ডা. আশোক দত্ত
গ্রাফিক : সময়ের আলো হঠাৎ বুক ধড়ফড় করা, দম বন্ধ হয়ে আসার অনুভূতি, অতিরিক্ত ঘাম হওয়া, মাথা ঘোরা কিংবা মনে হওয়া যে বড় কোনো বিপদ ঘটতে যাচ্ছে। এমন অভিজ্ঞতার মুখোমুখি অনেকেই হন। কেউ ভাবেন হার্ট অ্যাটাক হচ্ছে, কেউ আবার শ্বাসকষ্টের সমস্যা মনে করে আতঙ্কিত হয়ে পড়েন। এসব উপসর্গ অনেক সময় প্যানিক অ্যাটাকের কারণ হতে পারে। এটি এক ধরনের তীব্র আতঙ্কের প্রতিক্রিয়া, যা কোনো স্পষ্ট বিপদ ছাড়াও হঠাৎ দেখা দিতে পারে।
প্যানিক অ্যাটাক মূলত তীব্র ভয় বা উদ্বেগের কারণে হয়। এ সময় শরীরের স্বাভাবিক বিপদ মোকাবিলার ব্যবস্থা অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে। ফলে হৃদস্পন্দন বেড়ে যায়, শ্বাস-প্রশ্বাস দ্রুত হয় এবং শরীরে নানা ধরনের অস্বস্তি তৈরি হয়। সাধারণত কয়েক মিনিটের মধ্যে আতঙ্কের তীব্রতা বাড়ে এবং অনেক ক্ষেত্রে ১০ থেকে ২০ মিনিটের মধ্যে কমতে শুরু করে। তবে এর পরও কিছু সময় দুর্বলতা, অস্বস্তি বা ক্লান্তি থাকতে পারে।
প্যানিক অ্যাটাকের কারণ
প্যানিক অ্যাটাকের পেছনে একাধিক কারণ কাজ করতে পারে। দীর্ঘদিনের মানসিক চাপ, অতিরিক্ত দুশ্চিন্তা, পারিবারিক বা কর্মক্ষেত্রের সমস্যা, কোনো ভয়াবহ অভিজ্ঞতা বা প্রিয়জনকে হারানোর মতো ঘটনা। যাদের মধ্যে আগে থেকেই উদ্বেগজনিত সমস্যা রয়েছে তাদেরও এ ধরনের বিষয় হতে পারে। আবার কখনো কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই প্যানিক অ্যাটাক দেখা দেয়।
শারীরিক কিছু সমস্যার কারণেও প্যানিক অ্যাটাকের মতো উপসর্গ তৈরি হতে পারে। যেমন থাইরয়েড হরমোনের অস্বাভাবিকতা, রক্তে শর্করার মাত্রা কমে যাওয়া, হৃদস্পন্দনের অনিয়ম বা রক্তস্বল্পতা। অতিরিক্ত ক্যাফেইন এবং কিছু মাদকদ্রব্যও বুক ধড়ফড় ও উদ্বেগ বাড়াতে পারে।
প্যানিক অ্যাটাক ও হার্ট অ্যাটাকের পার্থক্য
প্যানিক অ্যাটাক ও হার্ট অ্যাটাকের কিছু উপসর্গ একই রকম হওয়ায় অনেকেই বিভ্রান্ত হন। উভয় ক্ষেত্রেই বুক ধড়ফড়, বুকে অস্বস্তি, ঘাম, শ্বাসকষ্ট ও মাথা ঘোরার মতো সমস্যা দেখা দিতে পারে। তবে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে বুকের মাঝখানে চাপ, ভারী ব্যথা বা চেপে ধরার অনুভূতি হতে পারে। ব্যথা হাত, কাঁধ, পিঠ, ঘাড় কিংবা চোয়ালে ছড়িয়ে পড়তে পারে। এর সঙ্গে বমিভাব ও ঠান্ডা ঘামও থাকতে পারে।
অন্যদিকে, প্যানিক অ্যাটাকে হঠাৎ তীব্র ভয়, নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা, মৃত্যুভীতি, হাত-পা কাঁপা কিংবা শরীর অবশ লাগার মতো অনুভূতি দেখা দিয়ে থাকে। তবে শুধু উপসর্গের ধরন দেখে এ দুটির মধ্যে পার্থক্য করা সম্ভব নয়। বিশেষ করে প্রথমবার এমন সমস্যা হলে বা বুকে ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে।
চিকিৎসা ও নিয়ন্ত্রণের উপায়
প্যানিক অ্যাটাক বারবার হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। প্রথমে রোগীর শারীরিক অবস্থা, উপসর্গের ধরন ও পূর্বের রোগের ইতিহাস বিবেচনা করে প্রয়োজনীয় পরীক্ষা করা হয়। হৃদরোগ, থাইরয়েড বা অন্য কোনো শারীরিক সমস্যা রয়েছে কি না তা যাচাই করা গুরুত্বপূর্ণ। প্রয়োজন হলে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হয়।
প্যানিক অ্যাটাকের চিকিৎসায় কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি (সিবিটি) কার্যকর একটি পদ্ধতি। এর মাধ্যমে রোগী নিজের চিন্তা ও ভয় নিয়ন্ত্রণ করতে শেখেন। কিছু ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে ওষুধও প্রয়োজন হতে পারে।
পাশাপাশি, নিয়মিত ঘুম, শরীরচর্চা, সুষম খাবার এবং অতিরিক্ত ক্যাফেইন এড়িয়ে চলা উপকারী। আতঙ্কের মুহূর্তে নিরাপদ স্থানে বসে ধীরে ও স্বাভাবিকভাবে শ্বাস নেওয়ার চেষ্টা করতে হবে। নিজের ইচ্ছায় ঘুমের ওষুধ বা উদ্বেগ কমানোর ওষুধ খাওয়া যাবে না।
প্যানিক অ্যাটাক কোনো দুর্বলতা নয়। এটি একটি স্বাস্থ্যসমস্যা। সময়মতো সঠিক কারণ শনাক্ত করে চিকিৎসা নিলে স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন সম্ভব।
লেখক : সাবেক অধ্যাপক,
চট্টগ্রাম মেডিকেল কলেজ
সময়ের আলো/এসকে