ছবি : সংগৃহীত বিষণ্নতা মানেই কি শুধু মন খারাপ, হতাশা কিংবা আগ্রহ হারিয়ে ফেলা? এর পেছনে ঘুমের অনিয়মও কি বড় কোনো ভূমিকা রাখে? অস্ট্রেলিয়ার একদল গবেষক বিষণ্নতার সম্ভাব্য নতুন একটি ধরন চিহ্নিত করে এমন প্রশ্ন সামনে এনেছেন। তারা এর নাম দিয়েছেন ‘সার্কাডিয়ান ডিপ্রেশন’। গবেষকদের ধারণা, শরীরের স্বাভাবিক ঘুম ও জেগে থাকার ছন্দে ব্যাঘাত ঘটলে কিছু মানুষের মধ্যে বিষণ্নতা তৈরি হতে পারে।
তবে বিষয়টি এখনো গবেষণার পর্যায়ে। ঘুমের অনিয়ম বিষণ্নতার কারণ, নাকি বিষণ্নতার প্রভাবে ঘুমের ছন্দ নষ্ট হয়—এ প্রশ্নের নিশ্চিত উত্তর মেলেনি।
ন্যাশনাল জিওগ্রাফিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের একটি গবেষণায় বিষণ্নতায় আক্রান্ত ব্যক্তিদের মস্তিষ্কের কার্যক্রম বিশ্লেষণ করে ছয় ধরনের পার্থক্য চিহ্নিত করেছিলেন বিজ্ঞানীরা। নতুন গবেষণায় অবশ্য মস্তিষ্কের কার্যক্রমের বদলে গুরুত্ব দেওয়া হয়েছে মানুষের ঘুমের অভ্যাস ও দৈনন্দিন জীবনযাপনের সময়সূচিকে। গবেষণাটি প্রকাশিত হয়েছে দ্য ব্রিটিশ জার্নাল অব সাইকিয়াট্রি সাময়িকীতে।
শরীরের অভ্যন্তরীণ ঘড়ির সঙ্গে বিষণ্নতার সম্পর্ক
মানবদেহ একটি নির্দিষ্ট ছন্দ মেনে চলে। কখন ঘুম আসবে, কখন ঘুম ভাঙবে কিংবা দিনের কোন সময়ে শরীর বেশি সতেজ থাকবে—এসব নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শরীরের অভ্যন্তরীণ ঘড়ি। চিকিৎসাবিজ্ঞানে এই ব্যবস্থাকে বলা হয় সার্কাডিয়ান রিদম। দিনের আলো এই ছন্দ ঠিক রাখতে সাহায্য করে।
কোনো কারণে শরীরের এই স্বাভাবিক ছন্দে ব্যাঘাত ঘটলে ঘুমের সমস্যা দেখা দিতে পারে। কেউ রাতে সহজে ঘুমাতে পারেন না, কেউ আবার দীর্ঘ সময় ঘুমিয়েও ক্লান্তি কাটাতে পারেন না। বিষণ্নতায় আক্রান্ত অনেকের মধ্যেই এমন সমস্যা দেখা যায়।
নতুন গবেষণায় বিজ্ঞানীরা এমন ছয়টি বৈশিষ্ট্য চিহ্নিত করেছেন, যেগুলো একসঙ্গে থাকলে শরীরের ঘুম ও জেগে থাকার স্বাভাবিক ছন্দে সমস্যার ইঙ্গিত পাওয়া যেতে পারে। বৈশিষ্ট্যগুলো হলো—ঋতু পরিবর্তনের সঙ্গে মেজাজের পরিবর্তন, রাতে দেরি করে ঘুমানো, রাত জাগতে বেশি পছন্দ করা, স্বাভাবিকের চেয়ে বেশি ঘুমানো, ঘুম থেকে ওঠার পরও ক্লান্ত থাকা এবং কর্মদিবস ও ছুটির দিনে ঘুমানোর সময়ের মধ্যে বড় পার্থক্য থাকা।
ন্যাশনাল জিওগ্রাফিকের প্রতিবেদনে বলা হয়েছে, গবেষকেরা ১১ হাজারের বেশি মানুষের তথ্য বিশ্লেষণ করেছেন। এতে দেখা গেছে, তাদের প্রায় এক-চতুর্থাংশের মধ্যে এই ছয়টি বৈশিষ্ট্যের অন্তত তিনটি রয়েছে। তাদের বিষণ্নতা তুলনামূলক কম বয়সে শুরু হয়েছে এবং এর তীব্রতাও বেশি ছিল। পাশাপাশি তাঁদের মধ্যে এডিএইচডি, বাইপোলার ডিসঅর্ডার ও ইনসুলিন প্রতিরোধের জিনগত ঝুঁকিও বেশি পাওয়া গেছে।
গবেষণার প্রধান লেখক ও ইউনিভার্সিটি অব সিডনির গবেষক এমিলিয়ানা তোনিনির ধারণা, কিছু মানুষের ক্ষেত্রে শরীরের ঘুম-জেগে থাকার স্বাভাবিক ছন্দে সমস্যা থেকেই বিষণ্নতার সূত্রপাত হতে পারে।
গবেষণার আরেক লেখক জ্যাকব ক্রাউস বলেন, বিষণ্নতা সবার ক্ষেত্রে একইভাবে প্রকাশ পায় না। এর পেছনের কারণও ব্যক্তিভেদে আলাদা হতে পারে। এ কারণেই একই চিকিৎসা সবার ক্ষেত্রে সমান কার্যকর হয় না। গবেষণাটি প্রকাশের পর অনেকে তাকে জানিয়েছেন, তাদের ঘুমের অভ্যাস ও বিষণ্নতার অভিজ্ঞতার সঙ্গে গবেষণায় উঠে আসা বৈশিষ্ট্যগুলোর মিল রয়েছে।
ঘুমের সময় বদলালে কি বিষণ্নতা কমবে?
