মানুষের কোলাহল নেই, সেখানে আপনার সঙ্গী হবে হাজারখানেক পেঙ্গুইন। ছবি : সংগৃহীত বরফে ঢাকা নির্জন এক দ্বীপ। চারপাশে হাড়কাঁপানো ঠান্ডা, মাথার ওপর মেঘলা আকাশ। মানুষের কোলাহল নেই, সেখানে আপনার সঙ্গী হবে হাজারখানেক পেঙ্গুইন। আপনি পেঙ্গুইন গুনে হিসাব রাখেবেন, পর্যটকদের স্বাগত জানাবেন এবং পোস্টকার্ডে সিল মারবেন। শুনতে অবাক লাগলেও এমন চাকরির সুযোগ রয়েছে অ্যান্টার্কটিকায়। বেতন মাসে প্রায় আড়াই থেকে সাড়ে তিন লাখ টাকা। তবে কাজটি যতটা রোমাঞ্চকর, সেখানে জীবনযাপন ততটাই কঠিন।
প্রতিবছর অ্যান্টার্কটিকার গ্রীষ্ম মৌসুমে এমন কর্মী নিয়োগ দেয় ব্রিটিশ সংস্থা ‘ইউকে অ্যান্টার্কটিক হেরিটেজ ট্রাস্ট’। পোর্ট লকরয় এলাকায় কাজের জন্য চার থেকে পাঁচ সদস্যের একটি ছোট দল বেছে নেওয়া হয়। তাদের দায়িত্বের মধ্যে রয়েছে পর্যটকদের অভ্যর্থনা জানানো, ঐতিহাসিক ঘাঁটির গল্প শোনানো, উপহারের দোকান পরিচালনা এবং পেঙ্গুইনের সংখ্যা গণনা করা।
কর্মস্থলটির নাম গুডিয়ার দ্বীপ। এটি পামার দ্বীপপুঞ্জের একটি ছোট দ্বীপ, যার আয়তন প্রায় একটি ফুটবল মাঠের সমান। পাথর ও বরফে ঘেরা এই দ্বীপেই অবস্থিত পোর্ট লকরয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৪ সালে ‘অপারেশন ট্যাবারিন’-এর অংশ হিসেবে পোর্ট লকরয় ব্রিটিশ সামরিক ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬২ সালে ঘাঁটিটি বন্ধ হয়ে যায়। প্রায় ৩০ বছর পর এটি সংস্কার করা হয়। বর্তমানে অ্যান্টার্কটিক চুক্তির অধীনে সংরক্ষিত ঐতিহাসিক স্থান হিসেবে পরিচালিত হচ্ছে।
এখানে রয়েছে ছোট একটি জাদুঘর, উপহারের দোকান এবং পেঙ্গুইন পোস্ট অফিস। এটি পৃথিবীর সবচেয়ে দক্ষিণে অবস্থিত সচল ডাকঘর। প্রতিবছর নভেম্বর থেকে মার্চ পর্যন্ত ক্রুজ জাহাজে করে হাজার হাজার পর্যটক এখানে আসেন।
পর্যটকদের ঘুরিয়ে দেখানো, ঘাঁটির ইতিহাস জানানো এবং দোকান পরিচালনার পাশাপাশি কর্মীদের সামলাতে হয় বিপুলসংখ্যক পোস্টকার্ড। প্রতি মৌসুমে ৮০ হাজারের বেশি পোস্টকার্ড বাছাই ও সিল মারার কাজ করতে হয় তাদের।
পোর্ট লকরয়ের সবচেয়ে মজার কাজ সম্ভবত দ্বীপের জেন্টু পেঙ্গুইনদের গুনে রাখা। ইউকেএএইচটির তথ্য অনুযায়ী, দ্বীপটিতে প্রায় এক হাজার পেঙ্গুইন রয়েছে। ৩০ বছরেরও বেশি সময় ধরে তারা সেখানে বসবাস করছে।
যুক্তরাজ্যের মেরু গবেষণাপ্রতিষ্ঠান ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে ১৯৯৬ সাল থেকে নিয়মিত পেঙ্গুইন গণনা করছে। এর উদ্দেশ্য হলো, পেঙ্গুইনদের প্রজনন পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং পর্যটকদের উপস্থিতি তাদের ওপর কোনো বিরূপ প্রভাব ফেলছে কি না, তা বোঝা। পোর্ট লকরয় এমন একটি জায়গা, যেখানে পুরো প্রজনন মৌসুমজুড়ে পেঙ্গুইনদের পর্যবেক্ষণের সুযোগ রয়েছে।
তবে পেঙ্গুইন গোনা মোটেও ইচ্ছেমতো ঘুরে বেড়ানোর কাজ নয়। তাদের বিরক্ত না করার বিষয়ে কর্মীদের কঠোর সতর্কতা মেনে চলতে হয়। মৌসুমের প্রথম কয়েক সপ্তাহ নির্দিষ্ট সীমানার বাইরে যাওয়া যায় না। প্রায় ৯৫ শতাংশ বাসায় ডিম আসার পর পুরো দল মিলে দ্বীপের পেঙ্গুইনদের গণনা করে।
২০২৪ সালের ডিসেম্বরে সেখানে ৫৭১টি বাসা ও ৯৩৮টি ডিম পাওয়া গিয়েছিল। মৌসুমের শেষ দিকে ছানাগুলো বড় হয়ে দলবদ্ধভাবে চলাফেরা শুরু করলে আবারও গণনা করা হয়। পরপর দুইবারের গণনায় কাছাকাছি ফল না আসা পর্যন্ত এ প্রক্রিয়া চলতে থাকে।
পদ ও দায়িত্ব অনুযায়ী বেতনের পরিমাণ ভিন্ন হয়। সাধারণ সহকারী, বেস ম্যানেজার কিংবা স্টোর ম্যানেজার হিসেবে কাজের সুযোগ রয়েছে। মাসে প্রায় ১ হাজার ৭০০ থেকে ২ হাজার ৫০০ ইউরো পর্যন্ত আয় করা যায়। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় আড়াই থেকে সাড়ে তিন লাখ টাকা।
তবে, এই অর্থ নিয়মিত চাকরির মতো হাতে পাওয়া যায় না। কর্মীরা স্বনিয়োজিত বা সেলফ-এমপ্লয়েড হিসেবে কাজ করেন। তাই আয় থেকে প্রযোজ্য কর পরিশোধের দায়িত্বও তাদের নিজেদের। অবশ্য থাকার জায়গা, খাবার এবং তীব্র ঠান্ডা থেকে সুরক্ষার জন্য প্রয়োজনীয় পোশাকের ব্যবস্থা করে সংস্থাটি।
বেতন ও কাজের আকর্ষণ থাকলেও পোর্ট লকরয়ের জীবন মোটেও সহজ নয়। সেখানে নেই বহমান পানির ব্যবস্থা। বাইরে থেকে নৌকায় করে ২০ লিটারের পাত্রে খাবার পানি নিয়ে আসতে হয়। ফলে, সপ্তাহে মাত্র একবার গোসলের সুযোগ মেলে। খারাপ আবহাওয়ায় নৌকা আসতে না পারলে টানা দুই সপ্তাহও গোসল ছাড়া থাকতে হতে পারে।
বিদ্যুতের একমাত্র উৎস সৌর প্যানেল। তাই হেয়ার ড্রায়ার কিংবা মাইক্রোওয়েভ ওভেনের মতো বেশি বিদ্যুৎ খরচ হয়, এমন যন্ত্র ব্যবহার করা যায় না। নেই সাধারণ মোবাইল নেটওয়ার্কও। যোগাযোগের জন্য নির্ভর করতে হয় সীমিত গতির স্যাটেলাইট ইন্টারনেট অথবা সেখানে নোঙর করা বড় জাহাজের ওয়াই-ফাইয়ের ওপর।
শৌচাগারের ব্যবস্থাও বেশ সাধারণ। রয়েছে বহনযোগ্য টয়লেট, যা প্রতিদিন নিজেদেরই পরিষ্কার করতে হয়। ঘুমাতে হয় বাঙ্ক বেডে। থাকার ঘরের তাপমাত্রা সাধারণত ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। বাইরে তাপমাত্রা কখনো হিমাঙ্কের ৫ ডিগ্রি নিচে, আবার কখনো ৫ ডিগ্রি ওপরে ওঠানামা করে।
এই চাকরিতে আবেদনের জন্য বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। তবে, সর্বোচ্চ বয়সসীমা নেই। বিজ্ঞান বিষয়ে পড়াশোনার বাধ্যবাধকতাও নেই। কিন্তু শারীরিক সক্ষমতা ভালো থাকা জরুরি। কারণ, প্রতিদিনের কাজের মধ্যে রয়েছে বরফ পরিষ্কার করা, পিচ্ছিল পাথুরে জায়গায় নৌকা থেকে মালপত্র নামানো এবং ১৫ কেজি ওজনের বাক্স বহন করা। এ ছাড়া, দ্বীপটিতে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ।
সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো, আবেদনকারীকে যুক্তরাজ্যে বসবাস ও কাজ করার বৈধ অনুমতি থাকতে হবে। আগামী বছরের শুরুর দিকে ইউকেএএইচটির ওয়েবসাইটে নতুন নিয়োগের আবেদন শুরু হওয়ার কথা।
যাদের পক্ষে অ্যান্টার্কটিয়ায় গিয়ে কাজ করা সম্ভব নয়, তাদের জন্যও রয়েছে পেঙ্গুইন সংরক্ষণে অংশ নেওয়ার সুযোগ। ইউকেএএইচটির উদ্যোগে ঘরে বসেই একটি জেন্টু পেঙ্গুইন দত্তক নেওয়া যায়। এই প্যাকেজে রয়েছে এক বছরের জন্য পেঙ্গুইন দত্তক নেওয়ার সুযোগ, অ্যান্টার্কটিকা থেকে পাঠানো একটি পোস্টকার্ড, পেঙ্গুইনের খেলনা, তথ্যসমৃদ্ধ বুকলেট, স্বাগত উপহার এবং দত্তক নেওয়ার সনদ। পাশাপাশি পোর্ট লকরয়ের পেঙ্গুইনদের নিয়মিত খবরাখবরও পাওয়া যায়।
এই উদ্যোগ থেকে পাওয়া অর্থ পেঙ্গুইনদের দেখভাল ও সংরক্ষণে ব্যয় করা হয়। গ্রীষ্মকালে সেখানে বন্য প্রাণী গবেষক পাঠানোর খরচও এই তহবিল থেকে দেওয়া হয়। পেঙ্গুইনদের নিয়ে গবেষণার তথ্য পোর্ট লকরয় ডেটা পোর্টালে সবার জন্য উন্মুক্ত রাখা হয়।
সূত্র : ফোবস নেচার ও গ্রাউন্ড নিউজ
সময়ের আলো/মহু