প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩:২১ পিএম আপডেট: ১৪.১১.২০২৬ ৩:২২ পিএম
হাড়গিলা পাখি। ছবি : সংগৃহীত একসময় বাংলাদেশের নদীর চর, বিল, সুন্দরবন ও লোকালয়ে ঝাঁকে ঝাঁকে দেখা মিলত হাড়গিলা পাখির। শত শত পাখির বিচরণ ছিল দেশের বিভিন্ন অঞ্চলে। অথচ সময়ের ব্যবধানে সেই পরিচিত পাখি এখন বাংলাদেশ থেকে সম্পূর্ণ হারিয়ে গেছে। একসময় পরিচ্ছন্নতাকর্মীর প্রতীক হিসেবে পরিচিত এই বিশালদেহী পাখি আজ দেশের বিলুপ্ত প্রাণীর তালিকায় ঠাঁই পেয়েছে।
ঊনবিংশ শতকের শেষ দিকে বাংলাদেশে হাড়গিলার ব্যাপক উপস্থিতির কথা লিখেছিলেন পাখিবিদ জে আর ক্রিপ্স। বর্তমানে সেই চিত্র কল্পনা করাও কঠিন।
বিংশ শতকে হাড়গিলা ছিল বাংলার পরিচিত প্রতীকী প্রাণীগুলোর একটি। পাখিটির ওজন ছিল আট থেকে নয় কেজি। সর্বভুক হওয়ায় লোকালয়েও ছিল এর অবাধ যাতায়াত। গ্রামের ভাগাড় ও শহরের ময়লার স্তূপে খাবারের সন্ধানে ঘুরে বেড়াত পাখিটি। পচা-গলা বর্জ্য খেয়ে পরিবেশ পরিষ্কারে ভূমিকা রাখত বলে পরিচ্ছন্নতাকর্মী হিসেবেও এর পরিচিতি ছিল।
প্রাচীন উজবেক ভাষায় হাড়গিলার নাম ছিল ‘ডিঙ’। মৃত প্রাণীর হাড় গিলে খেতে পারে- এমন ধারণা থেকে পাখিটির নাম হয়েছিল হাড়গিলা। তবে, এটি আসলে মানিকজোড় বা স্টর্ক পরিবারের সদস্য এবং মদনটাকের নিকটাত্মীয়। এর ইংরেজি নাম ‘গ্রেটার অ্যাডজুট্যান্ট’। বাংলায় একে বড় মদনটাকও বলা হয়। বিশ্বে মানিকজোড় পরিবারের পাখি রয়েছে মাত্র ২০ প্রজাতির। এর মধ্যে হাড়গিলার মতো বিশালদেহী আরেকটি প্রজাতি হলো মারাবু স্টর্ক, যা আফ্রিকার বিভিন্ন দেশে দেখা যায়।
একসময় হাড়গিলাকে ঘিরে নানা কুসংস্কারও প্রচলিত ছিল। মানুষের বিশ্বাস ছিল, এ পাখির মাংস খেলে দুরারোগ্য ব্যাধি সেরে যায়। এমনকি এর পালক পুড়িয়ে খেলে কুষ্ঠরোগ ভালো হয় বলেও ধারণা ছিল। তবে, এসব বিশ্বাসের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।
অন্যদিকে, ঊনবিংশ শতকে হাড়গিলার পালকের চাহিদা ছিল লন্ডনের পোশাকের বাজারে। অভিজাত নারীদের পোশাক ও টুপিতে এসব পালক ব্যবহার করা হতো।
একসময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে হাড়গিলার অস্তিত্ব থাকলেও বর্তমানে ভারত ও কম্বোডিয়ায় এ পাখির দেখা মেলে। আসামের বিভিন্ন এলাকা, বিহার এবং কম্বোডিয়ার টোনলে-স্যাপ ও কুলেন প্রমতেপ অভয়ারণ্যে সব মিলিয়ে প্রায় দুই হাজার হাড়গিলা টিকে আছে।
বিপন্ন এ পাখি রক্ষায় ভারতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ‘হাড়গিলা আর্মি’। আসামের প্রায় ২০ হাজার গ্রামীণ নারী এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন। ব্রহ্মপুত্র নদের তীরবর্তী কামরূপ জেলার বিভিন্ন লোকালয়ে দল বেঁধে বাসা বাঁধে হাড়গিলা। সংরক্ষণ উদ্যোগের ফলে ওই অঞ্চলে পাখিটির সংখ্যা কয়েক শ থেকে বেড়ে হাজারের ঘরে পৌঁছেছে।
একসময় সুন্দরবনেও হাড়গিলার বাসা ছিল। প্রায় ১৭৫ বছর আগেও সেখানে এ পাখির প্রজননের নজির পাওয়া যায়। এখন সেই স্মৃতি কেবল ইতিহাসের অংশ। শুধু হাড়গিলা নয়, এর চেয়ে ছোট প্রজাতির লেসার অ্যাডজুট্যান্ট বা ছোট মদনটাকের বাসাও সুন্দরবনে আর দেখা যায় না।
সময়ের আলো/মহু