গবেষণায় দেখা গেছে, চিহ্নিত বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে রয়েছে, তাদের অনেকে জানিয়েছেন, বিষণ্নতার ওষুধ তাদের ক্ষেত্রে তুলনামূলক কম কার্যকর। তবে এর সঙ্গে শরীরের অভ্যন্তরীণ ঘড়ির সমস্যার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। বিষণ্নতার পেছনে অন্য কারণও থাকতে পারে।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পিটসবার্গের মনোরোগ বিশেষজ্ঞ কলিন ম্যাকক্লাং মনে করেন, এই গোষ্ঠীর কিছু মানুষের ক্ষেত্রে বিষণ্নতার বদলে বাইপোলার ডিসঅর্ডার থাকতে পারে।
২০২৫ সালের একটি পর্যালোচনায় দেখা গেছে, যারা স্বাভাবিকভাবে রাতে দেরিতে ঘুমাতে যান, তাদের ঘুমানোর সময় কিছুটা এগিয়ে আনতে পারলে মেজাজের উন্নতি হতে পারে। তবে বিশেষজ্ঞ ডেভিড কার্টিসের মতে, বিষণ্নতার উপসর্গ কমে যাওয়ার কারণেও ঘুমের স্বাভাবিক ছন্দ ফিরে আসতে পারে।
কিছু গবেষণায় রাতে দেরিতে ঘুমাতে যাওয়ার অভ্যাসের সঙ্গে বিষণ্নতার ঝুঁকির সম্পর্ক পাওয়া গেছে। তবে এ বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর মতো পর্যাপ্ত প্রমাণ এখনো নেই। কারণ, ঘুমের অনিয়ম বিষণ্নতার ঝুঁকি বাড়াতে পারে, আবার বিষণ্নতার প্রভাবেও ঘুমের সময়সূচি এলোমেলো হয়ে যেতে পারে।
আলো দিয়ে চিকিৎসায় আশার ইঙ্গিত
শরীরের ঘুম ও জেগে থাকার স্বাভাবিক ছন্দ ঠিক রাখতে কিছু চিকিৎসাপদ্ধতি কাজে আসতে পারে বলে মনে করছেন গবেষকেরা। এর মধ্যে রয়েছে উজ্জ্বল আলো দিয়ে চিকিৎসা। এ পদ্ধতিতে নির্দিষ্ট সময় ধরে উজ্জ্বল আলোর সামনে থাকতে হয়।
ন্যাশনাল জিওগ্রাফিকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের একটি পর্যালোচনায় ঋতু পরিবর্তনের সঙ্গে সম্পর্ক নেই—এমন বিষণ্নতায় আক্রান্ত ৮০০ জনের বেশি মানুষের ওপর আলো দিয়ে চিকিৎসার প্রভাব বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, চিকিৎসা নেওয়া ব্যক্তিদের ৪০ শতাংশের বেশি সুস্থতার পর্যায়ে পৌঁছান। অন্যদিকে, যারা এ চিকিৎসা পাননি, তাদের ক্ষেত্রে এই হার ছিল ২৫ শতাংশ।
তবে এই গবেষণাগুলোতে সার্কাডিয়ান ডিপ্রেশনের বৈশিষ্ট্য থাকা ব্যক্তিদের আলাদা করে নির্বাচন করা হয়নি। ফলে নতুন চিহ্নিত সম্ভাব্য ধরনটির ক্ষেত্রে আলো দিয়ে চিকিৎসা কতটা কার্যকর, তা এখনো স্পষ্ট নয়।
মেলাটোনিন নিয়েও আশাব্যঞ্জক প্রমাণ পাওয়া যায়নি। একটি বিশ্লেষণে দেখা গেছে, বিষণ্নতা কমাতে মেলাটোনিনের সুস্পষ্ট উপকারিতা নেই।
সব মিলিয়ে, নতুন গবেষণাটি বিষণ্নতা ও ঘুমের ছন্দের মধ্যকার সম্পর্ক বোঝার ক্ষেত্রে নতুন দিক উন্মোচন করেছে। তবে ‘সার্কাডিয়ান ডিপ্রেশন’কে স্বতন্ত্র ধরন হিসেবে প্রতিষ্ঠা করা কিংবা এর চিকিৎসা নির্ধারণের জন্য আরও গবেষণা প্রয়োজন।
সময়ের আলো/জেডি