টানা ১০ মাস আকাশে উড়ে বেড়ায় যে পাখি

সময়ের আলো ডেস্ক

ফিচার

একটানা ১০ মাস মাটিতে না নেমে আকাশে উড়ে বেড়ানো মানুষের কাছে কল্পনাতীত। কিন্তু প্রকৃতির বিস্ময়কর সৃষ্টি কমন সুইফট নামের ছোট

2026-11-16T16:37:59+00:00
2026-11-16T16:39:47+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
ফিচার
টানা ১০ মাস আকাশে উড়ে বেড়ায় যে পাখি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম  আপডেট: ১৬.১১.২০২৬ ৪:৩৯ পিএম
কমন সুইফট পরিযায়ী জীবনের প্রায় ১০ মাস আকাশেই কাটায়। ছবি : সংগৃহীত
একটানা ১০ মাস মাটিতে না নেমে আকাশে উড়ে বেড়ানো মানুষের কাছে কল্পনাতীত। কিন্তু প্রকৃতির বিস্ময়কর সৃষ্টি কমন সুইফট নামের ছোট এক প্রজাতির পাখির কাছে এটি খুবই স্বাভাবিক। সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানিয়েছেন, এই পাখি টানা ১০ মাস পর্যন্ত মাটিতে না নেমে আকাশে উড়তে পারে। ডিম পাড়া ও বংশবিস্তারের সময়টুকু ছাড়া বছরের প্রায় পুরোটা সময়ই এরা আকাশে কাটায়।

পাখির শরীরে আলো ও চলাচল শনাক্ত করার বিশেষ যন্ত্র সংযুক্ত করে গবেষকেরা এ তথ্য জানতে পারেন। গবেষণায় দেখা গেছে, পরিযায়ী জীবনের প্রায় ১০ মাস এরা আকাশেই কাটায়। বাকি দুই মাস প্রজননের জন্য মাটিতে নামে।


জীববিজ্ঞানী অ্যান্ডার্স হেডেনস্ট্রমের মতে, প্রাণিজগতে এমন অসাধারণ উড়ার ক্ষমতা সত্যিই বিস্ময়কর। মাটিতে না নেমে এত দীর্ঘ সময় আকাশে থাকার ঘটনা পাখির জগতে অন্যতম দীর্ঘ রেকর্ড।

অবশ্য পৃথিবীতে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার অসাধারণ ক্ষমতাসম্পন্ন অনেক পাখি রয়েছে। ওয়ান্ডারিং অ্যালবাট্রস ডানা না ঝাপটিয়েও বাতাসের সাহায্যে প্রায় ১০ হাজার মাইল বা ১৬ হাজার ৯০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। অন্যদিকে, ছোট্ট হামিংবার্ড নিজের শরীরের দৈর্ঘ্যের তুলনায় প্রায় ২ কোটি ৯০ লাখ গুণ বেশি দূরত্ব উড়তে সক্ষম।

তবে, কমন সুইফটের উড়ার ধরন আলাদা। অ্যালবাট্রস মূলত বাতাসের স্রোতে ভর করে ভেসে থাকে। কিন্তু সুইফটকে আকাশে অবস্থান ধরে রাখতে প্রায় সারাক্ষণ ডানা ঝাপটাতে হয়।


এত দীর্ঘ সময় উড়েও পাখিগুলো কীভাবে ঘুমায়, কখন বিশ্রাম নেয় কিংবা কীভাবে খাবার সংগ্রহ করে- এসব প্রশ্নের সব উত্তর এখনো বিজ্ঞানীদের জানা নেই। বিষয়গুলো নিয়ে গবেষণা চলছে।

গবেষণায় আরও কিছু চমকপ্রদ তথ্য উঠে এসেছে। যেসব কমন সুইফট টানা ১০ মাস আকাশে কাটিয়েছে, তাদের পুরোনো পালক ঝরে নতুন পালক গজানোর প্রমাণ পাওয়া গেছে। অন্যদিকে, যেসব পাখি মাঝেমধ্যে মাটিতে নেমেছে, তাদের ক্ষেত্রে একই সময়ে পালক ঝরার ঘটনা দেখা যায়নি।

তবে, দুই দলের উড়ার সময়ের পার্থক্য ছিল খুবই সামান্য। গবেষণায় পর্যবেক্ষণ করা ১৩টি পাখির মধ্যে যেগুলো মাঝেমধ্যে বিশ্রাম নিয়েছে, সেগুলোও ১০ মাসের প্রায় ৯৯ দশমিক ৫ শতাংশ সময় আকাশে উড়েছে।


গবেষক হেডেনস্ট্রমের ধারণা, পালক ঝরা বা না ঝরার সঙ্গে পাখির শারীরিক অবস্থা কিংবা জীবাণুর সংক্রমণের মতো বিষয়গুলোর সম্পর্ক থাকতে পারে। এ কারণেই একই প্রজাতির পাখিদের উড়ার অভ্যাসে সামান্য পার্থক্য দেখা যেতে পারে।

পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে কমন সুইফট বেশ দক্ষ। আগে এরা সাধারণত গাছের কোটরে বাসা বাঁধত। তবে, প্রাকৃতিক আবাসস্থল কমে যাওয়ায় এখন শহরাঞ্চলের বিভিন্ন স্থাপনাকেও বাসা তৈরির জন্য বেছে নিচ্ছে।

পুরোনো ভবনের ফাঁকা জায়গা, সরু গর্ত, চিমনি ও উঁচু দেয়ালের খাঁজে এদের বাসা দেখা যায়। এদের নিকটাত্মীয় চিমনি সুইফটও উঁচু চিমনি ও খাড়া দেয়ালে বাসা বাঁধতে পছন্দ করে।


পরিযায়ী পাখি হিসেবে কমন সুইফট শীতকালে অপেক্ষাকৃত উষ্ণ অঞ্চলে চলে যায়। দক্ষিণ আমেরিকার পূর্ব পেরু ও আমাজন অববাহিকার বিভিন্ন এলাকায় এদের দেখা মেলে। এ ছাড়া, ইউরেশিয়া ও দক্ষিণ আফ্রিকার বিভিন্ন অঞ্চলও এদের বিচরণক্ষেত্রের অন্তর্ভুক্ত। সাধারণত জুন বা জুলাই মাসে এরা ডিম পাড়ে।

পরিবেশের সঙ্গে সহজে মানিয়ে নিতে পারলেও কমন সুইফটসহ আকাশে উড়ে বেড়ানো পতঙ্গভুক পাখির সংখ্যা কমছে। জলবায়ু পরিবর্তন, আবাসস্থল ধ্বংস এবং খাদ্যের সংকটকে এর অন্যতম কারণ হিসেবে বিবেচনা করছেন গবেষকেরা।

বিশেষ করে উড়ন্ত পোকামাকড় এদের প্রধান খাদ্য। এসব পোকার সংখ্যা কমে যাওয়ায় সুইফট পাখির খাদ্য সংগ্রহও কঠিন হয়ে উঠছে। তাই এই অসাধারণ পাখির অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা জরুরি।

সূত্র : হাউ স্টাফ ওয়ার্কস

সময়ের আলো/মহু
  বিষয়:   পাখি  কমন সুইফট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: