতে পছন্দ করে এবং গাছের উঁচু ডালে বসে ডাকে। এর ডাক বেশ জোরালো, ফলে দূর থেকেও শোনা যায়। চার সুরের এই ডাক বিভিন্ন অঞ্চলের মানুষের কানে ভিন্নভাবে ধরা দেয়। কেউ শোনেন ‘বো-ক-টা-কো’, কেউ ‘ওয়ান মোর বটল’, আবার কারও কাছে শোনায় ‘অরেঞ্জ-পিকো’। বাংলায় সেটিই হয়ে উঠেছে ‘বউ কথা কও’।
পাখিটির শরীরের রং ধূসর, বুকের দিকে হালকা পাটকিলে ছোপ রয়েছে। স্ত্রী ও পুরুষ পাখি দেখতে প্রায় একই রকম। মাটিতে খুব একটা নামে না। গাছের ডালে বসেই পোকামাকড় শিকার করে।
আরেকটি মজার বৈশিষ্ট্য হলো, পাখিটি নিজের বাসা তৈরি করে না। কোকিলের মতো অন্য পাখির বাসায় ডিম পাড়ে। পরে সেই বাসার মালিক পাখিই ডিমে তা দেওয়া থেকে শুরু করে বাচ্চা লালন-পালনের দায়িত্ব পালন করে।
চীনে এই ডাক ভোরের সংকেত
বাংলাদেশে যে ডাককে ঘিরে ভালোবাসা ও দাম্পত্য জীবনের গল্প প্রচলিত, চীনের গ্রামাঞ্চলে সেই একই ডাকের অর্থ একেবারেই আলাদা। সেখানে পাখিটির ডাককে রাতের অবসান ও নতুন দিনের শুরুর সংকেত হিসেবে দেখা হয়।
গ্রামীণ কৃষিজীবনে সময়ের গুরুত্ব অনেক। ভোরে ঘুম থেকে উঠে মাঠে যাওয়ার প্রস্তুতি নিতে হয় কৃষকদের। পাখির ডাক তাই তাদের কাছে দিনের কাজ শুরুর এক পরিচিত বার্তা। অন্ধকার কাটিয়ে যখন নতুন সকাল আসে, তখন পাখিটির ডাক যেন জানিয়ে দেয়, এবার ঘুম থেকে ওঠার সময় হয়েছে।
কাংড়া উপত্যকায় হারানো ভেড়ার খোঁজ
ভারতের হিমাচল প্রদেশের কাংড়া উপত্যকা। পাহাড়ি এই অঞ্চলে বউ কথা কও পাখির ডাককে ঘিরে প্রচলিত রয়েছে অন্য এক রহস্যময় গল্প। স্থানীয় লোককথায় পাখিটির ডাককে ব্যাখ্যা করা হয় ‘হোয়ার ইজ মাই শিপ’ বা ‘আমার ভেড়া কোথায়’ হিসেবে। এর পেছনে রয়েছে এক রাখালের গল্প।
কথিত আছে, বহু বছর আগে এক রাখাল পাহাড়ে ভেড়ার পাল চরাতে যেতেন। একদিন দুর্ঘটনায় তার মৃত্যু হয়। কিন্তু মৃত্যুর আগেও তার চিন্তা ছিল ভেড়ার পালকে নিয়ে। ভেড়াগুলো কোথায় গেল, তারা নিরাপদে বাড়ি ফিরতে পারবে কি না- এমন প্রশ্নই নাকি ভাবিয়ে তুলেছিল তাকে।
লোকবিশ্বাস অনুযায়ী, সেই রাখালের অতৃপ্ত আত্মা পাখির রূপ নিয়ে পাহাড়ে ঘুরে বেড়ায়। হারিয়ে যাওয়া ভেড়ার খোঁজে তার সেই আকুতিই নাকি পাখির ডাকে শোনা যায়।
একই পাখি, অথচ গল্পগুলো আলাদা কেন?
একই পাখির একই ডাক তিন অঞ্চলের মানুষের কাছে তিন রকম অর্থ বহন করছে। এর কারণ খুঁজতে গেলে চোখ রাখতে হয় প্রতিটি অঞ্চলের সমাজ, সংস্কৃতি ও জীবনযাপনের দিকে।
বাংলার লোককথায় দাম্পত্য সম্পর্ক ও পারিবারিক জীবনের টানাপোড়েন জায়গা পেয়েছে। চীনের কৃষিনির্ভর সমাজে পাখির ডাকের সঙ্গে যুক্ত হয়েছে সময় ও দৈনন্দিন কাজের সম্পর্ক। অন্যদিকে কাংড়া উপত্যকার পাহাড়ি জীবন, রাখালের পেশা এবং স্থানীয় মানুষের বিশ্বাস মিলে তৈরি করেছে হারিয়ে যাওয়া ভেড়ার গল্প।
আসলে প্রকৃতি তার নিজস্ব নিয়মেই চলে। পাখিটি প্রজনন মৌসুমে সঙ্গীকে আকৃষ্ট করার জন্য ডাকে। সেই ডাকের সঙ্গে মানুষের কল্পনা, অভিজ্ঞতা ও সংস্কৃতি মিশে তৈরি হয় নানা লোককথা।
পাখিটি জানে না, তার একটি ডাককে ঘিরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে কত গল্প ছড়িয়ে আছে। সে শুধু নিজের স্বাভাবিক নিয়মে ডেকে যায়। মানুষ সেই ডাকের মধ্যে খুঁজে নেয় নিজের জীবনের আনন্দ, বেদনা, ভালোবাসা কিংবা হারানোর স্মৃতি।
কখনো গ্রামের বাড়িতে বসে বউ কথা কও পাখির ডাক শুনলে একটু মনোযোগ দিয়ে শুনতে পারেন। কে জানে, আপনার কানে সেই ডাক হয়ত নতুন কোনো গল্পের জন্ম দেবে!
সূত্র : ইপাখি ডটকম
সময়ের আলো/মহু