মানসিক সুস্থতা ও ব্যক্তিগত সম্পর্কের পরিবর্তনও প্রভাব ফেলছে পর্যটকদের পছন্দে। ছবি : সংগৃহীত ভ্রমণের ধরন ও উদ্দেশ্য প্রতিনিয়ত বদলাচ্ছে। কেউ খুঁজছেন রহস্যময় ও কল্পনার জগতের মতো জায়গা, কেউ শৈশবের আনন্দ ফিরে পেতে চান, আবার কেউ বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য বেছে নিচ্ছেন ভ্রমণ। কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তার, মানসিক সুস্থতা এবং ব্যক্তিগত সম্পর্কের পরিবর্তনও প্রভাব ফেলছে পর্যটকদের পছন্দে। বিভিন্ন পর্যটন প্রতিষ্ঠান ও গবেষণা সংস্থার পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালে ভ্রমণজগতে সাতটি প্রবণতা বিশেষ গুরুত্ব পেতে পারে।
কল্পনার জগতের মতো জায়গায় ভ্রমণ
২০২৭ সালে রহস্যময় ও রূপকথার মতো পরিবেশের গন্তব্য পর্যটকদের আকর্ষণ করতে পারে। তারাভরা আকাশ, প্রাচীন ধ্বংসাবশেষ, রহস্যঘেরা বন কিংবা লোককাহিনিনির্ভর স্থান ঘুরে দেখার আগ্রহ বাড়ছে।
বুকিং ডটকমের পূর্বাভাস অনুযায়ী, জরিপে অংশ নেওয়া ৬৫ শতাংশ পর্যটক ভৌতিক ইতিহাস ও অতিপ্রাকৃত অভিজ্ঞতাসংবলিত ভ্রমণে আগ্রহী।
অন্যদিকে, পিন্টারেস্টের তথ্য বলছে, রহস্যময় প্রাকৃতিক দৃশ্য নিয়ে মানুষের অনুসন্ধান বাড়ছে। স্কটল্যান্ডের পার্বত্য অঞ্চল সম্পর্কে অনুসন্ধান বেড়েছে ৪৬৫ শতাংশ।
ভ্রমণ জনসংযোগ প্রতিষ্ঠান লেমনগ্রাসের মতে, রোমান্স ও কল্পনার মিশেলে তৈরি ‘রোমান্টাসি’ ধারার বইয়ের জনপ্রিয়তাও এ ধরনের ভ্রমণে আগ্রহ বাড়াচ্ছে। সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালার কোলে অবস্থিত জারমাট হতে পারে এমন ভ্রমণের আকর্ষণীয় গন্তব্য।
পুরুষদের দলগত ভ্রমণে নতুন ভাবনা
পুরুষদের দলগত ভ্রমণের প্রচলিত ধারণা বদলে যাচ্ছে। নতুন প্রজন্মের পুরুষেরা এখন দলবদ্ধ ভ্রমণে মানসিক প্রশান্তি, আত্মঅনুসন্ধান ও অনুভূতি ভাগাভাগির সুযোগ খুঁজছেন।
লেমনগ্রাসের ২০২৭ সালের প্রবণতাবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, পুরুষদের ভ্রমণে একাকিত্ব, মানসিক চাপ, কর্মজীবন ও ব্যক্তিজীবনের ভারসাম্য এবং আর্থিক অনিশ্চয়তার মতো বিষয় গুরুত্ব পাচ্ছে। প্রতিবেদনে উদ্ধৃত যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বুপার গবেষণা অনুযায়ী, ৫০ শতাংশ পুরুষ মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যার মধ্য দিয়ে গেছেন।
অভিযাত্রী লেভিসন উডের মতে, একসঙ্গে হাঁটা, তাঁবু তৈরি, খাবার ভাগাভাগি কিংবা চ্যালেঞ্জ মোকাবিলার সময় পুরুষেরা নিজেদের অনুভূতি নিয়ে বেশি খোলামেলা আলোচনা করেন। ফলে, দলগত ভ্রমণ বন্ধুত্বের বন্ধন দৃঢ় করার পাশাপাশি মানসিক স্বস্তির সুযোগও তৈরি করছে।
শৈশবের আনন্দ ফিরে পাওয়ার ভ্রমণ
প্রাপ্তবয়স্ক জীবনের দায়িত্ব ও ব্যস্ততা থেকে সাময়িক মুক্তি পেতে শৈশবের আনন্দ ফিরিয়ে আনার ভ্রমণ জনপ্রিয় হচ্ছে। এ প্রবণতাকে বলা হচ্ছে ‘আন-অ্যাডাল্টিং’ ভ্রমণ।
এক্সপিডিয়ার জরিপে অংশ নেওয়া ৫৭ শতাংশ পর্যটক জানিয়েছেন, ২০২৭ সালে এ ধরনের ভ্রমণে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জেনারেশন জেড ও মিলেনিয়ালদের মধ্যে এ আগ্রহ ৭১ শতাংশ।
পর্যটন প্রতিষ্ঠানগুলোও এ চাহিদা বিবেচনায় বিশেষ আয়োজন করছে। ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ডের এপকট পার্কে প্রাপ্তবয়স্কদের জন্য বিশেষ লাউঞ্জ চালু হয়েছে। পাশাপাশি আয়োজন করা হচ্ছে রাতের অনুষ্ঠান। জাপানের ইউনিভার্সাল স্টুডিওসেও প্রাপ্তবয়স্কদের জন্য রয়েছে রাতভর হ্যালোইন হরর নাইটসের অভিজ্ঞতা।
প্রযুক্তির চেয়ে মানুষের সঙ্গকে গুরুত্ব
ভ্রমণ পরিকল্পনা থেকে শুরু করে হোটেল বুকিং- সবখানেই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ছে। তবে, প্রযুক্তির সুবিধা থাকলেও পর্যটকেরা সরাসরি যোগাযোগ ও ব্যক্তিগত অভিজ্ঞতার গুরুত্ব দিচ্ছেন।
হিলটনের ২০২৭ সালের ভ্রমণ প্রবণতাবিষয়ক প্রতিবেদনে দেখা গেছে, ৬০ শতাংশ পর্যটক অন্যদের সঙ্গে উপভোগ করা যায় এমন কার্যক্রমে আগ্রহী।
অন্যদিকে, প্রাইসলাইনের জরিপে ৬৬ শতাংশ মার্কিন পর্যটক জানিয়েছেন, উন্নত ব্যক্তিগত সেবা পেতে তারা বাড়তি অর্থ ব্যয় করতেও রাজি।
এ থেকে বোঝা যায়, ভ্রমণে প্রযুক্তি সহায়ক ভূমিকা রাখলেও মানুষের আন্তরিকতা, সরাসরি যোগাযোগ ও একসঙ্গে সময় কাটানোর অভিজ্ঞতা বিশেষ গুরুত্ব পাচ্ছে।
নতুন শখ আবিষ্কারে ভ্রমণ
শুধু ঘোরাঘুরি কিংবা বিশ্রাম নয়, নতুন কিছু শেখা ও শখ পূরণের জন্যও ভ্রমণে যাচ্ছেন অনেকে। ছবি তোলা, হস্তশিল্প, পুরোনো জিনিস সংগ্রহ কিংবা সৃজনশীল কাজে সময় কাটানোর জন্য বিশেষ গন্তব্য বেছে নিচ্ছেন পর্যটকেরা।
হিলটনের তথ্য অনুযায়ী, জেনারেশন জেডের পর্যটকেরা বেবি বুমার প্রজন্মের তুলনায় প্রায় দ্বিগুণ আগ্রহী ভ্রমণ শেষে নতুন কোনো শখ নিয়ে বাড়ি ফিরতে। ভ্রমণবাড়ি ভাড়ার প্ল্যাটফর্ম ভিআরবিওতেও শখভিত্তিক অবকাশযাপনের উপযোগী বাড়ির চাহিদা বাড়ছে।
সাংস্কৃতিক গবেষক জেসমিন বিনার মতে, শখের কাজ মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি মনোযোগ ও সৃজনশীলতা বাড়াতে সহায়তা করে। তাই ২০২৭ সালে ভ্রমণ নতুন কিছু শেখা ও নিজের আগ্রহ আবিষ্কারের মাধ্যম হয়ে উঠতে পারে।
এক রাতের ছোট ভ্রমণ
দীর্ঘ ছুটির পরিবর্তে অল্প সময়ের ভ্রমণের প্রতি আগ্রহ বাড়ছে। কনসার্ট, খেলাধুলার আয়োজন, বিশেষ উদ্যাপন কিংবা ব্যস্ততা থেকে সামান্য বিরতি নিতে এক রাতের জন্য কোথাও ঘুরে আসছেন অনেকে। এ প্রবণতার নাম দেওয়া হয়েছে ‘ট্রিপ স্ন্যাকিং’।
হোটেলস ডটকমের জরিপে অংশ নেওয়া ৭৯ শতাংশ পর্যটক জানিয়েছেন, ২০২৭ সালে তারা এক রাতের ভ্রমণের পরিকল্পনা করছেন। জেনারেশন জেড ও মিলেনিয়ালদের মধ্যে এ হার ৮৩ শতাংশ। এক রাতের ভ্রমণসংক্রান্ত অনুসন্ধানও আগের বছরের তুলনায় প্রায় ১০ শতাংশ বেড়েছে।
জরিপে অংশ নেওয়া ৭১ শতাংশ মনে করেন, ছোট ভ্রমণ পরবর্তী বড় ছুটির আগপর্যন্ত তাদের ঘোরাঘুরির আকাঙ্ক্ষা পূরণে সহায়তা করে। জীবনযাত্রার ব্যয় ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে তুলনামূলক কম খরচে ভ্রমণের সুযোগও এ প্রবণতাকে জনপ্রিয় করছে।
বিরল ও অনন্য অভিজ্ঞতার খোঁজ
২০২৭ সালে পর্যটকেরা এমন অভিজ্ঞতার প্রতি বেশি আকৃষ্ট হতে পারেন, যা সহজে আবার পাওয়া সম্ভব নয়। বিরল সাংস্কৃতিক আয়োজন, বিশেষ কোনো ব্যক্তি বা স্থানের সঙ্গে সাক্ষাৎ কিংবা ব্যতিক্রমী কোনো অভিজ্ঞতা হয়ে উঠতে পারে ভ্রমণের মূল আকর্ষণ।
এ প্রবণতাকে ‘আনরিপিটেবল ট্রাভেল’ বা পুনরাবৃত্তি করা যায় না এমন ভ্রমণ বলা হচ্ছে। ফিন পার্টনার্সের মতে, এ ধরনের ভ্রমণের মূল্য নির্ধারিত হয় অভিজ্ঞতার বিরলতা ও নিজস্ব বৈশিষ্ট্যের ভিত্তিতে; শুধু খরচের পরিমাণ দিয়ে নয়।
সাংস্কৃতিক গবেষক জেসমিন বিনার মতে, মানুষের কাছে সামাজিক মর্যাদার ধারণাও বদলাচ্ছে। আগে জনপ্রিয় পর্যটনকেন্দ্রে ভ্রমণ ও বিলাসী জীবনযাপনকে বিশেষ অবস্থানের পরিচায়ক মনে করা হতো। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে এখন সহজেই সম্পদ ও বিলাসিতার কৃত্রিম চিত্র তুলে ধরা সম্ভব। ফলে পর্যটকেরা শুধু অর্থ ব্যয় করে ভ্রমণের পরিবর্তে এমন অভিজ্ঞতা খুঁজছেন, যা সত্যিকার অর্থেই ব্যতিক্রমী।
সূত্র : বিবিসি
সময়ের আলো/মহু