কিছু বিষয়ে আগে থেকে সচেতন হলে গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব। ছবি : সংগৃহীত দেশে নারীদের মধ্যে গর্ভকালীন ডায়াবেটিসের হার বাড়ছে। এ ধরনের ডায়াবেটিস অন্তঃসত্ত্বা নারী ও অনাগত সন্তানের জন্য নানা জটিলতার কারণ হতে পারে। সন্তান প্রসবের পর অনেকের রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক হয়ে এলেও পরবর্তী সময়ে তাদের টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় কয়েক গুণ বেশি থাকে। এমনকি এসব মায়ের সন্তানেরও ভবিষ্যতে ডায়াবেটিস, অতিরিক্ত ওজনসহ বিভিন্ন বিপাকীয় জটিলতায় আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।
যাদের ঝুঁকি বেশি
- যাদের শরীরের ওজন বা বিএমআই বেশি।
- পরিবারে ডায়াবেটিসের ইতিহাস রয়েছে।
- আগের গর্ভাবস্থায় ডায়াবেটিস হয়েছিল।
- পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস) রয়েছে।
- যাদের খাদ্যাভ্যাস স্বাস্থ্যসম্মত নয়।
- নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করেন না।
- গর্ভধারণের সময় বয়স ২৫ বছরের বেশি।
গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি কমাতে যা করবেন
এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম বিভাগের সহযোগী অধ্যাপকডা. তানজিনা হোসেনের মতে, কিছু বিষয়ে আগে থেকে সচেতন হলে গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব।
ওজন নিয়ন্ত্রণে রাখা
গর্ভকালীন ডায়াবেটিসের অন্যতম বড় ঝুঁকি হলো অতিরিক্ত ওজন। গর্ভাবস্থায় ওজন কমানোর চেষ্টা করা ঠিক নয়। তাই সন্তান নেওয়ার পরিকল্পনার অনেক আগে থেকেই ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি। কৈশোর ও তারুণ্য থেকেই উচ্চতা অনুযায়ী স্বাস্থ্যকর ওজন বজায় রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে ভবিষ্যতে গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব।
স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা
কম বয়স থেকেই মেয়েদের পুষ্টিকর ও সুষম খাবার খাওয়ার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। গবেষণায় দেখা গেছে, গর্ভধারণের পর বিশেষ কোনো ডায়েট অনুসরণ করলেই গর্ভকালীন ডায়াবেটিস প্রতিরোধ করা যায় না। বরং খুব কম শর্করাযুক্ত খাবার বা অতিরিক্ত ক্যালরি নিয়ন্ত্রণের ডায়েট গর্ভস্থ শিশুর জন্য ক্ষতিকর হতে পারে। তাই সন্তান নেওয়ার কয়েক মাস থেকে অন্তত এক বছর আগে থেকেই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা বেশি কার্যকর।
নিয়মিত ব্যায়াম ও হাঁটাহাঁটি
গর্ভাবস্থায়ও শারীরিকভাবে সক্রিয় থাকা সম্ভব। নিয়মিত হালকা ব্যায়াম ও হাঁটাহাঁটি শরীরে অতিরিক্ত চর্বি জমতে বাধা দেয় এবং শরীর সুস্থ রাখতে সহায়তা করে। তবে, অনেক নারী ডায়াবেটিস শনাক্ত হওয়ার পর ব্যায়াম শুরু করেন। সাধারণত ২৪ থেকে ২৮ সপ্তাহের দিকে পরীক্ষা করে রোগটি শনাক্ত হয়। অথচ গর্ভাবস্থার প্রথম তিন মাস থেকে অন্তত প্রথম ২০ সপ্তাহ নিয়মিত হালকা হাঁটাহাঁটি ও উপযুক্ত ব্যায়াম করলে গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি কিছুটা কমতে পারে।
সাপ্লিমেন্ট ও ওষুধের ভূমিকা
পিসিওএস, ইনসুলিন রেজিস্ট্যান্স বা মেটাবলিক সিনড্রোম রয়েছে- এমন নারীদের ক্ষেত্রে গর্ভধারণের আগে মেটফরমিন সেবনে পরবর্তী সময়ে গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি কিছুটা কমতে পারে। তবে, এই ওষুধ সবার জন্য প্রযোজ্য নয়।
এ ছাড়া প্রোবায়োটিক, ফাইবার, ভিটামিন ডি ও ইনোসিটলযুক্ত খাবার কিংবা প্রয়োজনে এসব উপাদানের সাপ্লিমেন্ট উপকারী হতে পারে। তবে, চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ বা সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত নয়।
সময়ের আলো/মহু