জগতি স্টেশন। ছবি : সংগৃহীত একসময় এ দেশের মানুষের কাছে ট্রেন ছিল বিস্ময়ের নাম। লোহার লম্বা পথ ধরে ধোঁয়া উড়িয়ে ছুটে আসত বিশাল এক ইঞ্জিন। হুইসেলের শব্দে মুখর হয়ে উঠত স্টেশন। যাত্রীদের ব্যস্ততা, কুলিদের হাঁকডাক ও ট্রেনের চাকার ঝমঝম শব্দে জমে উঠত পুরো এলাকা। সেই রেলযাত্রার শুরু হয়েছিল কুষ্টিয়ার এক ছোট্ট স্টেশন থেকে। নাম তার জগতি। ১৮৬২ সালের ১৫ নভেম্বর এই স্টেশনেই প্রথমবারের মতো ট্রেন এসে থামে বাংলাদেশের মাটিতে।
রেলগাড়ির ইতিহাস অবশ্য আরও পুরোনো। ১৮২৫ সালে ইংল্যান্ডের প্রকৌশলী জর্জ স্টিফেনসন তৈরি করেন ‘লোকোমোশন’ নামের স্টিম ইঞ্জিনচালিত ট্রেন। ২৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্টকটন থেকে ডালিংটন পর্যন্ত ছুটেছিল সেটি। সেই যাত্রার মধ্য দিয়েই বিশ্বে রেল যোগাযোগের নতুন অধ্যায় শুরু হয়।
তখন ভারতবর্ষ ব্রিটিশ শাসনের অধীন। ব্যবসা-বাণিজ্য, প্রশাসনিক কাজ এবং পণ্য পরিবহন সহজ করতে উপমহাদেশে রেললাইন স্থাপনের উদ্যোগ নেয় ব্রিটিশ সরকার। ১৮৫৩ সালে মুম্বাইয়ের বোরিবন্দর থেকে থানে পর্যন্ত চালু হয় ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন। পরের বছর বাংলার হাওড়া থেকে হুগলি পর্যন্ত শুরু হয় রেল চলাচল।
এরপর রেলপথের বিস্তার ঘটে পূর্ব বাংলায়। ১৮৬২ সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত রেললাইন চালু করে। পরে সেই পথ সম্প্রসারিত করা হয় কুষ্টিয়ার জগতি পর্যন্ত। অবশেষে ১৫ নভেম্বর ঐতিহাসিক সেই দিন আসে। কলকাতার শিয়ালদহ থেকে ছুটে আসা ট্রেন প্রথমবারের মতো প্রবেশ করে তৎকালীন পূর্ব বাংলার ভূখণ্ডে। গন্তব্য ছিল কুষ্টিয়ার জগতি রেলস্টেশন। সেদিনের সেই ট্রেনের হুইসেল শুধু একটি নতুন যাত্রার সূচনা করেনি, বদলে দিয়েছিল এ অঞ্চলের যোগাযোগ ও বাণিজ্যের সম্ভাবনাও।
জগতি পর্যন্ত রেলপথ চালুর প্রায় এক দশক পর, ১৮৭১ সালে সেখান থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত রেললাইন চালু হয়। তখন কলকাতা থেকে ঢাকায় আসার অন্যতম সহজ পথ হয়ে ওঠে এই রেলপথ। যাত্রীরা শিয়ালদহ থেকে ট্রেনে উঠে জগতি পেরিয়ে পৌঁছাতেন গোয়ালন্দ ঘাটে। এরপর স্টিমারে পদ্মা নদী পার হয়ে আসতেন ঢাকায়। রেল ও নৌপথের এই সংযোগ তখন যাত্রী ও পণ্য পরিবহনে নতুন গতি আনে।
সেই সময় ট্রেন চলত কয়লা পুড়িয়ে। ইঞ্জিন থেকে বের হতো কালো ধোঁয়া। হুইসেল বাজিয়ে স্টেশনে ঢুকত ট্রেন। যাত্রীদের অপেক্ষার জন্য ছিল স্টেশন ভবন, ওয়েটিং রুম, টিকিট ঘর, পানির ট্যাংক ও সিগন্যাল ল্যাম্প। ব্রিটিশ আমলে জগতি স্টেশন নির্মিত হয়েছিল লাল ইটের দোতলা ভবন দিয়ে। একসময় স্টেশনটি ছিল এই অঞ্চলের যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র।
সময় বদলেছে। বদলেছে রেল যোগাযোগের ধরনও। কিন্তু জগতি স্টেশনের চিত্র যেন উল্টো পথে হেঁটেছে। একসময় যে স্টেশনে ট্রেনের অপেক্ষায় মানুষের ভিড় থাকত, এখন সেখানে নেমে এসেছে নীরবতা।
প্ল্যাটফর্মের বিভিন্ন অংশ ভাঙাচোরা। পুরোনো ভবনের দেয়ালে ফাটল। কোথাও পড়ে আছে ভাঙা আসবাবপত্র। নেই আগের মতো কুলিদের হাঁকডাক, যাত্রীদের কোলাহল কিংবা ট্রেনের হুইসেলে মুখর পরিবেশ। রাত নামলে স্টেশনটি আরও নির্জন হয়ে পড়ে।
বর্তমানে মাত্র দুটি লোকাল ট্রেন জগতি স্টেশনে থামে। যাত্রী ওঠানামাও খুব কম। স্টেশনে নেই পর্যাপ্ত ছাউনি। ফলে, ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীদের দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়। মাঝেমধ্যে মালবাহী ট্রেনও আসে। স্টেশনে কর্মচারীর সংখ্যাও সীমিত। তবে, পাশেই গড়ে উঠছে ছোট একটি গ্রামীণ বাজার। এতে কিছুটা বাড়ছে মানুষের আনাগোনা।
প্রশ্ন উঠতে পারে, বাংলাদেশের প্রথম রেলস্টেশন হিসেবে জগতিকে কেন বেছে নিয়েছিল ব্রিটিশরা? এর পেছনে ছিল তাদের বাণিজ্যিক পরিকল্পনা ও ভৌগোলিক হিসাব-নিকাশ।
ব্রিটিশ শাসকেরা পুরো ভারতবর্ষে রেলপথের বিস্তার ঘটিয়েছিল মূলত প্রশাসন ও ব্যবসা-বাণিজ্যের সুবিধার জন্য। নতুন রেললাইন নির্মাণের ক্ষেত্রে তারা এমন স্থান বেছে নিতে চাইত, যেখানে কম খরচে রেল যোগাযোগ সম্প্রসারণ করে বেশি লাভ করা সম্ভব।
জগতির কাছাকাছি আগে থেকেই কলকাতা-রানাঘাট রেলপথ ছিল। ফলে, বড় কোনো নতুন প্রকল্প ছাড়াই বিদ্যমান রেলপথ বাড়িয়ে জগতি পর্যন্ত নিয়ে আসা সম্ভব হয়েছিল। এতে নির্মাণ ব্যয় কমানোর সুযোগ ছিল।
পাশাপাশি কুষ্টিয়া অঞ্চলের কৃষিপণ্যও ছিল ব্রিটিশদের বাণিজ্যিক আগ্রহের বড় কারণ। পদ্মা অববাহিকায় ধান, পাট, গম ও আখের চাষ হতো। এসব পণ্য সহজে কলকাতাসহ বিভিন্ন অঞ্চলে পাঠানোর জন্য রেলপথ ছিল কার্যকর মাধ্যম।
জগতি পর্যন্ত রেল যোগাযোগ চালুর ফলে কুষ্টিয়া অঞ্চলের শিল্প ও বাণিজ্যের বিকাশেও নতুন সুযোগ তৈরি হয়। ১৯০৮ সালে কুষ্টিয়ায় প্রতিষ্ঠিত হয় মোহিনী মিল। একসময় এটি এশিয়ার অন্যতম বৃহৎ টেক্সটাইল মিল হিসেবে পরিচিতি পায়। কাঁচামাল আনা এবং উৎপাদিত পণ্য বিভিন্ন স্থানে পাঠানোর ক্ষেত্রে রেলপথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আজ জগতি স্টেশনের জৌলুশ নেই। নেই সেই আগের ব্যস্ততা। তবু বাংলাদেশের রেল ইতিহাসের প্রথম অধ্যায়টি জড়িয়ে আছে এই স্টেশনের সঙ্গে। ভগ্নপ্রায় ভবন, নীরব প্ল্যাটফর্ম ও অল্প কয়েকটি ট্রেনের যাত্রাবিরতির মধ্যেও জগতি বহন করে চলেছে এক ঐতিহাসিক স্মৃতি। যে স্টেশনের হুইসেলে একদিন এ দেশের রেলযাত্রা শুরু হয়েছিল, সেই স্টেশনই এখন ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
সময়ের আলো/মহু