বাংলাদেশে বুনো ময়ূর : ৫২ বছর পর দিলো ফেরার বার্তা

সময়ের আলো ডেস্ক

ফিচার

বাংলাদেশের প্রকৃতি থেকে হারিয়ে যাওয়া এক দৃষ্টিনন্দন পাখি বুনো ময়ূর। দীর্ঘদিন ধরে দেশের বন্য প্রাণীর তালিকায় বিলুপ্ত হিসেবে বিবেচিত হয়ে

2026-11-14T15:13:01+00:00
2026-11-14T15:23:19+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
ফিচার
বাংলাদেশে বুনো ময়ূর : ৫২ বছর পর দিলো ফেরার বার্তা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩:১৩ পিএম  আপডেট: ১৪.১১.২০২৬ ৩:২৩ পিএম
বুনো ময়ূর। ছবি : রেজা খান
বাংলাদেশের প্রকৃতি থেকে হারিয়ে যাওয়া এক দৃষ্টিনন্দন পাখি বুনো ময়ূর। দীর্ঘদিন ধরে দেশের বন্য প্রাণীর তালিকায় বিলুপ্ত হিসেবে বিবেচিত হয়ে আসছে পাখিটি। ঠিক কবে বাংলাদেশ থেকে ময়ূর হারিয়ে গেছে, তার সুনির্দিষ্ট কোনো নথি নেই। তবে, দীর্ঘ বিরতির পর পঞ্চগড়ের তেঁতুলিয়া ও সীমান্তবর্তী কয়েকটি এলাকায় আবারও বুনো ময়ূরের দেখা মিলেছে। মা ময়ূরের সঙ্গে ছানাদের বিচরণও নজরে এসেছে। 

উপমহাদেশের অন্যতম পরিচিত ও আকর্ষণীয় পাখি ময়ূর। রঙিন পালক, দীর্ঘ পেখম ও সৌন্দর্যের জন্য পাখিটি সবার কাছে পরিচিত। ধারণা করা হয়, একসময় মধুপুরের শালবনে ময়ূরের আবাস ছিল। সম্ভবত ১৯৪০-এর দশক পর্যন্ত সেখানে পাখিটি টিকে ছিল। তবে ওই সময়ের পরও বাংলাদেশে ময়ূরের অস্তিত্ব ছিল কি না, তা নিশ্চিত করার মতো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

২০০০ ও ২০১৫ সালে প্রকাশিত বাংলাদেশের বন্য প্রাণী লাল তালিকার দুই সংস্করণেই ময়ূরকে ‘বিলুপ্ত’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তবে, সাম্প্রতিক সময়ে পঞ্চগড়ের তেঁতুলিয়া ও আশপাশের তিন-চারটি এলাকায় ময়ূরের উপস্থিতির খবর পাওয়া যায়। পাখিপ্রেমীরা সেগুলোর ছবি তোলেন। পর্যবেক্ষণে জানা যায়, মা ময়ূর ও ছানাসহ কয়েকটি পাখি খাবারের সন্ধানে মাঝেমধ্যে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসছে।

বুনো ময়ূর। ছবি : রেজা খান

বুনো ময়ূর। ছবি : রেজা খান


এই ঘটনাগুলোর একটি বিশেষ দিক হলো, ময়ূর দেখা যাওয়া সব স্থানই সীমান্তসংলগ্ন। বিশেষ করে ভারতের কাঁটাতারের বেড়া এবং দুই দেশের মধ্যবর্তী নো ম্যান্স ল্যান্ডের কাছাকাছি এলাকাগুলোতে পাখিগুলোর আনাগোনা বেশি। ফলে, প্রথম দিকে এগুলোকে বিচ্ছিন্নভাবে সীমান্ত পেরিয়ে আসা পাখি মনে হলেও পরবর্তী পর্যবেক্ষণে ভিন্ন চিত্র সামনে আসে।

এক পর্যবেক্ষণের বর্ণনায় দেখা যায়, কয়েকটি ময়ূর মাটির কাছাকাছি একটি মরা গাছের গুঁড়িতে বসে ছিল। দিনের শেষ আলোয় পাখির পুরো দলটি ধীরে ধীরে তাদের আশ্রয়ের দিকে এগিয়ে যায়। তাদের চলাফেরায় বোঝা যায়, জায়গাটি তাদের কাছে অপরিচিত নয়। বরং নিয়মিত যাতায়াতের একটি পথ হিসেবেই তারা এলাকাটি ব্যবহার করছে।

এরপর শোনা যায় ময়ূরের সতর্কসংকেত। মুহূর্তের মধ্যে ডানা ঝাপটানোর শব্দ তুলে একের পর এক ময়ূর পাশের দুটি গাছে উঠে যায়। তখন গুনে দেখা যায়, সেখানে পাঁচটি নয়, মোট সাতটি ময়ূর রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, সাতটি পাখিই তখন বাংলাদেশের ভূখণ্ডে অবস্থান করছিল।


এই পর্যবেক্ষণ থেকে ধারণা করা যায়, ময়ূরগুলো কেবল পথ ভুলে বাংলাদেশে ঢুকে পড়া অতিথি নয়। সীমান্তের এপারের এলাকাকেও তারা নিয়মিত বিচরণক্ষেত্র হিসেবে ব্যবহার করছে। তবে, কয়েকটি বুনো ময়ূরের দেখা পাওয়া মানেই বাংলাদেশে প্রজাতিটির স্থায়ী প্রত্যাবর্তন নয়। এ ধরনের উপস্থিতিকে আশাব্যঞ্জক ঘটনা হিসেবে দেখার পাশাপাশি দীর্ঘমেয়াদি সংরক্ষণের বিষয়টিও গুরুত্ব দিতে হবে। কারণ, কোনো প্রজাতি একটি এলাকায় নিয়মিত বিচরণ করলেও সেখানে স্থায়ী আবাস গড়ে তুলতে প্রয়োজন নিরাপদ পরিবেশ ও পর্যাপ্ত খাদ্যের নিশ্চয়তা।

এ জন্য ময়ূরের সম্ভাব্য আবাসস্থলের গাছপালা, বনভূমি ও চারণক্ষেত্র রক্ষা করা জরুরি। একই সঙ্গে শিকার বন্ধ, কীটনাশকের ক্ষতিকর প্রভাব নিয়ন্ত্রণ এবং স্থানীয় কৃষক ও চা-শ্রমিকদের সংরক্ষণ কার্যক্রমে যুক্ত করতে হবে। পর্যটকদের অতিরিক্ত ভিড়ে পাখির স্বাভাবিক চলাচলে যেন বিঘ্ন না ঘটে- এ বিষয়েও সতর্কতা প্রয়োজন।

সীমান্তের দুই পাশের প্রকৃতি ও বন্য প্রাণীর বিচরণক্ষেত্র একে অপরের সঙ্গে যুক্ত। তাই ময়ূর সংরক্ষণে বাংলাদেশের পাশাপাশি ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যৌথ উদ্যোগও গুরুত্বপূর্ণ। নিয়মিত পর্যবেক্ষণ, আবাসস্থল চিহ্নিত করা এবং দুই দেশের মধ্যে সমন্বিত সংরক্ষণ কার্যক্রম চালু করা গেলে পাখিটির নিরাপদ বিচরণ নিশ্চিত করা সম্ভব হতে পারে।

দীর্ঘদিন বিলুপ্ত বলে বিবেচিত একটি পাখির আবার বাংলাদেশের মাটিতে দেখা পাওয়া নিঃসন্দেহে আনন্দের খবর। তবে, এই আনন্দ যেন সাময়িক উপস্থিতিতেই সীমাবদ্ধ না থাকে। প্রকৃতির এই সুন্দর অতিথিদের জন্য নিরাপদ আবাস গড়ে তোলাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কে জানে, প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া গেলে হয়ত একদিন বাংলাদেশের আকাশেও আবার নিয়মিত দেখা যাবে পেখম মেলা বুনো ময়ূর।

সময়ের আলো/মহু
  বিষয়:   বুনো ময়ূর  পাখি  বিলুপ্ত প্রাণী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: