বিশ্বের সবচেয়ে খাটো নারী ছিলেন প্রিন্সেস পলিন

সময়ের আলো ডেস্ক

ফিচার

বর্তমানে বিশ্বের সবচেয়ে খাটো জীবিত নারী ভারতের জ্যোতি আমগে। মাত্র ৬২ দশমিক ৮ সেন্টিমিটার উচ্চতার এই নারী সামাজিক যোগাযোগমাধ্যমের সুবাদে

2026-11-13T19:03:51+00:00
2026-11-13T19:03:51+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
ফিচার
বিশ্বের সবচেয়ে খাটো নারী ছিলেন প্রিন্সেস পলিন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৭:০৩ পিএম 
প্রিন্সেস পলিন। ছবি : সংগৃহীত
বর্তমানে বিশ্বের সবচেয়ে খাটো জীবিত নারী ভারতের জ্যোতি আমগে। মাত্র ৬২ দশমিক ৮ সেন্টিমিটার উচ্চতার এই নারী সামাজিক যোগাযোগমাধ্যমের সুবাদে বিশ্বজুড়ে পরিচিত। তবে জ্যোতিরও বহু বছর আগে, উনিশ শতকের শেষ দিকে নিজের শারীরিক উচ্চতার কারণেই বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন আরেক নারী। তার নাম পলিন মাস্টারস। ‘প্রিন্সেস পলিন’ নামেই বেশি পরিচিত ছিলেন তিনি। উচ্চতা ছিল মাত্র ৬১ সেন্টিমিটার।

১৮৭৬ সালের ২৬ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের উত্তর ব্রাবান্ট প্রদেশের ওসেনড্রেখট গ্রামের এক সাধারণ পরিবারে জন্ম পলিনের। তবে তার জন্মসাল নিয়ে মতভেদ রয়েছে। কিছু সূত্রে ১৮৭৮ সালও উল্লেখ করা হয়েছে। জন্মের সময় তার উচ্চতা ছিল মাত্র ৩০ সেন্টিমিটার। এমন শিশুর বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন ছিলেন বাবা-মা। কিন্তু সব আশঙ্কা পেছনে ফেলে বেঁচে যান পলিন। শুধু তা-ই নয়, একসময় হয়ে ওঠেন আন্তর্জাতিক অঙ্গনের পরিচিত মুখ।

মা আন্না মারিয়া কাউয়েনবার্গ ও বাবা মিচিয়েল মাস্টারসের নয় সন্তানের মধ্যে পঞ্চম ছিলেন পলিন। তার বাবা পেশায় ছিলেন ছুতার। পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না। পলিনের জন্মের আগেই বাড়ি নির্মাণের জন্য ঋণ নিয়েছিলেন তাঁর বাবা। কিন্তু বজ্রপাতে সেই বাড়ি পুড়ে যাওয়ায় পরিবারটি বিপাকে পড়ে। শেষ পর্যন্ত বাড়ির বদলে একটি শস্যাগারেই জন্ম হয় পলিনের।

মেলা থেকে বিশ্বমঞ্চে

পলিনের বয়স যখন এক বছরও হয়নি, তখন থেকেই তাকে নিয়ে বেলজিয়াম ও নেদারল্যান্ডসের বিভিন্ন মেলায় যেতে শুরু করেন বাবা-মা। সেখানে ছোট্ট শিশুটিকে দেখতে আসা মানুষের কাছ থেকে অর্থ পেতেন তারা। একপর্যায়ে পলিনকে প্রদর্শন করেই পরিবারের আয়ের পথ তৈরি হয়। এই আয়েই বদলে যেতে থাকে তাঁদের জীবনযাত্রা। একসময় তৈরি করেন বড় একটি ভিলা। পলিনের বোনদের পাঠানো হয় ব্যয়বহুল বোর্ডিং স্কুলে, ভাইয়েরাও ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার সুযোগ পান।

শৈশব থেকেই পলিনের উচ্চতা ও ওজন ছিল অত্যন্ত কম। নয় বছর বয়সে তার উচ্চতা দাঁড়ায় মাত্র ৫৪ দশমিক ৬১ সেন্টিমিটার। ওজন ছিল ১ দশমিক ৯৫ কেজি।

১৮৮৯ সালে বাবার মৃত্যুর পর পলিনের বোনের স্বামী জোসেফ ভার্সচুরেন তার পেশাগত জীবনের দায়িত্ব নেন। তত দিনে পলিনের পরিচিতি নেদারল্যান্ডস ছাড়িয়ে ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। জোসেফের সঙ্গে বিভিন্ন শহরের থিয়েটারে পারফর্ম করতে শুরু করেন তিনি। লন্ডন, এডিনবরা, হামবুর্গ, বার্লিন ও প্যারিসের মঞ্চে তাঁকে দেখতে ভিড় জমাতেন দর্শকরা।

সম্রাটের উপহার, রানির অভ্যর্থনা

পলিনের জনপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছায় যে, জার্মান সম্রাট দ্বিতীয় কায়সার উইলহেম তাকে উপহার দেন বিশেষভাবে তৈরি একটি ছোট গাড়ি। ঘোড়ার বদলে কুকুর গাড়িটি টানত। হ্যানোভারের জ্যাকোবি কারখানায় তৈরি গাড়িটির উচ্চতা ছিল মাত্র ৯০ সেন্টিমিটার। নেদারল্যান্ডসের রানি এমার কাছ থেকেও অভ্যর্থনা পেয়েছিলেন পলিন।


তার উপার্জনও ছিল উল্লেখযোগ্য। সপ্তাহে প্রায় ১ হাজার ডলার আয় করতেন তিনি। বর্তমান মূল্যমান অনুযায়ী, সেই অর্থের পরিমাণ প্রায় ৩৬ হাজার ডলারের সমান।

তবে এই খ্যাতি ও উপার্জনের পেছনে ছিল কঠিন বাস্তবতা। নিয়মিত ভ্রমণ ও মঞ্চে উপস্থিতির কারণে শারীরিক চাপ সামলাতে হতো তাকে। চিকিৎসকেরা অতিরিক্ত ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিলেও জীবিকার প্রয়োজনে বারবার সেই পরামর্শ উপেক্ষা করতে হয়েছে।

মাত্র ১৯ বছরেই জীবনের অবসান 

দীর্ঘ ভ্রমণ ও শারীরিক ধকলের মধ্যে একসময় গুরুতর অসুস্থ হয়ে পড়েন পলিন। নিউমোনিয়া ও মেনিনজাইটিসে আক্রান্ত হওয়ার পর ১৮৯৫ সালের শুরুর দিকে মাত্র ১৯ বছর বয়সে তার মৃত্যু হয়।

জীবন ছিল মাত্র ১৯ বছরের। কিন্তু নিজের সময়ের সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন পলিন মাস্টারস। সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা আধুনিক প্রচারব্যবস্থা ছাড়াই উনিশ শতকে তার নাম পৌঁছে গিয়েছিল ইউরোপের নানা প্রান্তে। ইতিহাসে তাই তিনি স্মরণীয় হয়ে আছেন বিশ্বের সবচেয়ে খাটো নারীদের একজন হিসেবে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   খাটো নারী  প্রিন্সেস পলিন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: