ভ্রমণপ্রেমীদের নতুন গন্তব্য হতে পারে বিশ্বের যে ৫ শহর

সময়ের আলো ডেস্ক

ফিচার

পরিচিত পর্যটন শহরের বাইরেও ভ্রমণপ্রেমীদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠছে বিশ্বের আরও কিছু নগরী। অর্থনীতি, অবকাঠামো, সংস্কৃতি ও জীবনযাত্রায় দ্রুত পরিবর্তনের

2026-11-15T11:32:58+00:00
2026-11-15T11:36:43+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
ফিচার
ভ্রমণপ্রেমীদের নতুন গন্তব্য হতে পারে বিশ্বের যে ৫ শহর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:৩২ এএম  আপডেট: ১৫.১১.২০২৬ ১১:৩৬ এএম
কলম্বিয়ার মেডেলিন শহর। ছবি : সংগৃহীত
পরিচিত পর্যটন শহরের বাইরেও ভ্রমণপ্রেমীদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠছে বিশ্বের আরও কিছু নগরী। অর্থনীতি, অবকাঠামো, সংস্কৃতি ও জীবনযাত্রায় দ্রুত পরিবর্তনের কারণে এসব শহরের গুরুত্ব বাড়ছে। অক্সফোর্ড ইকোনমিকসের ২০২৬ সালের গ্লোবাল সিটিজ ইনডেক্সে এমন ২৮টি শহরকে চিহ্নিত করা হয়েছে, যেগুলো ভবিষ্যতে বৈশ্বিক নগরজীবনে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এর মধ্যে পাঁচটি শহর হতে পারে ভ্রমণপ্রেমীদের নতুন গন্তব্য।


ফ্রান্সের তুলুজ

ফ্রান্সের দ্রুত বর্ধনশীল শহরগুলোর একটি তুলুজ। আগামী চার বছরে শহরটির জনসংখ্যা প্রায় ৫৭ হাজার বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। অনুকূল আবহাওয়া, তুলনামূলক কম জীবনযাত্রার ব্যয় এবং উন্নত জীবনমানের কারণে তরুণ ও দক্ষ পেশাজীবীদের কাছে শহরটি জনপ্রিয় হয়ে উঠছে।

তুলুজের বিশেষত্ব হলো, এখানে বড় শহরের সুযোগ-সুবিধার পাশাপাশি শান্ত পরিবেশে বসবাসের সুযোগ রয়েছে। শহরটিতে রয়েছে ভালো রেস্তোরাঁ, ছোট ক্যাফে ও নানা সাংস্কৃতিক আয়োজন। হাঁটা ও সাইকেল চালানোর উপযোগী পরিবেশও আগের তুলনায় উন্নত হয়েছে।


মহাকাশ ও উড়োজাহাজশিল্পের জন্যও পরিচিত তুলুজ। এখানে রয়েছে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের বৈশ্বিক সদর দফতর। মহাকাশবিষয়ক অভিজ্ঞতা নিতে পর্যটকেরা ঘুরে দেখতে পারেন সিতে দ্য লেসপাস। উড়োজাহাজের ইতিহাস জানতে যেতে পারেন অ্যারোস্কোপিয়া জাদুঘরে। এ ছাড়া, লা আল দ্য লা মাশিনে রয়েছে বিশাল আকৃতির যান্ত্রিক প্রাণীর প্রদর্শনী।


ভিয়েতনামের হো চি মিন সিটি

ভিয়েতনামের সবচেয়ে বড় শহর হো চি মিন সিটি দ্রুত অর্থনৈতিক ও অবকাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। অক্সফোর্ড ইকোনমিকসের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ বছরে শহরটি বিশ্বের দ্রুত বর্ধনশীল ৫০টি শহরের তালিকায় জায়গা করে নিতে পারে। ২০৫০ সালের মধ্যে এর অর্থনীতির আকার জার্মানির বার্লিনের সমান হওয়ার সম্ভাবনাও রয়েছে।

শহরটিতে পর্যটকের সংখ্যাও বাড়ছে। গত বছর ৮ মিলিয়নের বেশি বিদেশি পর্যটক সেখানে ভ্রমণ করেছেন। নগরজীবনে নতুন মাত্রা যোগ করেছে মেট্রোরেল। ২০২৪ সালের শেষ দিকে চালু হওয়া ২০ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ ভিয়েতনামের শহরটির প্রথম মেট্রোলাইন। এটি বেন থান মার্কেট থেকে সুই তিয়েন থিম পার্ক পর্যন্ত বিস্তৃত। এতে যাতায়াতের খরচও তুলনামূলক কম।


আধুনিকতার পাশাপাশি শহরটি ধরে রেখেছে ঐতিহ্য। ফরাসি ঔপনিবেশিক আমলের স্থাপনা, ঐতিহাসিক নিদর্শন ও খাবারের বৈচিত্র্য পর্যটকদের আকর্ষণ করে। এখানকার জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে বান মি, কম তাম ও বান সেও।

শহরের কেন্দ্রের পাশাপাশি পুরোনো চায়নাটাউন চো লন ঘুরে দেখতে পারেন পর্যটকেরা। সেখানে রয়েছে ঐতিহ্যবাহী বাজার, মন্দির ও ওষুধের দোকান। অন্যদিকে থাও দিয়েন এলাকায় রয়েছে বুটিক, আর্ট গ্যালারি ও স্থানীয় ব্র্যান্ডের দোকান। আবাসিক এলাকার গাছঘেরা রাস্তা ও ছোট ক্যাফেগুলোতেও মিলবে স্থানীয় জীবনযাত্রার পরিচয়।


পোল্যান্ডের ওয়ারশ

পোল্যান্ডের রাজধানী ওয়ারশ গত কয়েক বছরে ব্যাপক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। অক্সফোর্ড ইকোনমিকসের গ্লোবাল সিটিজ ইনডেক্সে শহরটি ১০০টিরও বেশি ধাপ এগিয়ে ৬১তম অবস্থানে উঠে এসেছে। জীবনযাত্রার মানের সূচকে লন্ডন, নিউইয়র্ক ও টোকিওর চেয়েও এগিয়ে রয়েছে শহরটি।

ওয়ারশের অর্থনীতি বছরে প্রায় ৩ শতাংশ হারে বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, যা ইউরোপের শহরগুলোর গড় প্রবৃদ্ধির প্রায় দ্বিগুণ। গত দুই দশকে শহরটিতে নতুন রাস্তা, মহাসড়ক ও উঁচু ভবন নির্মিত হয়েছে। পাশাপাশি উন্নতি হয়েছে নিরাপত্তা ও গণপরিবহন ব্যবস্থার।


শহরটি ঘুরে দেখতে শুরু করতে পারেন প্যালেস অব কালচার অ্যান্ড সায়েন্স থেকে। সোভিয়েত আমলে নির্মিত এই স্থাপনা ওয়ারশের অন্যতম পরিচিত নিদর্শন। সেখান থেকে নোভি শভিয়াত বুলেভার্ড ধরে এগিয়ে যাওয়া যায় ওল্ড টাউনের দিকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঐতিহাসিক এলাকাটি নতুন করে গড়ে তোলা হয়েছিল।

ওয়ারশ ভ্রমণে স্থানীয় খাবারের স্বাদ নেওয়ার সুযোগও রয়েছে। পোল্যান্ডের জনপ্রিয় ডোনাট পঁচকি এবং ঐতিহ্যবাহী খাবারের দোকান বার মিলেচনিতে পাওয়া যায় ঘরোয়া স্বাদের খাবার। তুলনামূলক সাশ্রয়ী খরচে স্থানীয় খাবারের অভিজ্ঞতা নিতে পারেন পর্যটকেরা।


কলম্বিয়ার মেডেলিন

কলম্বিয়ার মেডেলিন একসময় নানা সংকটের কারণে পরিচিত ছিল। তবে, গত কয়েক দশকে শহরটিতে এসেছে বড় পরিবর্তন। ব্যবসা ও আর্থিক সেবা খাতে গত ২০ বছরে কর্মসংস্থান দ্বিগুণেরও বেশি বেড়েছে। অক্সফোর্ড ইকোনমিকসের পূর্বাভাস অনুযায়ী, ২০৪০-এর দশকে শহরটির গড় আয় আর্জেন্টিনার বুয়েনস এইরেস ও ব্রাজিলের সাও পাওলোর চেয়েও বেশি হতে পারে।

একসময় অবহেলিত হিসেবে পরিচিত শহরটির বেশ কিছু এলাকা এখন সাংস্কৃতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র। কমুনা ১৩, পেরপেতুও সোকোরো ও সিউদাদ দেল রিও এর উল্লেখযোগ্য উদাহরণ।

মেডেলিনের অন্যতম আকর্ষণ মেট্রোকেবল। কেবল কারের মাধ্যমে শহরের পাহাড়ি এলাকাগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকেরাও এই ব্যবস্থায় যাতায়াত করেন। এতে ওপর থেকে পাহাড় ও শহরের মনোরম দৃশ্য উপভোগ করা যায়।


শহরটির শিল্পকলা, খাবার ও নকশার জগতও পর্যটকদের আকর্ষণ করছে। বিশেষ করে কমুনা ১৩ এলাকায় রয়েছে রঙিন দেয়ালচিত্র, সংগীত ও চলন্ত সিঁড়ি। একসময় বিপজ্জনক হিসেবে পরিচিত এলাকাটি এখন পর্যটকদের অন্যতম আকর্ষণ।

তবে, এলাকাটি ঘুরে দেখতে স্থানীয় গাইড সঙ্গে রাখার পরামর্শ দিয়েছেন ভ্রমণ বিশেষজ্ঞরা। এতে দেয়ালচিত্র, সংগীত ও এলাকার পরিবর্তনের পেছনের ইতিহাস জানা সম্ভব। এ ছাড়া, এল পবলাদো ও লরেলেস এলাকাও ঘুরে দেখতে পারেন পর্যটকেরা।


সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি ও আর্থিক খাতে বিনিয়োগ বাড়াচ্ছে। অক্সফোর্ড ইকোনমিকসের গ্লোবাল সিটিজ ইনডেক্সে কর্মীদের দক্ষতা ও শিক্ষার মানের দিক থেকে শহরটি ষষ্ঠ স্থানে রয়েছে। এ ক্ষেত্রে প্যারিস ও বোস্টনের চেয়েও এগিয়ে আবুধাবি।

দুবাইয়ের তুলনায় শহরটি কিছুটা শান্ত। এখানে আধুনিক নগরসুবিধার পাশাপাশি রয়েছে খোলামেলা পরিবেশ, সমুদ্রসৈকত ও শান্ত আবাসিক এলাকা। শহরের এই বৈশিষ্ট্য পর্যটকদের কাছে আলাদা আকর্ষণ তৈরি করছে।


সংস্কৃতি ও শিল্পকলার ক্ষেত্রেও এগিয়ে যাচ্ছে আবুধাবি। সাদিয়াত দ্বীপে ২০২৫ সালে চালু হয়েছে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম আবুধাবি ও জায়েদ ন্যাশনাল মিউজিয়াম। প্রথমটিতে প্রাকৃতিক ইতিহাস এবং দ্বিতীয়টিতে সংযুক্ত আরব আমিরাতের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হয়েছে। এ ছাড়া, বিখ্যাত স্থপতি ফ্র্যাঙ্ক গেরির নকশা করা গুগেনহাইম আবুধাবি ২০২৬ সালের ১১ ডিসেম্বর উদ্বোধনের জন্য নির্ধারিত রয়েছে।

আকাশচুম্বী ভবন ও বিলাসবহুল হোটেলের পাশাপাশি আবুধাবিতে রয়েছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন কাছ থেকে দেখার সুযোগ। স্থানীয় ক্যাফেতে নাশতা করা, শপিং মলে ঘোরাঘুরি কিংবা সমুদ্রসৈকতে সময় কাটানোর মধ্য দিয়েও শহরটিকে উপভোগ করা যায়। ব্যস্ত নগরজীবনের বাইরে তুলনামূলক ধীর ও শান্ত পরিবেশ খুঁজছেন, এমন পর্যটকদের জন্য আবুধাবি হতে পারে আকর্ষণীয় গন্তব্য।

সূত্র : বিবিসি

সময়ের আলো/মহু

  বিষয়:   ভ্রমণ  শহর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: