প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২:০৫ পিএম আপডেট: ১৪.১১.২০২৬ ৩:০৩ পিএম
রাশিয়ার রাজধানী মস্কো থেকে যাত্রা শুরু করে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে পৌঁছায় ট্রেনটি। ছবি : সংগৃহীত একটি ট্রেনে টানা ৮ দিন কাটানো! শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমন রেলপথ রয়েছে। রাশিয়ার রাজধানী মস্কো থেকে যাত্রা শুরু করে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে পৌঁছায় ট্রেনটি। ১০ হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দেওয়া এই রুটকে বিশ্বের দীর্ঘতম সরাসরি যাত্রীবাহী ট্রেনযাত্রা হিসেবে বিবেচনা করা হয়।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, মস্কো থেকে পিয়ংইয়ং পর্যন্ত রেলপথের দূরত্ব ১০ হাজার ২১৪ কিলোমিটার। পুরো যাত্রায় সময় লাগে প্রায় ৭ দিন ২০ ঘণ্টা। তবে ২০২৫ সালে রেল যোগাযোগ পুনরায় চালুর সময় রাশিয়ার রেল কর্তৃপক্ষ জানিয়েছিল, যাত্রাটি শেষ করতে আট দিনের কিছু বেশি সময় লাগবে।
মস্কো থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি রাশিয়ার বিশাল ভূখণ্ড অতিক্রম করে উত্তর কোরিয়ায় প্রবেশ করে। পথে উসুরিস্ক, খাবারভস্ক, চিতা, ইরকুতস্ক, ক্রাসনোইয়ারস্ক, নভোসিবিরস্ক, ওমস্ক ও ইয়েকাতেরিনবুর্গের মতো গুরুত্বপূর্ণ শহর অতিক্রম করতে হয়। এরপর রাশিয়া-উত্তর কোরিয়া সীমান্ত পেরিয়ে ট্রেনটি পৌঁছায় পিয়ংইয়ংয়ে।
এই রেলযাত্রার বিশেষত্ব হলো, পুরো পথ পাড়ি দিতে যাত্রীদের ট্রেন পরিবর্তন করতে হয় না। উত্তর কোরিয়ার বিশেষ যাত্রীবাহী বগি রাশিয়ার ট্রেনের সঙ্গে যুক্ত করে যাত্রাটি পরিচালনা করা হয়। ফলে, দীর্ঘ ৮ দিনের যাত্রায় একই ট্রেনের ধারাবাহিকতা বজায় থাকে।
করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সরাসরি যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় পাঁচ বছর বন্ধ থাকার পর ২০২৫ সালের ১৭ জুন আবারও চালু হয় মস্কো-পিয়ংইয়ং রুট।
রাশিয়ার রেল কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, এই পথে মাসে দুবার ট্রেন চলাচল করে। মস্কো থেকে পিয়ংইয়ংয়ের উদ্দেশে প্রতি মাসের ১২ ও ২৬ তারিখে ট্রেন ছাড়ে। অন্যদিকে, পিয়ংইয়ং থেকে মস্কোর উদ্দেশে ট্রেন ছাড়ে প্রতি মাসের ৩ ও ১৭ তারিখে।
রাশিয়ার রেল কর্তৃপক্ষের দাবি, এটি বিশ্বের দীর্ঘতম সরাসরি ট্রেনযাত্রা। তবে, এই ট্রেনে ভ্রমণ করতে চাইলেই টিকিট পাওয়া যায় না। উত্তর কোরিয়ায় প্রবেশের জন্য দেশটির ভিসা ও ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে হয়। ফলে, সাধারণ পর্যটকদের জন্য এই দীর্ঘ রেলযাত্রার সুযোগ বেশ সীমিত।
সময়ের আলো/মহু